আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজির কোচ হওয়ার দৌড়ে এগিয়ে জাতীয় দলের বিদায়ী কোচ রবি শাস্ত্রী
মালিকগোষ্ঠী সিভিসি ক্যাপিটালসের নজরে ভরত অরুণ ও আর শ্রীধরও
আপডেট করা - Nov 6, 2021 8:23 pm

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজি সম্ভবত রবি শাস্ত্রী এবং তাঁর অধীনে থাকা ভারতীয় দলের অন্যান্য সাপোর্ট স্টাফ সদস্য – প্রধানত বোলিং কোচ ভরত অরুণ এবং ফিল্ডিং কোচ আর শ্রীধরকে – দলে নিয়োগ করতে পারে।
শোনা যাচ্ছে দুবাইতে ভারতীয় দলের বিদায়ী কোচের সঙ্গে আইপিএলে নতুন সংযোজিত আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজির প্রোমোটারেদের প্রাথমিক আলোচনা হয়েছে। সেই আলোচনার প্রেক্ষিতেই এই তথ্যটি উঠে এসেছে। এই মুহূর্তে দলের সঙ্গেই সর্বোতভাবে জড়িয়ে থাকা শাস্ত্রী বিশ্বকাপ অভিযানে ভারতীয় দলের উপরেই মনোনিবেশ করাকে অগ্রাধিকার দিচ্ছেন এবং কোন রকম বিভ্রান্তি বা বিতর্ক এড়ানোর জন্য ফ্র্যাঞ্চাইজিটির কাছ থেকে বিশ্বকাপ শেষ হওয়া পর্যন্ত সময় চেয়ে নিয়েছেন। তিনি বিশ্বকাপ শেষ হওয়ার পরেই সিদ্ধান্ত নেবেন সম্ভবত।
কোচিংয়ের দায়িত্ব পেলে শাস্ত্রী হয়তো এখনই ধারাভাষ্যকার হিসেবে ফিরবেন না
বিশ্বস্ত সূত্র থেকে ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজ প্রকাশ করেছে যে শাস্ত্রী একটি আইপিএল দলের সাথে কোচ হিসেবে যুক্ত হতে আগ্রহী। তার জন্য তিনি হয়তো আরো বেশ কিছু দিন ধারাভাষ্যের কাজ থেকে নিজেকে বিরত রাখবেন। শাস্ত্রী বর্তমানে কোচ হিসেবে সুনাম অর্জন করলেও ক্রিকেটার হিসেবে অবসর নেওয়ার পর ধারাভাষ্যকার হিসেবে বিপুল খ্যাতি অর্জন করেছিলেন। সাত বছর আগে কোচিং অ্যাসাইনমেন্ট নেওয়ার আগে ২০ বছরেরও বেশি সময় ধরে জনপ্রিয়তার সাথে তিনি ওই কাজের সঙ্গে জড়িত ছিলেন।
কোন আইপিএল টিমের সাথে তিনি যুক্ত হলে স্বার্থের সংঘাতের কড়া নিয়মের কারণে তিনি বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)-এর সাথে সরাসরি ধারাভাষ্য চুক্তি করতে পারবেন না। কিন্তু তিনি যদি সম্প্রচারকদের সঙ্গে সরাসরি চুক্তিবদ্ধ হন তাহলে তাঁর জন্য ধারাভাষ্যকার হিসেবে রাস্তা খোলা থাকবে। যেমন ভিভিএস লক্ষ্মণ আইপিএল ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দ্রাবাদের মেন্টর হিসাবে জড়িত থাকলেও ধারাভাষ্য করতে সক্ষম হন। জানা গেছে যে শাস্ত্রীর কাছে ইতিমধ্যেই বিশ্বের শীর্ষস্থানীয় কিছু সম্প্রচারকদের থেকে কয়েকটি অফার রয়েছে, যার মধ্যে রয়েছে স্টার স্পোর্টস এবং সনি স্পোর্টস।
এদিকে, আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজির মালিকগোষ্ঠী সিভিসি ক্যাপিটালস প্রথম থেকেই দলের একটি নিজস্ব সংস্কৃতি গড়ে তুলতে চায় বলে কোচ নির্বাচনের বিষয়টি তাড়াতাড়ি সম্পন্ন করতে আগ্রহী। একই সাথে, তারা খুব শীঘ্রই ফ্র্যাঞ্চাইজির জন্য একজন সিইও এবং একজন প্রশাসনিক ব্যবস্থাপক নিয়োগ করতে চাইছে।