ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ ভারতকে হারানোর ক্ষমতা বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তানের রয়েছে, মনে করছেন ওয়াকার ইউনিস
আপডেট করা - Aug 5, 2023 3:04 pm

৫ই অক্টোবর থেকে ওডিআই বিশ্বকাপ শুরু হবে। ১৫ই অক্টোবর বিশ্বকাপের মঞ্চে ভারত এবং পাকিস্তানের একে অপরের মুখোমুখি হওয়ার কথা রয়েছে। তবে নবরাত্রির কারণে ম্যাচের দিন পরিবর্তন হতে পারে। সেক্ষেত্রে ভারত-পাকিস্তান ম্যাচটি কবে হবে সেটাই এখন দেখার বিষয়।
পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার ওয়াকার ইউনিস ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ হতে চলা ভারত-পাকিস্তান ম্যাচটির ব্যাপারে নিজের বক্তব্য জানিয়েছেন। পাকিস্তান এখনও পর্যন্ত একবারও ওডিআই বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে জিততে পারেনি। অন্যদিকে, টি-২০ বিশ্বকাপে তারা ভারতকে মাত্র একবার হারিয়েছে। ২০২১ সালের টি-২০ বিশ্বকাপে বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তানের কাছে পরাজিত হয়েছিল বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারত। টি-২০ বিশ্বকাপের পর ওডিআই বিশ্বকাপেও ভারতের জয়ের ধারা পাকিস্তান ব্যাহত করতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়।
ক্রিকেট পাকিস্তানকে ওয়াকার ইউনিস বলেন, “আপনি একটি দলের বিপক্ষে কম খেলেন, তাও একটি বড় দলের বিপক্ষে – তাই যখনই আপনি তাদের বিরুদ্ধে খেলবেন, বিশেষ করে যদি এটি পাকিস্তান এবং ভারত হয়, চাপটি প্রচুর এবং তিনগুণ হবে।”
“পাকিস্তান দল সাম্প্রতিক অতীতে খুব ভালোভাবে চাপ সামলেছে” – ওয়াকার ইউনিস
ওয়াকার ইউনিস স্বীকার করেছেন যে ভারতের বিরুদ্ধে বিশ্বকাপে তাদের রেকর্ড একদমই ভালো না। তবে তিনি একথাও বলেছেন যে এখন ক্রিকেটাররা খুব ভালোভাবে চাপের মোকাবিলা করে। তিনি পাকিস্তানের কয়েকজন ক্রিকেটারদের নাম উল্লেখ করেছেন এবং বলেছেন যে তারা একা ম্যাচ জিতিয়ে দিতে পারেন। এছাড়াও পাকিস্তান দলের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়েও মুখ খুলেছেন তিনি।
ওয়াকার ইউনিস বলেন, “তবে বিশ্বকাপে আমরা ভারতের বিরুদ্ধে খারাপ পারফরম্যান্সের প্রদর্শন করতাম। তবুও, আমি যেমন বলেছি, খেলোয়াড়রা আজকাল অবশ্যই চাপকে আরও ভালভাবে পরিচালনা করছে।”
তিনি আরও বলেন, “আমাদের দলে ম্যাচ উইনার আছে, আমাদের দলে এমন ব্যক্তিরা আছে যারা একা ম্যাচ জেতানোর ক্ষমতা রাখেন, যার মধ্যে বাবর নিজেই আছেন, শাহীন-ফখর বিস্ময়কর কাজ করতে পারেন, তারপর, অবশ্যই, আমরা ইমামকে দুর্দান্ত ইনিংস খেলতে দেখেছি। পাকিস্তান দল সাম্প্রতিক অতীতে খুব ভালোভাবে চাপ সামলেছে।”
আগের ওডিআই বিশ্বকাপ অর্থাৎ ২০১৯ সালের ওডিআই বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে একটি দুর্দান্ত জয় পেয়েছিল ভারত। তারা পাকিস্তানকে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ৮৯ রানে পরাজিত করেছিল। আসন্ন বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের ফলাফল কি হয় সেটাই এখন দেখার বিষয়।