ইউপি ওয়্যারিয়র্জ সহ-অধিনায়ক হিসেবে বাছাই করল দীপ্তি শর্মাকে
এর আগে অ্যালিসা হিলি দলের অধিনায়ক নিযুক্ত হয়েছিলেন
আপডেট করা - Feb 25, 2023 6:54 pm

ক্যাপ্রি গ্লোবাল হোল্ডিংস প্রাইভেট লিমিটেডের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি ইউপি ওয়্যারিয়র্জ ভারতীয় অলরাউন্ডার দীপ্তি শর্মাকে আসন্ন মহিলাদের প্রিমিয়ার লিগের উদ্বোধনী সংস্করণের জন্য সহ-অধিনায়ক নিয়োজিত করেছে। আগ্রার বাসিন্দা দীপ্তির জন্য নিলামে বেশ কিছু দল আগ্রহী ছিল এবং লখনউ-ভিত্তিক ফ্র্যাঞ্চাইজি তাঁকে ২.৬০ কোটি টাকায় কিনেছিল।
২৫ বছর বয়সী খেলোয়াড় ভারতীয় মহিলা দলের একটি গুরুত্বপূর্ণ অংশ। তিনি দেশের অল্প কয়েকজন খেলোয়াড়ের মধ্যে একজন যাঁরা ভারতের বাইরে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে অংশ নিয়েছেন। ২০২৩ মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাঁচটি ম্যাচে ৬ উইকেট লাভ করা দীপ্তির প্রচুর অভিজ্ঞতা এবং সেই কারণে দলের নেতৃত্বের গ্রুপে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন।
একজন দুর্দান্ত স্পিনার হওয়ার পাশাপাশি নির্ভরযোগ্য ব্যাটার দীপ্তি বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগে ওয়েস্টার্ন স্টর্ম (সুপার লিগ), সিডনি থান্ডার (ডাব্লিউবিবিএল), বার্মিংহ্যামম ফিনিক্স ও লন্ডন স্পিরিট (দ্য হান্ড্রেড)-এর অংশ ছিলেন। বিদেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে দীপ্তি ৩০ ম্যাচ খেলে ৩২ উইকেট নিয়েছেন, এবং ৩৯৪ রান করেছেন। ভারতে আয়োজিত মহিলাদের টি-টোয়েন্টি চ্যালেঞ্জে তিনি ট্রেলব্লেজার্স ও ভেলোসিটির হয়েও খেলেছেন।
আশা করি ডাব্লিউপিএলে আমাদের পারফর্ম্যান্স উত্তর প্রদেশের তরুণ মহিলা ক্রীড়াবিদদের জন্য অনুপ্রেরণার উৎস হবে: দীপ্তি শর্মা
টি-টোয়েন্টি আন্তর্জাতিকে ৯২ ম্যাচে ১০২ উইকেট নিয়ে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী তিনি। এ ছাড়া ব্যাট হাতে এক হাজারের কাছাকাছি রান রয়েছে তাঁর। ২০১৬-তে টি-টোয়েন্টিতে আত্মপ্রকাশ করা দীপ্তি ভারতীয় মহিলা দলের সিনিয়র সদস্যদের একজন।
“উত্তর প্রদেশের একজন হিসাবে, আমি ইউপি ওয়্যারিয়র্জ দলের অংশ হতে পেরেই কেবল খুশি নই, দলের সহ-অধিনায়ক মনোনীত হয়েও আনন্দিত হয়েছি। আশা করি অধিনায়ক অ্যালিসা হিলি ও অন্যান্য সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে আমরা দলকে ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারব এবং কিছু দুর্দান্ত ক্রিকেট খেলতে পারব। আমরা আশা করি ডাব্লিউপিএলে আমাদের পারফর্ম্যান্স উত্তর প্রদেশের তরুণ মহিলা ক্রীড়াবিদদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে এবং আমরা টুর্নামেন্ট শুরুর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি,” দায়িত্ব পএয়ে দীপ্তি বলেছেন।
“দীপ্তি শর্মা অন্যতম প্রতিভাবান ভারতীয় ক্রিকেটার এবং আমরা আত্মবিশ্বাসী যে তার নেতৃত্বের গুণাবলী উজ্জ্বল হবে এবং তিনি একটি বড় প্রভাব ফেলতে সক্ষম হবেন। উত্তর প্রদেশের পুরো রাজ্য তাদের প্রিয় কন্যাকে দেখছে, এবং আমরা তাকে ইউপি ওয়্যারিয়র্জের সহ-অধিনায়ক হিসাবে তার নতুন ভূমিকায় সফল হতে দেখতে আগ্রহী,” বলেছেন ক্যাপ্রি গ্লোবাল হোল্ডিংস প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর রাজেশ শর্মা।
ইংল্যান্ডের জন লিউইসের প্রশিক্ষণাধীন ইউপি ওয়্যারিয়র্জ দলের সহকারী কোচ হিসেবে নিয়োগ করেছে অঞ্জু জৈনকে। প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার অ্যাশলে নফকি বোলিং কোচের দায়িত্ব সামলাচ্ছেন এবং চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন লিসা স্থালেকার দলের মেন্টর।