টি টোয়েন্টি ক্রিকেটে অধিনায়ক হিসাবে ৬০০০ রানের নতুন নজির ধোনির
আপডেট করা - May 8, 2022 10:42 pm

মাত্র চার রান দূরে দাঁড়িয়ে ছিলেন তিনি। বিরাট কোহলির পর টি টোয়েনেটি ক্রিকেটে দ্বিতীয় অধিনায়ক হিসাবে ছয় হাজার রানের মালিক হলেন মহেন্দ্র সিং ধোনি। রবিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধেই নতুন মুকুট মাথায় তুললেন মহেন্দ্র সিং ধোনি। আর তাতেই আপ্লুত অসংখ্য ধোনি ভক্ত। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ব্যাট হাতে দুর্ধর্ষ পারফরম্যান্সও দেখালেন তিনি। এদিনও ৮ বলে ২১ রানের ইনিংস খেললেন ক্যাপ্টেন কুল। ফের ধোনির হাতের সেই লম্বা শট দেখে সকলেই আপ্লুত।
এবারের আইপিএলের শুরুতেই সকলকে চমকে দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। হঠাত্ই আইপিএল শুরু হওয়ার আগে চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন তিনি। রবীন্দ্র জাদেজার ওপর নেতৃত্বের সেই দায়িত্ব তুলে দিয়েছিলেন ক্যাপ্টেন কুল। কিন্তু রবীন্দ্র জাদেজা অধিনায়ক হিসাবে একেবারেই সফল ছিলেন না। তাঁর নেতৃত্বে পরপর হারেই কার্যত আইপিএল থেকে ছিটকে গিয়েছে চেন্নাই সুপার কিংস। এরইমাঝে মহেন্দ্র সিং ধোনিকে ফের দেখা যায় সেই ফিনিশারের ভূমিকায়।
অধিনায়ক হিসাবে টি টোয়েন্টিতে ৬০০০ রানের তালিকায় এক নম্বরে রয়েছেন বিরাট কোহলি
তার কয়েকদিন পরেই চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্বের দায়িত্ব ছেড়ে দেন রবীন্দ্র জাদেজা। ফের ধোনির হাতে তুলে দেন চেন্নাই সুপার কিংসের নেতৃত্বের ব্যাটন। অধিনায়ক হয়ে ফেরার পরই সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে চেন্নাই সুপার কিংসের আইপিএলের প্লে অফে যাওয়ার আশটা বাঁচিয়ে রেখেছিলেন মহেন্দ্র সিং ধোনি। যদিও শেষরক্ষা হয় নি। তার পরের ম্যাচে হেরেই চেন্নাইয়ের এবারের মতো আশা শেষ হয়ে গিয়েছিল।
কয়েকদিন আগেই চেন্নাই সুপার কিংসের একমাত্র ক্রিকেটার হিসাবে আইপিএলে ২০০টি ম্যাচ খেলার রেকর্ড গড়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। এরপর তাঁর সামনে ছিল আরেকটি নজিরের হাতছানি। রবিবার যখন দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ধোনি টস করতে নামেন তখন তাঁর সামনে ছিল বিরাট কোহলির পর দ্বিতীয় অধিনায়ক হিসাবে টি টোয়েন্টিতে ৬০০০ রান করার হাতছানি। টস জিতে এদিন প্রথমে ব্যাটিংও নেন তিনি।
ওপেনিংয়ে নেমে শুরু থেকেই দুর্ধর্ষ ব্যাটিং পারফরম্যান্স প্রদর্শন করেছেন এদিন ডেভন কনওয়ে। এদিন ধোনি যখন মাঠে আসেন তাদের ইনিংস তখন প্রায় শেষের দিকে। সেই সময়ই ফের একবার সকলে ক্যাপ্টেন কুলের দুর্ধর্ষ পারফরম্যান্স দেখল। একইসঙ্গে টি টোয়েন্টি ক্রিকেটে দ্বিতীয় অধিনায়ক হিসাবে ৬০০০ রানের মালিকও হলেন তিনি। এদিন দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৮ বলে ২১ রানের ঝোরো ইনিংস খেলেন মহেন্দ্র সিং ধোনি। তাঁর গোটা ইনিংসটিতে রয়েছে ২টি ওভার বাউন্ডারি এবং একটি বাউন্ডারি। তাঁর হাত ধরেই চেন্নাইয়ের রান ফের একবার দুশো রানের গন্ডী টপকে যায় এদিন।