১০ রানের জন্য ডাবল সেঞ্চুরি ফস্কালেও বিচলিত নন ড্যারিল মিচেল

তিনি বলেছেন দলের প্রয়োজনে সেঞ্চুরি করতে পেরেই সন্তুষ্ট

Daryl Mitchell
Daryl Mitchell. (Photo by Stu Forster/Getty Images)

শনিবার নটিংহামে চলমান দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে ইংল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের অলরাউন্ডার ড্যারিল মিচেল ১৯০ রানের অসামান্য ইনিংস খেলেছেন। প্রথম টেস্টের শেষ ইনিংসে দুর্দান্ত সেঞ্চুরি করার পর নিজের ভালো ফর্ম অব্যাহত রাখেন তিনি। উইকেটকিপার-ব্যাটার টম ব্লান্ডেলও দ্বিতীয় দিনে সেঞ্চুরি করেন। এরপর অভিষেককারী মাইকেল ব্রেসওয়েল ৪৯ রান করে নিউজিল্যান্ডকে ৫৫৩ রানের বিশাল স্কোর তুলতে সাহায্য করেন।

এদিকে, মাত্র তিন রানে মিচেলের ক্যাচ মিস হয় এবং প্রথম দিনের শেষে ৮১ রানে অপরাজিত থাকেন। দ্বিতীয় দিনের প্রথম সেশনে তিনি তাঁর তৃতীয় টেস্ট সেঞ্চুরি করেন এবং ১০৪ রানে ব্যাটিং করার সময় আবারও তাঁর ক্যাচ পড়ে। এরপর তিনি আরও দায়িত্বশীলভাবে খেলেন এবং শেষ উইকেটে ট্রেন্ট বোল্টের সাথে ৩৩ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন। ম্যাথিউ পটসের বলে বেন ফোকসের হাতে ক্যাচ আউট হওয়ার আগে ১৯০ রানের ঝকঝকে ইনিংসের মালিক হন তিনি। এদিকে, ৩১ বছর বয়সী তাঁর প্রথম ডাবল সেঞ্চুরিতে পৌঁছতে না পারার বিষয়ে বিশেষ বিচলিত হননি এবং দলের সাফল্যে আরও অবদান রাখার বিষয়ে কথা বলেছেন।

“সত্যি বলতে, ব্যক্তিগতভাবে ডাবল সেঞ্চুরি মানে খুব বিশাল কিছু নয়, আমাদের টেস্ট ম্যাচ জিততে সাহায্য করতে পারে এমন স্কোরে অবদান রাখাটা খুবই ভালো ছিল। সেঞ্চুরির উপরে যে কোন কিছুই খুব ভাল, তাই আমি দলের জন্য একটি ভালো অবদান রাখার চেষ্টা করছিলাম, এবং সেখানে (ট্রেন্ট) বোল্টির সাথে শেষ পর্যন্ত ব্যাটিং করা সবসময়ই বেশ মজার, সে সবসময় কিছুটা বিনোদন দেয়,” মিচেল দ্বিতীয় দিনের খেলা শেষে বলেছেন।

বোল্টের রেকর্ড সম্পর্কে বলেছেন ড্যারিল মিচেল

বোল্ট এগারো নম্বরে মিচেলের সঙ্গী হিসেবে দ্বিতীয় দিনে ব্যাটিং করার সময় একটি রেকর্ড স্পর্শ করেছেন। তিনি প্রথম টেস্ট ম্যাচে ১৮ রান করেন এবং নটিংহ্যাম টেস্টে চারটি বাউন্ডারির ​​সাহায্যে ১৮ বলে ১৬ রানের একটি অপরাজিত ইনিংস খেলেন। এই ১৬ রানের দ্বারা টেস্ট ক্রিকেটে ১১ নম্বরে ব্যাটিং করা ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশী রান করা মুত্তাইয়া মুরালিথারনের ৬২৩ রানের বিশ্ব রেকর্ডটি স্পর্শ করেন। মিচেল আইপিএল ২০২২-এ রাজস্থান রয়্যালসের হয়ে বোল্টের সঙ্গে খেলেছিলেন, এবং তিনি প্রকাশ করেছেন যে পেসার এই রেকর্ডটি করার ব্যাপারে আলোচনা করেছিলেন আইপিএল চলাকালীনই।

“আমি গত দুই মাস ট্রেন্টের সাথে আইপিএলে কাটিয়েছি এবং আমি মনে করি সে প্রতিদিন এটি উল্লেখ করেছে, যে সে রেকর্ডটি চায়। আমি মনে করি এটি একটি আশ্চর্যজনক অর্জন। হয়তো সে এখন ১০ নম্বরের রেকর্ডের জন্য এগোবে, কে জানে!” মিচেল বলেছেন।

close whatsapp