জার্সি প্রকাশ করল গুজরাত জায়ান্টস

ফ্র্যাঞ্চাইজির টুইটার হ্যান্ডেলে একটি ভিডিওর মাধ্যমে উন্মোচিত হল জার্সি

Gujarat Giants jersey
Gujarat Giants jersey. (Photo Source: Twitter/GujaratGiants)

মহিলাদের প্রিমিয়ার লিগের উদ্বোধনী সংস্করণের প্রস্তুতি পুরোদমে চলছে। নিলামে দল গঠনের পরে দলগুলি তাদের তৎপরতা বাড়িয়েছে এবং ভারতের প্রথম পূর্ণাঙ্গ ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি প্রতিযোগিতার জন্য তাদের জার্সি উন্মোচন করা শুরু করেছে। ২৬শে ফেব্রুয়ারি গুজরাত জায়ান্টস তাদের পোশাক উন্মোচন করেছে।

জায়ান্টস তাদের অফিশিয়াল টুইটার হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেছে যেখানে তাদের জার্সির ডিজাইন দেখা যাচ্ছে। “আপনাদের সামন্র উপস্থাপন করছি, উদ্বোধনী @wplt20 মরসুমের জন্য আমাদের জার্সি। গৌরবময় জার্সিটি আমাদের সিংহীদের আবেগ এবং উদ্দীপনাকে চিত্রিত করে যারা প্রথম মরসুমে তাদের সবকিছু দিতে প্রস্তুত!” টুইটে লেখা হয়েছে।

জার্সিটি কমলা রঙের এবং ডানদিকে একটি সিংহী অঙ্কিত, যা খেলোয়াড়দের আবেগ এবং উদ্দীপনাকে চিত্রিত করে। অন্য আকর্ষণীয় বিষয়টি হল অস্ট্রেলিয়ান অলরাউন্ডার অ্যাশলে গার্ডনারের নাম পিছনের দিকে উল্লিখিত ছিল, যা একটি সম্ভাব্য ইঙ্গিত হতে পারে যে গার্ডনার উদ্বোধনী মরসুমে জায়ান্টসের নেতৃত্ব দেবেন। জায়ান্টস ২৫শে ফেব্রুয়ারি উদ্বোধনী ডাব্লিউপিএল মরসুমের জন্য তাদের প্রস্তুতি শুরু করেছিল, যখন স্কোয়াডের সদস্যরা প্রথমবারের জন্য একত্রিত হয়ে প্র্যাকটিস করেছিল।

গুজরাত জায়ান্টস অভিযান শুরু করবে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে

ডাব্লুপিএলের প্রথম মরসুম ৪ঠা মার্চ থেকে শুরু হবে গুজরাত জায়ান্টস ও মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচ দিয়ে। ডক্টর ডিওয়াই পাটিল স্টেডিয়ামে দুই দল একে অপরের মুখোমুখি হবে। গতকাল মুম্বাই তাদের জার্সি প্রকাশ করেছিল।

উদ্বোধনী মরসুমে পাঁচটি ফ্র্যাঞ্চাইজি লিগ পর্বে একে অপরের বিরুদ্ধে দুবার লড়াই করবে এবং দুটি ভেন্যুতে মোট ২২টি ম্যাচ খেলা হবে। কেন্দ্র হিসেবে বাছা হয়েছে ব্র্যাবোর্ন স্টেডিয়াম ও ডিওয়াই পাটিল স্টেডিয়ামকে। পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দল সরাসরি ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে, যেখানে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে থাকা দলগুলি এলিমিনেটরে মুখোমুখি হবে। এলিমিনেটরের বিজয়ী হবে দ্বিতীয় ফাইনালিস্ট।

গুজরাট জায়ান্টস স্কোয়াড: অ্যাশলে গার্ডনার, স্নেহ রানা, বেথ মুনি, জর্জিয়া ওয়্যারহ্যাম, অ্যানাবেল সাদারল্যান্ড, সোফিয়া ডাঙ্কলে, ডিয়্যান্ড্রা ডটিন, হার্লি গালা, সুষমা ভার্মা, তনুজা কানওয়ার, হারলিন দেওল, অশ্বনী কুমারী, সাব্বিনেনি মেঘনা, মানসী জোশি, মোনিকা প্যাটেল, পারুনিকা সিসোদিয়া, শবনম শাকিল।

close whatsapp