ইংল্যান্ডের অ্যাশেজ স্কোয়াডে ফেরানো হল বেন স্টোকসকে

মানসিক সমস্যা ও আঙুলে চোটের কারণে ক্রিকেট থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন তিনি

Ben Stokes
Ben Stokes. (Photo by Gareth Copley/Getty Images)

বেন স্টোকসকে ইংল্যান্ডের অ্যাশেজ স্কোয়াডে যুক্ত করা হয়েছে, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) আজ ২৫শে অক্টোবর ঘোষণা করেছে। এই বছরের মাঝামাঝি স্টোকস তাঁর মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দিতে ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের জন্য বিরতির ঘোষণা করেছিলেন। চোট পাওয়া বাম তর্জনীতে সফল অস্ত্রোপচারের পর স্টোকসের কন্সালট্যান্ট এবং ইসিবির মেডিকেল দল তাঁকে খেলায় ফেরার এবং পুনরায় প্রশিক্ষণ শুরু করার ছাড়পত্র দিয়েছেন।

দ্য হান্ড্রেডের উদ্বোধনী সংস্করণে নর্দান সুপারচার্জার্সের হয়ে খেলার পর থেকে এই বছরের জুলায় মাস থেকে আর কোন রকম প্রতিযোগিতামূলক ক্রিকেটে তাঁকে দেখা যায়নি। এই বছরের অগাস্টে ভারতের বিরুদ্ধে আয়োজিত পাঁচ ম্যাচের পতৌদি ট্রফিতেও স্টোকস অংশগ্রহণ করেননি। তিনি ২০২১ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রথমার্ধে রাজস্থান রয়ালসের হয়ে খেলার সময় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে আঙুলে চোট পেয়েছিলেন। সেই চোটের ফলে তিনি পুরো টুর্নামেন্ট থেকেই বাদ পড়ে যান।

পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে স্টোকস সাময়িক একটি সংক্ষিপ্ত প্রত্যাবর্তন ঘটান যখন ইংল্যান্ডের মূল দলের অধিকাংশ ক্রিকেটার কোভিড আক্রান্ত ছিলেন এবং তিনি একটি তথাকথিত অনভিজ্ঞ দলকে নেতৃত্ব দিয়ে ৩-০ ব্যবধানে সিরিজ জেতেন। দীর্ঘ বিরতির ফলে ইংল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডেও তাঁর জায়গা হয়নি।

“আমি আমার মানসিক সুস্থতাকে অগ্রাধিকার দেওয়ার জন্য একটি বিরতি নিয়েছিলাম এবং এখন আমার আঙুলের চোট সেরে গেছে,” ইসিবির পক্ষ থেকে একটি প্রেস রিলিজে স্টোকসকে উদ্ধৃত করা হয়েছে। “আমি আমার সঙ্গীদের দেখার এবং তাদের সঙ্গে মাঠে থাকার জন্য উন্মুখ। আমি অস্ট্রেলিয়ায় খেলার জন্য প্রস্তুত,” তিনি যোগ করেছেন।

“তার আঙুলের অপারেশন সফল এবং গত কয়েক সপ্তাহ ধরে আমার, আমাদের মেডিক্যাল স্টাফ এবং বেন ও তার ম্যানেজমেন্ট টিমের মধ্যে বেশ কয়েকবার আলোচনার পরে ঠিক হয়েছে যে বেন ক্রিকেটে ফেরার জন্য প্রস্তুত এবং অ্যাশেজ সিরিজে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে খেলার জন্য উচ্ছ্বসিত,” বলেছেন অ্যাশলে জাইলস, ইংল্যান্ড পুরুষ ক্রিকেটের ব্যবস্থাপনা পরিচালক।

অ্যাশেজ সিরিজের জন্য ইংল্যান্ডের পুরো স্কোয়াড – জো রুট (অধিনায়ক), জেমস অ্যান্ডারসন, জোনাথান বেয়ারস্টো, ডম বেস, স্টুয়ার্ট ব্রড, রোরি বার্নস, জস বাটলার, জ্যাক ক্রলি, হাসিব হামিদ, ড্যান লরেন্স, জ্যাক লিচ, ডাউইড মালান, ক্রেগ ওভারটন, অলি পোপ, অলি রবিনসন, বেন স্টোকস, ক্রিস ওকস ও মার্ক উড।

close whatsapp