দিল্লি ক্যাপিটালস অক্ষর প্যাটেলকে ব্যাটিংয়ের ক্ষেত্রে আরো দায়িত্ব দেওয়ার ব্যাপারে চিন্তাভাবনা করছে বলে জানালেন প্রবীণ আমরে
আপডেট করা - Apr 11, 2023 4:37 pm

১১ই এপ্রিল, মঙ্গলবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এর ১৬ তম ম্যাচে অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালস (ডিসি) এবং মুম্বাই ইন্ডিয়ান্স (এমআই) একে অপরের মুখোমুখি হবে। আইপিএলের ১৬ তম সংস্করণে ৩টি ম্যাচ খেলার পরেও জয়ের মুখ দেখতে পারেনি ডেভিড ওয়ার্নারের নেতৃত্বাধীন দল। অন্যদিকে একই অবস্থা তাদের চতুর্থ ম্যাচের প্রতিপক্ষ মুম্বাই ইন্ডিয়ান্সেরও। ডিসির অভিজ্ঞ অলরাউন্ডার অক্ষর প্যাটেল গত মরসুমের শিরোপা জয়ী দল গুজরাট টাইটান্সের (জিটি) বিরুদ্ধে ২২ বলে ৩৬ রানের একটি সুন্দর ইনিংস খেলেছিলেন। তবে বাকি দুটি ম্যাচে তিনি বেশি রান করতে পারেননি।
দিল্লি ক্যাপিটালসের সহকারী কোচ প্রবীণ আমরে বলেছেন যে অক্ষর প্যাটেলকে নিয়ে তাদের একটি পরিকল্পনা রয়েছে। এছাড়াও ভারতের হয়ে অক্ষরের দুর্দান্ত পারফরম্যান্সের কথাও উল্লেখ করেছেন তিনি।
ম্যাচের আগে সংবাদ সম্মেলনে প্রবীণ আমরে বলেন, “অক্ষরকে নিয়ে আমাদের একটি ভালো পরিকল্পনা রয়েছে। তিনি পাঁচ বছর ধরে আমাদের সাথে আছেন। ভারতের হয়ে তিনি যেভাবে ব্যাটিং করেছেন তা অসাধারণ ছিল। তিনি একজন প্রার্থী (যাকে নিয়ে বিবেচনা করা হচ্ছে), বিশেষ করে যেহেতু তিনি একজন বাঁ-হাতি। আমরা তাকে কিভাবে সর্বোত্তমভাবে ব্যবহার করতে পারব সে ব্যাপারে আমরা চিন্তাভাবনা করছি।”
পৃথ্বী শ’র খারাপ ফর্মের ব্যাপারে মুখ খুললেন প্রবীণ আমরে
আইপিএল ২০২৩-এ এখনও পর্যন্ত কোনো নজরকাড়া ইনিংস খেলতে পারেননি দিল্লি ক্যাপিটালসের প্রতিভাবান ওপেনার পৃথ্বী শ। তিনি নিজেদের প্ৰথম ম্যাচে কেএল রাহুলের নেতৃত্বাধীন দল লখনউ সুপার জায়ান্টাসের (এলএসজি) বিরুদ্ধে ৯ বলে ১২ রান, দ্বিতীয় ম্যাচে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন দল গুজরাট টাইটান্সের (জিটি) বিরুদ্ধে ৫ বলে ৭ রান এবং তৃতীয় ম্যাচে সঞ্জু স্যামসনের নেতৃত্বাধীন দল রাজস্থান রয়্যালসের (আরআর) বিরুদ্ধে ০ রান করেছেন। তার ফর্মে না থাকাটা ডিসির জন্য খুবই চিন্তার বিষয়।
প্রবীণ আমরে বলেছেন যে পৃথ্বী শ তাদের প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারছেন না। তিনি জানিয়েছেন যে তারা আশাবাদী যে পরবর্তী ম্যাচে ডিসির ডানহাতি ওপেনার ভালো খেলবেন।
প্রবীণ আমরে বলেন, “পৃথ্বী একজন দক্ষ ব্যাটার। কিন্তু হ্যাঁ, সে আমাদের প্রত্যাশা অনুযায়ী খেলতে পারছে না। আমরা আশাবাদী যে আগামী ম্যাচে ভালো খেলবে। আমরা সবাই জানি যে তার সামর্থ্য আছে। তিনি যত তাড়াতাড়ি ফর্মে ফিরবেন আমাদের জন্য ততই ভালো।”