এই বোলারকে অস্ট্রেলিয়ার জন্য সবচেয়ে বড় বিপদ মনে করছেন ইয়ান চ্যাপেল

অস্ট্রেলিয়ার ব্যাটারদের সক্রিয় হওয়ার নির্দেশ চ্যাপেলের

Ian Chappell
Ian Chappell. (Photo by Ryan Pierse/Getty Images)

প্রাক্তন অস্ট্রেলিয়ান অধিনায়ক ইয়ান চ্যাপেল পরামর্শ দিয়েছেন ভারতের তারকা অফ-স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের বিরুদ্ধে সক্রিয় হয়ে নিয়মিত বিরতিতে স্ট্রাইক ঘোরাতে হবে অস্ট্রেলিয়ান ব্যাটারদের। এক দশকেরও বেশী সময় ধরে ঘরের মাঠে ভারত দাপট বজায় রেখেছে অশ্বিনের বেশ কিছু প্রভাবশালী পারফর্ম্যান্সের সৌজন্য। নাগপুরে, ৯ই ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে চার ম্যাচের বর্ডার-গাভাস্কার ট্রফি।

৩৬ বছর বয়সী এই ডান-হাতি অফ স্পিনার ২০১২ সাল থেকে দেশের মাঠে ৪৮ টেস্টে ২৯০ উইকেট নিয়েছিলেন। এই সময়ের মধ্যে অশ্বিনের বোলিং গড় ছিল ২১.০৩। ছটি ম্যাচে দশ বা তার বেশী উইকেট নেওয়ার পাশাপাশি ২২টি ইনিংসে পাঁচ বা তার বেশী উইকেটও রয়েছে। অসিরা এই মুহূর্তে কর্ণাটকের আলুরে প্র্যাক্টিস করছে, যেখানে অশ্বিনের মতো অ্যাকশনে বোলিং করা মহেশ পিথিয়াকে নেট বোলার হিসেবে ব্যবহার করা হচ্ছে।

“কেন অশ্বিনই বিপদের কারণ হতে পারে? কারণ সে একজন স্মার্ট ক্রিকেটার। অশ্বিন সবসময়ই সমস্যা তৈরী করবে। সে যেভাবে বল করতে চায়, সেভাবে বল করতে দিলে আপনি সমস্যায় পড়বেন। সে পুরো সময় জুড়েই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চাপ তৈরী করবে। তাদের সক্রিয় হতেই হবে,” স্টার স্পোর্টসের সঙ্গে একটি আলোচনায় চ্যাপেল বলেছেন।

দ্বিতীয় স্পিনার হিসেবে অ্যাশটন অ্যাগারকে না-পসন্দ ইয়ান চ্যাপেলের

“আপনাকে সক্রিয় হওয়ার কথা ভাবতে হবে। আপনি যদি নিয়ন্ত্রণে না থাকেন, তাহলে আপনি সমস্যায় পড়বেন। সিঙ্গেল নিতে হবে এবং স্ট্রাইক রোটেট করতে হবে। সেক্ষেত্রে যে ব্যাটারের বিরুদ্ধে বোলিং করছে তার বিরুদ্ধে তাকে (অশ্বিন) কৌশল পরিবর্তন করতে হবে,” প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার আরও যোগ করেছেন।

অ্যাশটন অ্যাগারকে দ্বিতীয় স্পিনার হিসেবে ব্যবহার করার বিরুদ্ধে মতামত দিয়ে চ্যাপেল বলেছেন, “বাম-হাতি ও ডান-হাতি কম্বিনেশনের কথা বেশী ভাবা উচিৎ নয় অস্ট্রেলিয়ার। ভারতের কাছে অশ্বিন ও জাডেজার মতো দুজন রয়েছে যারা উভয়েই খুব ভালো। অ্যাগার এমন একজন যার গড় ৪০।”

“তাকে অর্ডারের নিচে এমন একজন হিসেবে নেওয়ার প্রলোভন থাকতে পারে যে কিছু রান করে দেবে, কারণ ক্যামেরন গ্রিন বল করতে পারবে না। কিন্তু এই তত্ত্বটি ঠিক নয়। অ্যাগার যদি আপনার সেরা দুই স্পিনারের একজন না হয়, তাহলে তাকে বাছাই করবেন না। বোলাররা থাকবে উইকেট নেওয়ার জন্য। রান করা ব্যাটারদের উপর নির্ভর করে,” শেষে বলেছে চ্যাপেল।

close whatsapp