এশিয়া কাপে প্রধান কোচ রাসেল ডমিনগোকে ছাড়াই খেলবে বাংলাদেশ
আপডেট করা - Aug 22, 2022 9:58 pm

নির্ধারিত সময়ের খানিকটা দেরীতেই এশিয়া কাপের জন্য দল ঘোষণা করেছিল বাংলাদেশ। কয়েকদিন আগে সাকিব আল হাসানের নেতৃত্বে এসিয়া কাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগামী ২৭ অগস্ট থেকে শুরু হবে এশিয়া কাপ। সেখানেই ৩০ অগস্ট প্রথম ম্যাচে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। তার আগেই বড়সড় সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। দলের প্রধান কোচ রাসেল ডমিনগোকে ছাড়াই এবারের এশিয়া কাপে নামতে চলেছেন সাকিব আল হাসানরা। আর সেই সিদ্ধান্তেই যেন জল্পনা এখন তুঙ্গে।
কোচ ছাড়া এশিয়া কাপের মঞ্চে বাংলাদেশ ক্রিকেট দল নামবে শোনার পর থেকেই নানান প্রশ্ন উছতে শুরু করেছে। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফেই এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। রাসেল ডমিনগোর তত্ত্বাবধানে সম্প্রতি খুব একটা ভাল পারফরম্যান্স দেখাতে পারেনি বাংলাদেশ ক্রিকেট দল। বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজের পর জিম্বাাবোয়েতে তাদের অবস্থা খুবই খারাপ ছিল। একদিন এবং টি টোয়েন্টি দুটো সিরিজই হারতে হয়েছিল বাংলাদেশ শিবিরকে।
রাসেল ডমিনগোর কোচিংয়ে ২০২১ টি২০ বিশ্বকাপে একটিও ম্যাচ জেতেনি বাংলাদেশ
অনেককিছু ভাবনা চিন্তা করেই রাসেল ডমিনগোকে দলের সঙ্গে এশিয়া কাপে না পাঠানোরই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বরং টেস্ট এবং একদিনের ফর্ম্যাটেই তাঁকে বেশী করে নজর দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এশিয়া কাপে ব্যাটিং কোচ, স্পিন কোচ, এবং পরামর্শদাতারাই থাকবেন দলের সঙ্গে। ২৩ অগস্টই সংযুক্ত আরব আমিরশাহীর উদ্দেশে রওনা দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। এশিয়া কাপে তাদের সঙ্গে একই গ্রুপে রয়েছে আফগানিস্তান ও শ্রীলঙ্কা।
এই প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান এক সংবাদ সংস্থায় জানিয়েছেন, “রাসেল ডমিনগো টি টোয়েন্টি দলের অংশ থাকবেন না। তিনি একদিন এবং টেস্ট দলের সঙ্গেই থাকবেন। টি টোয়েন্টি দলের সঙ্গে কোনওরকম প্রধান কোচ থাকবে না। আমাদের ব্যাটিং কোচ, স্পিন কোচ, ফ্লিডিং কোচ এবং ফাস্ট বোলিং কোচ রয়েছে। এছাড়া অধিনায়ক রয়েছেন এবং দলের পরামর্শদাতা রয়েছেন। টি টোয়েন্টির জন্য তিনিই প্ল্যানিং তৈরি করে দেবেন”।
২০১৯ সালে রাসেল ডমিনগো বাংসাদেশের কোচের পদে নিযুক্ত হয়েছিলেন। প্রথমে দুই বছরের চুক্তি হলেও তা আরও দুবছরের জন্য বাড়িয়ে ২০২৩ সাল পর্যন্ত করা হয়েছে। কিন্তু এই রাসেল ডমিনগোর কোচিংয়েই ২০২১ বিশ্বকাপে গ্রুপ পর্বের একটিও ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। এবার তাদের সামনে রয়েছে এশিয়া কাপ। আর সেই লক্ষ্যেই দলের নতুন অধিনায়ক বাছা হয়েছে সাকিব আল হাসানকে। রাসেল ডমিনগোকে আপাতত একদিন এবং টেস্ট ফর্ম্যাটের ওপরই নজর দিতে বলা হয়েছে।
আগামী ২৭ অগস্ট থেকে শুরু হতে চলেছে এশিয়া কাপ। সেখানেই বাংলাদেশ যাত্রা শুরু করবে ৩০ অগস্ট আফগানিস্তানের বিরুদ্ধে। এই ম়্চ থেকেই সাকিব আল হাসানের নেতৃত্বে বাংলাদেশ ফের ঘুরে দাঁড়াতে পারে কিনা সেটাই এখন দেখার।