“সেরা গাড়ী গ্যারাজে রেখে দিলে সেই গাড়ীটা থেকে লাভ কী?” – উমরানকে স্কোয়াডে না রাখায় প্রশ্ন তুললেন ব্রেট লি

লি মনে করেন উমরানের এক্সপ্রেস অস্ট্রেলিয়ার পিচে কার্যকর হবে

Brett Lee
Brett Lee. (Photo by Cameron Spencer/Getty Images)

প্রাক্তন অস্ট্রেলিয়ান পেসার ব্রেট লি ছিলেন বিশ্বের সবচেয়ে দ্রুততম বোলারদের একজন এবং যে তরুণ পেসাররা গুরুতর পেসে বোলিং করতে পারেন, তাঁদের প্রতি লির বরাবরই সহানুভূতি থাকে। সেই বোলারদের মধ্যে উমরান মালিক একজন যাঁর প্রশংসা করতে লি কখনই পিছিয়ে থাকেননি।

শুধু লিকেই নয়, উমরান তাঁর গতি দিয়ে অনেক ক্রিকেট বিশেষজ্ঞকেই মুগ্ধ করেছেন। ২২ বছর বয়সী পেসার আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২-এ নেট বোলার হিসাবে অস্ট্রেলিয়া সফরে যাবেন। যদিও ভিসা সমস্যার কারণে তাঁর যাওয়া বিলম্বিত হয়েছে।

এই মুহূর্তে টিম ম্যানেজমেন্টের প্রধান চিন্তার কারণ হল চোট পাওয়ার জসপ্রিত বুমরার পরিবর্তে কে হবে তা নিশ্চিত করা। দীপক চাহার আবার চোট পেয়েছেন। মহম্মদ শামি তাঁর ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হলেও ভারতের হয়ে শেষবার টি-২০ খেলেছিলেন টি-২০ বিশ্বকাপের গত সংস্করণে। এই দুই বোলার ছাড়াও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাম্প্রতিক সিরিজে দুর্দান্ত পারফর্ম করা মহম্মদ সিরাজের কথাও বিবেচনা করা হচ্ছে।

শামি বা সিরাজ নয়, লি এগিয়ে রাখছেন উমরানকে

গতির কারণে উমরানকে বিশ্বের অন্যতম সেরা গাড়ির সাথে তুলনা করেছেন লি এবং বলেছেন যে গ্যারাজে রেখে দিয়ে তাঁকে নষ্ট করা হচ্ছে। তিনি আরও উল্লেখ করেছেন যে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াডে উমরান মালিকের থাকা উচিত ছিল এবং ধারাবাহিকভাবে ১৫০ কিলোমিটার প্রতি ঘণ্টায় বোলিং করার ক্ষমতা অস্ট্রেলিয়ান কন্ডিশনে কাজে আসবে।

“উমরান মালিক ঘণ্টায় ১৫০ কিমি বেগে বোলিং করছে। যখন আপনার কাছে পৃথিবীর সেরা গাড়ী আছে, এবং সেটা আপনি গ্যারাজে রেখে দেন, তখন সেই গাড়ীটা থেকে লাভ কী? বিশ্বকাপের জন্য উমরান মালিককে ভারতীয় দলে নেওয়া উচিত ছিল,” লি খালিজ টাইমসকে বলেছেন।

“হ্যাঁ, সে তরুণ, হ্যাঁ, সে কাঁচা, কিন্তু সে ১৫০ কিমি প্রতি ঘণ্টা গতিতে বল করে, তাই তাকে দলে নেওয়া হোক, তাকে অস্ট্রেলিয়ায় নিয়ে যাওয়া হোক যেখানে বল উড়ে যায়। একজন ১৪০ কিলোমিটার বেগে বোলিং করা বোলারের থেকে একজন ১৫০ কিলোমিটার বেগে বোলিং করা বোলার সম্পূর্ণ আলাদা,” লি যোগ করেছেন।

close whatsapp