টি-২০ বিশ্বকাপ ২০২১ঃ ব্রাভোর নতুন গান ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স’-এ নাচলেন গেইল, নারায়ণ, পোলার্ডরাও
উৎসর্গ করলেন ২০১৬ টি-২০ বিশ্বকাপ জয়কে
আপডেট করা - Oct 21, 2021 9:04 pm

বর্ষীয়ান ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার ডোয়েন ব্রাভো তাঁর নতুন সাউন্ডট্র্যাক ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স’ প্রকাশ করতে চলেছেন খুব শীঘ্রই। বুধবার ইনস্টাগ্রামে খবরটি জানিয়ে আসন্ন মিউজিক ভিডিওটির একটি টিজার শেয়ার করেন। ২৫ সেকেন্ডের সেই ভিডিওতে ওয়েস্ট ইন্ডিজের বেশ কিছু ক্রিকেটার, যেমন ক্রিস গেইল, কায়রন পোলার্ড, সুনীল নারায়ণকে ব্রাভোর সাথেই পা দোলাতে দেখা গেছে।
ব্রাভোর বিশ্ববিখ্যাত ‘চ্যাম্পিয়ন’ গানের মতোই এই গানেও ক্যারিবীয় ছন্দের ছোঁয়া। গানটি তিনি ভারতে অনুষ্ঠিত ২০১৬ টি-২০ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের জয়ের প্রতি উৎসর্গ করেছেন। সেই সংস্করণে ওয়েস্ট ইন্ডিজ অনবদ্য পারফর্ম করে দ্বিতীয়বারের জন্য ট্রফিটি তুলে নেয়। ফাইনালে কলকাতার ইডেন গার্ডেন্সে তারা ইংল্যান্ডকে হারিয়েছিল।
সদ্যসমাপ্ত ২০২১ আইপিএলে ব্রাভো দুরন্ত ফর্মে ছিলেন। এই বয়সেও ডেথ ওভারে অধিনায়ক ধোনিকে ভরসা জুগিয়ে গেছেন। চেন্নাই সুপার কিংসের চতুর্থ শিরোপা জয়ের পিছনে তাঁর অবদান অনস্বীকার্য। ১১ ম্যাচ খেলে তিনি ৭.৮১ ইকোনমি রেটে মোট ১৪টি উইকেট নিয়েছিলেন।
২০১৬ টি-২০ বিশ্বকাপের সময় তাঁর ‘চ্যাম্পিয়ন’ গান দিয়ে মিউজিকের জগতে প্রবেশ। সেই গান তাঁকে গায়ক হিসেবেও রাতারাতি তারকা করে তোলে। তিনি স্বীকার করেছেন ভারতীয়দের কাছ থেকে তিনি অভাবনীয় ভালোবাসা ও সমর্থন পেয়েছেন। তিনি এও জানাতে ভোলেননি তাঁর অধিকাংশ গান অন্যান্য দেশে পরিচিতি পাওয়ার আগে ভারতে জনপ্রিয় হয়েছে।
হিন্দুস্তান টাইমসকে দেওয়া একটি সাক্ষাতকারে সম্প্রতি তিনি বলেন, “আমার বেশির ভাগ গান ভারতে প্রথমে এক মিলিয়নের উপরে ভিউ পেয়েছে। সেটা ‘চ্যাম্পিয়ন’ হোক, কি ‘জ্যাগার বম্ব’ হোক, কি ‘এমএস ধোনি’।”
তিনি যখন তাঁর ক্যারিবীয় সঙ্গী-সাথীদের ভারতীয় সংস্কৃতির সাথে পরিচয় করান সেই সময়ের স্মৃতিও ভাগ করে নিয়ে তারকা অলরাউন্ডার বলেছিলেন, “যে দেশ আমাকে এতো ভালোবাসা দিয়েছে সেই দেশের বৈচিত্র্য আমার সঙ্গীদের উপভোগ করতে দেখে আমি খুবই আনন্দিত হয়েছিলাম।”
দিন কয়েক আগে আইপিএল চলাকালীনই তিনি বলেছিলেন, “‘চ্যাম্পিয়ন’ গানের মতো আমি আরো একটা গান এই বিশ্বকাপ শুরু হওয়ার ঠিক আগেই প্রকাশ করতে চলেছি। গানটা হবে বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের অফিশিয়াল গান। জ্যাসি গিলের সাথে আরো একটি গান প্রকাশ হবে। দুবাইতেই সেই গানের ভিডিওর জন্য শুটিং হচ্ছে।”
এখন আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। তারপরেই সমগ্র ক্রিকেট দুনিয়া ও সঙ্গীতপ্রেমীরা ব্রাভোর ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স’-এর তালে তালে পা নাচাবেন।