দক্ষিণ আফ্রিকায় ভারতীয় পেসাররা নিয়মিত ২০ উইকেট নেবেন টেস্টে, আশাবাদী পূজারা
দক্ষিণ আফ্রিকায় গিয়ে এখনও একবারও টেস্ট সিরিজ জিতে আসতে পারেনি ভারত
আপডেট করা - Dec 19, 2021 10:52 am

ভারতের অন্যতম প্রধান টেস্ট ব্যাটার চেতেশ্বর পূজারা মনে করেন ভারতীয় পেসাররা প্রতি টেস্টে ২০ উইকেট নিতে সক্ষম। তার পাশাপাশি তিনি এও বললেন যে দক্ষিণ আফ্রিকায় তাদের প্রথম সিরিজ জয়ের দিকে তাকিয়ে আছে গোটা দল।
সাম্প্রতিক সময়ে বিরাট কোহলি ও তাঁর সতীর্থদের দীর্ঘতম ফরম্যাটে সাম্প্রতিক সাফল্যর কৃতিত্ব অনেকাংশে পেসারদের। ভারতীয় পেস বিভাগকে এই মুহূর্তে টেস্ট ফর্ম্যাটের সেরাদের মধ্যে বিবেচনা করা হয়।
“ফাস্ট বোলাররা আমাদের ২০ উইকেট দিতে পারবে”: চেতেশ্বর পূজারা
পূজারা বিশ্বাস করেন যে বিদেশী কন্ডিশনে ভারতের পেস আক্রমণের ক্রমবর্ধমান সাফল্যর দিকে তাকিয়ে তাঁরা দক্ষিণ আফ্রিকায় সিরিজ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাস পাচ্ছে। ২৯ বছর ধরে ভারত দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েও একবারের জন্যও টেস্ট সিরিজ জিতে আসতে পারেনি।
বিসিসিআইয়ের সাথে কথা বলতে গিয়ে চেতেশ্বর পূজারা বলেছেন, “আমরা যখন বিদেশে খেলেছি আমাদের ফাস্ট বোলাররা সামগ্রিকভাবে দুটি দলের মধ্যে পার্থক্য গড়ে দিয়েছে। আপনি যদি অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড সিরিজ দেখেন, বোলিং ইউনিট হিসাবে আমরা ব্যতিক্রমীভাবে ভালো করেছি।”
অভিজ্ঞ ব্যাটার যোগ করেছেন, “আমাদের ফাস্ট বোলাররা আমাদের শক্তি (দক্ষিণ আফ্রিকায়) এবং আমি আশা করি তারা কন্ডিশনকে কাজে লাগাতে পারবে এবং প্রতিটি টেস্ট ম্যাচে আমাদের ২০ উইকেট দিতে পারবে।”
২০১৯ সাল থেকে, জাসপ্রিত বুমরাহ এবং মহম্মদ শামি দুজনেই ৫৩টি টেস্ট উইকেট শিকার করেছেন এবং ইশান্ত শর্মা ৪৪টি উইকেট নিয়েছেন। ২০২০ সালের ডিসেম্বরে টেস্ট অভিষেক হওয়া মহম্মদ সিরাজ এখনও পর্যন্ত ১০টি ম্যাচে ৩৩টি উইকেট সংগ্রহ করেছেন।
আসন্ন তিন ম্যাচের টেস্ট সিরিজ ভারতের জন্য সিরিজ জয়ের সেরা সুযোগ হবে কারণ বেশিরভাগ সিনিয়র প্রোটিয়া ক্রিকেটার জুন থেকে প্রথম-শ্রেণীর ক্রিকেট খেলেননি। সেদিকে মনোনিবেশ না করে পূজারা বলেছেন যে তাঁরা দক্ষিণ আফ্রিকায় সিরিজ জেতার খরা কাটাতে তাঁদের নিজস্ব খেলা ও পরিকল্পনায় মনোনিবেশ করার উপরে জোর দিচ্ছেন।
“আমরা অন্য দলের চেয়ে এগিয়ে আছি কি না সেই নিয়ে আমরা খুব বেশি ভাবব না। আমরা আমাদের গেম-প্ল্যান এবং আমাদের প্রক্রিয়া এবং দক্ষিণ আফ্রিকায় সফল হওয়ার জন্য আমাদের যা করতে হবে সেসব করার চেষ্টা করব।”
সেঞ্চুরিয়নে বক্সিং ডে টেস্ট দিয়ে শুরু হচ্ছে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে তিন ম্যাচের টেস্ট সিরিজটি।