সেমিফাইনালে নামার আগে নিউজিল্যান্ডকে এগিয়ে রাখলেন ইয়ন মর্গ্যান
রয়ের অনুপস্থিতিতে কে হবেন বাটলারের ওপেনিং সঙ্গী, ধন্দে ইংল্যান্ড শিবির
আপডেট করা - Nov 10, 2021 1:06 pm

বুধবার টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে নামার আগে নিউজিল্যান্ডকেই ফেভারিট বলে মানছেন ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মর্গ্যান। তাঁর দাবি, নিউজিল্যান্ড ব্যক্তিবিশেষের উপর নির্ভর না করে এককাট্টা হয়ে খেলে। দলগতভাবে লড়াই করা কিউয়িরা তাই তাদের থেকে এগিয়ে থেকেই সেমিফাইনাল শুরু করবে।
প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ধাক্কা খাওয়ার পর নিজেদের সামলে নিয়ে পরপর চারটি ম্যাচ জিতে বেশ দাপটের সঙ্গেই সেমিফাইনালে উঠেছে নিউজিল্যান্ড। নির্দিষ্ট কোনো ক্রিকেটারের পারফর্ম্যান্সের ভরসায় থাকছে না দলটি। বরঞ্চ যখন যেমন পরিস্থিতি সেই পরিস্থিতির প্রয়োজন অনুযায়ী এক-একজন আলাদা আলাদা সময়ে জ্বলে উঠছেন। এই বিষয়টির দিকেই দৃষ্টিপাত ইয়ন মর্গ্যানের।
ম্যাচের আগে মর্গ্যান বলেছেন, “আমি আমাদের শক্তিশালী বা ফেভারিট বলতে চাই না। নিউজিল্যান্ডের পূর্ণ শক্তির দল আছে। টুর্নামেন্ট জুড়ে চোট আমাদের ভুগিয়েছে। আমরা সত্যিই ভালো ক্রিকেট খেলছি। তবে নিউজিল্যান্ডকে হারাতে হলে সেরা ক্রিকেট খেলতে হবে আমাদের।”
তিনি আরও বলেন, “দলগতভাবে লড়াই করা সম্ভবত তাদের সবচেয়ে শক্তিশালী জায়গাগুলোর একটি। তারা মাঠে নেমে একসঙ্গে পারফর্ম করে। তারা কখনই এক বা দুজনের ওপর নির্ভর করে না। সবসময় সম্মিলিত প্রচেষ্টায় নিজেদের সেরা খেলাটা তুলে ধরে।”
এবারের আসরে চোটের কারণে ইংল্যান্ড অনেককেই বিশ্বকাপে আনতে পারেনি। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন জোফ্রা আর্চার, স্যাম কারান। তার সাথে সাথে মানসিক অবসাদের কারণে ক্রিকেট থেকে বিরতি নেওয়ায় আসেননি অলরাউন্ডার বেন স্টোকস।
ফাইনালে কোনোভাবে উঠলে সেটা দারুণ এক কৃতিত্ব হবে – ইয়ন মর্গ্যান
অভিযান চলাকালীনও চোটের কবলে পড়ে দল। কয়েকদিন আগেই আসর থেকে ছিটকে যান দলের অন্যতম সেরা পেসার টাইমাল মিলস। চোটের কারণে ছিটকে গেছেন ওপেনার জেসন রয়ও। এমন পরিস্থিতিতে দল ফাইনালে যেতে পারলে তা অসাধারণ কৃতিত্বের কাজ হবে, সরল স্বীকারোক্তি মর্গ্যানের।
তিনি বলেন, “আমরা যদি ফাইনাল খেলতে পারি সেটা অবশ্যই দারুণ হবে। জানি আমরা ট্রফি জেতার খুব কাছে। ফাইনালে গিয়েও হারতে পারি আমরা। তবে ফাইনালে কোনোভাবে উঠলে সেটা দারুণ এক কৃতিত্ব হবে।”
নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে জস বাটলারের ওপেনিং পার্টনার বাছার ব্যাপারে বড় সিদ্ধান্ত নিতে হবে ইংল্যান্ডকে। জেমস ভিন্স প্রকৃতিগভাবে একজন টপ অর্ডার ব্যাটার এবং যদি তারা বাকি ব্যাটিং লাইন আপ বদলাতে না চায় তাহলে তাঁকে ওপেনিংয়েই খেলানো যেতে পারে। আরেকটি বিকল্প হল জনি বেয়ারস্টো বা লিয়াম লিভিংস্টোনকে উপরে নিয়ে যাওয়া এবং মিডল অর্ডারে স্যাম বিলিংসকে অন্তর্ভুক্ত করা।