কৌশল বদলেই স্পিনারদের বিরুদ্ধে সাফল্য, ফাইনালে চাহালদের মোকাবিলায় প্রস্তুত ডেভিড মিলার

David Miller
David Miller. (Photo Source: IPL/BCCI)

আইপিএলের মঞ্চে এবার গুজরাত টাইটান্সের হয়ে দুর্ধর্ষ পারফরম্যান্স প্রদর্শন করেছেন ডেভিড মিলার। ইডেন গার্ডেন্সে কোয়ালিফায়ারের মঞ্চে গুজরাত টাইটান্সকে ফাইনালে পৌঁছনোর নায়কও ডেভিড মিলার। শেষ ওভারের তিনবলে পরপর তিনটে ছয় হাকিয়ে  রাজস্থান রয়্যালসের জয়ের আশা ভঙ্গ করে গুজরাত টাইটান্সকে প্রথম মরসুমেই ফাইনালে পৌঁছে দেন তিনি। তা দেখে সকলেই আপ্লুত। সেইসঙ্গে এবারের গোটা প্রতিযোগিতায় স্পিনারদের বিরুদ্ধেও ডেভিড মিলারের পারফরম্যান্স যথেষ্ট ভাল। ফাইনালে নামার তা নিয়েই মুখ খুললেন তিনি।

রবিবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ফাইনালে নামবে গুজরাত টাইটান্স। যে শিবিরে রয়েছেন যুজবেন্দ্র চাহাল এবং রবিচন্দ্রন অশ্বিনের মতো স্পিনাররা। যদিও ডেভি়ড মিলার কিন্তু তা নিয়ে খুব একটা চিন্তিত নন। এবারে স্পিনারদের বিরুদ্ধে যে সাফল্য তিনি পেয়েছেন, তা নিয়েই ফাইনালের আগে মুখ খুললেন ডেভিড মিলার। তাঁর মতে স্পিনারদের বিরুদ্ধে খেলার জন্য মানসিকতার পরিবর্তন এবং  নেটে কঠোর প্রস্তুতির জন্যই এবারের আইপিএলে সাফল্যের সঙ্গে এগিয়ে চলেছেন মিলার। সেইসঙ্গে স্পিনারদের বিরুদ্ধে খেলার কৌশলও বদলেছেন।

সরাসরি না বললেও, ফাইনালে প্রতিপক্ষ শিবিরে থাকা চাহাল ও রবিচন্দ্রন অশ্বিনকে যে ভয় পাচ্ছেন না ডেভিড মিলার তা বেশ স্পষ্ট। এবারের আইপিএলে এখনও পর্যন্ত গুজরাত টাইটান্সের হয়ে সর্বোচ্চ রানের শিরোপা রয়েছে হার্দিক পান্ডিয়ার মাথায়। তাঁর পরই দ্বিতীয় স্থানে রয়েছেন ডেভিড মিলার। প্রতিযোগিতায় নামার আগে কঠোর পরিশ্রমের ফলই পাচ্ছেন তিনি।

চলতি আইপিএলে ১৫ ম্যাচে ৪৪৯ রান রয়েছে ডেভিড মিলারের

ফাইনালের মঞ্চে নামার আগে সেই স্পিনারদের বিরুদ্ধে খেলার কৌশল বদলের প্রসঙ্গেই মুখ খুললেন ডেভিড মিলার। তিনি জানিয়েছেন, “স্পিনের বিরুদ্ধে এই মরসুমটা আমার ভালভাবেই যাচ্ছে। এই বিষয়ের ওপরই আমি সবচেয়ে বেশী জোর দিয়েছিলাম এবার।  যদিও আমি কখনোই ভাবিনি যে আমি স্পিনারদের বিরুদ্ধে সমস্যায় পড়ছি, কিন্তু এই জায়গায় আরও শক্তিশালী হতে চেয়েছিলাম। স্পিনারদের বিরুদ্ধে খেলার জন্য নিজের মানসিকতা ও কৌশল বদলেছিলাম।  সেইসঙ্গে আরও একটা দুটো জায়গায় উন্নতি করার চেষ্টা করেছি। তাতেই সাফল্য পেয়েছি”।

গুজরাতের বিরুদ্ধে আইপিএলের বেশীরভাগ ম্যাচেই ঝোরো ইনিংস খেলতে দেখা গিয়েছে ডেভিড মিলারকে। এবারের আইপিএলে পাঁচ নম্বর পজিশনে ব্যাটিং করতে নেমেছেন তিনি। সেই জায়গা থেকে নিজের মতোই পারফরম্যান্স করে গিয়েছেন ডেভিড মিলার। আর শেষম্যাচে কোয়ালিফায়ার পর্বে তো তাঁর ঝড়েই উড়ে গিয়েছিল রাজস্থান রয়্যালস বোলাররা।

শেষ ওভারে ১৬ রান প্রয়োজন থাকলেও, তিন বল বাকি থাকতেই সেই ম্যাচ জিতিয়ে দিয়েছিলেন ডেভিড মিলার। পেসার তো বটেই, স্পিনারদের বিরুদ্ধেও তিনি যে কিলার-মিলার হয়ে উঠতে পারেন সে ব্যপারে কোনও সন্দেহ নেই এখন। অর্থাত্ চাহাল এবং অশ্বিনের মোকাবিলা করতেও যে ডেভিড মিলার তৈরি রয়েছে তা এখন বেশ স্পষ্ট।

এবারের আইপিএলে ১৫ ম্যাচ খেলে ৪৪৯ রান রয়েছে ডেভিড মিলার। শতরান না পেলেও, এখনও পর্যন্ত চলতি আইপিএলে মিলারের সর্বোচ্চ রান ৯৪। সব মিলিয়ে ফাইনালের মঞ্চে নামার জন্য মুখিয়ে রয়েছেন তিনি।

close whatsapp