ডাব্লিউপিএল ২০২৩: পুরো মরসুমের জন্যই বাদ যেতে পারেন বেথ মুনি
মরসুমের প্রথম ম্যাচে হাঁটুতে চোট পেয়েছিলেন মুনি
আপডেট করা - Mar 6, 2023 3:55 pm

গুজরাত জায়ান্টস (জিজি) কোচ র্যাচেল হেইন্স নিশ্চিত করেছেন যে অধিনায়ক বেথ মুনি সম্ভবত ডাব্লিউপিএল ২০২৩-এর পুরো মরসুম থেকেই বাদ পড়তে চলেছেন। জিজি বনাম ইউপি ওয়্যারিয়র্জ ম্যাচ চলাকালীন কথা বলতে গিয়ে, হেইন্স বলেছেন যে মুনির স্ক্যানের রিপোর্ট রবিবার সন্ধ্যায় পাওয়া গিয়েছিল এবং পরিস্থিতি খুব ভালো দেখাচ্ছে না।
মুনির চোট কতটা গভীর তা নিয়ে আপাতত মুখ বন্ধ রেখেছে গুজরাত জায়ান্টস এবং হেইন্সও চোটের প্রকৃতি প্রকাশ করেননি। অস্ট্রেলিয়ার হয়ে গত মাসেই টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা মুনি মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচের মাঝখানেই মাঠ ছাড়েন যখন তাঁর হাঁটু মুচড়ে গিয়েছিল। মহিলাদের প্রিমিয়ার লিগে গুজরাতের উদ্বোধনী ম্যাচে ১৪৩ রানের বিশাল ব্যবধানে হেরেছিল মুনির নেতৃত্বাধীন দল।
টানা দুই ম্যাচে হার গুজরাত জায়ান্টসের
ডিয়্যান্ড্রা ডটিনকে ঘিরে বিতর্কের কয়েক দিনের মধ্যেই মুনিকে ঘিরে অনিশ্চয়তা তৈরী হয়েছে। মরসুম শুরু হওয়ার আগেই স্কোয়াড থেকে বাদ পড়েছিলেন ডটিন। প্রাথমিকভাবে জানানো হয়েছিল চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার খেলতে পারবেন না। তবে খেলোয়াড় জানান তিনি সুস্থ আছেন। গুজরাতের ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে একটি ছোট টুইটের মাধ্যমে পরিস্থিতি স্পষ্ট করা হয়েছিল।
জায়ান্টস তাদের অফিশিয়াল টুইটার হ্যান্ডেলের মাধ্যমে জানায় যে সময়মতো ডটিনের কাছ থেকে প্রয়োজনীয় চিকিৎসার ছাড়পত্র না পাওয়ার কারণে ডটিনকে বাদ দিতে হয়েছে তাদের। ডটিনের পরিবর্তে ফ্র্যাঞ্চাইজি সই করিয়েছে অস্ট্রেলিয়ার পেসার কিম গার্থকে।
মুম্বাইয়ের বিপক্ষে পরাজয়ের পরে উইমেনস প্রিমিয়ার লিগ ২০২৩-এ আরও একটি পরাজয়ের মুখোমুখি হয়েছে গুজরাত। ৫ই মার্চ ইউপি ওয়্যারিয়র্জ ৩ উইকেটে হারিয়েছে তাদের। ওয়্যারিয়র্জকে জয়ের জন্য শেষ ১৯ বলে ৫৯ করতে হত, কিন্তু হতশ্রী ডেথ বোলিংয়ের কারণে জিততে ব্যর্থ হয়েছিল গুজরাত। ওয়্যারিয়র্জের হয়ে গ্রেস হ্যারিস মাত্র ২৬ বলে দ্রুত ৫৯* রান করে খেলার মোড় ঘুরিয়ে দেন।
অষ্টম উইকেটে হ্যারিস ও সোফি একলস্টোন মিলে ২৬ ডেলিভারিতে ৭০ রানের পার্টনারশিপে জড়িত ছিলেন। ক্লিন হিটার হ্যারিস রবিবার রাতে ৭টি বাউন্ডারি ও ৩টি ওভার-বাউন্ডারি হাঁকিয়ে গুজরাত জায়ান্টসকে আরও একটি পরাজয়ের মুখোমুখি দাঁড় করান। জায়ান্টসের হয়ে গার্থ ৫ উইকেট নিলেও জেতাতে পারেননি দলকে। মুনির অনুপস্থিতিতে অধিনায়কত্বের দায়িত্ব সামলেছিলেন স্নেহ রানা।