শাহবাজ আহমেদের ভারতীয় দলে ডাক পাওয়ায় আপ্লুত অরুণ লাল, বাংলার তারকাকে নিয়ে আশাবাদীও
আপডেট করা - Aug 16, 2022 6:08 pm

এবারের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন শাহবাজ আহমেদ। সেই থেকেই ভারতীয় দলে তাঁর সুযোগ পাওয়া নিয়ে সরব হয়েছিলেন অনেকেই। ঘরোয়া ক্রিকেটেও শাহবাজ আহমেদের পারফরম্যান্স নজরকাড়া। কিন্তু ভারতীয় দলে সুযোগ হয়নি তাঁর। অবশেষে ১৬ অগস্ট অপেক্ষা অবসান হয়েছে শাহবাজ আহমেদের। ওয়াশিংটন সুন্দরের জায়গায় জিম্বাবোয়ে সফরে ভারতীয় দলে ডাক পেয়েছেন বাংলার এই অল রাউন্ডার ক্রিকেটার। আর এই খবরটাই অত্যন্ত খুশি করেছে প্রাক্তন বাংলা ক্রিকেট দলের কোচ শাহবাজ আহমেদকে।
ঘরোয়া ক্রিকেটের মরসুমের পরই বাংলা ক্রিকেট দলের দায়িত্ব ছেড়েছেন অরুণ লাল। তাঁর কোচিংয়েই বহু ম্যাচ একসময় খেলেছেন শাহবাজ আহমেদ। অরুণ লালের কোচিংয়েই বাংলা ক্রিকেট দলের জার্সিতে ধীরে ধীরে তারকা হয়ে উঠেছেন এই তরুণ বোলার। ঘরোয়া ক্রিকেটে বাংলাকে যেমন সাফল্য দিয়েছেন, তেমনই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়েও ভাল পারফরম্যান্স দেখিয়েছিলেন এই তরুণ ক্রিকেটার। তাঁর ভারতীয় দলে সুযোগ পাওয়ার কথা এর আগেও বহুবার শোনা গিয়েছে অরুণ লালের গলায়।
ওয়াশিংটন সুন্দরের জায়গাতেই দলে সুযোগ পেয়েছেন শাহবাজ আহমেদ
ভারতীয় দলে সুযোগ পাওয়ার জন্য যে শাহবাজ আহমেদ কার্যত তৈরি সেই কথাও নানান জায়গায় বলেছিলেন অরুণ লালা। সেই অরুণ লালের ছাত্রই এবার ভারতীয় দলে নিজের জায়গা করে নিয়েছেন। এতেই আপ্লুত প্রাক্তন বাংলা ক্রিকেট দলের কোচ। শাহবাজ আহমেদকে চ্যাম্পিয়ন ক্রিকেটার বলেই সম্বোধন করছেন তিনি। মঙ্গলবারই চোটের জন্য ভারতীয় দল থেকে ছিটকে গিয়েছেন ওয়াশিংটন সুন্দর। সেই জায়গাতেই এবার ভারতীয় শিবিরে ডাক পেয়েছেন শাহবাজ আহমেদ।
এই খবর পাওয়ার পর থেকেই আপ্লুত অরুণ লাল। এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “শাহবাজ আহমেদ ভারতীয় দলে সুযোগ পেয়েছেন, এটা সত্যিই আনন্দের খবর। এর থেকে ভাল খবর আর হতে পারে না। তিন একজন চ্যাম্পিয়ন খেলোয়াড়। বাংলার জন্য এমন খেলা কেউ খেলতে পারেননি। টি টোয়েন্টি থেকে একদিন, লাল বলের ক্রিকেট সব জায়গাতেই অসাধারণ খেলেছেন তিনি”।
শাহবাজ আহমেদকে নিয়ে তিনি আরও জানান, “শাহবাজ আহমেদ যদি ভারতীয় দলের হয়ে খেলার সুযোগ পান, তিনি ভাল ক্রিকেটই খেলবেন। তিনি একজন চ্যাম্পিয়ন ক্রিকেটার এবং নির্ভীক খেলোয়াড়। সেইসঙ্গে অ্যাডজামেন্ট ক্ষমতা রয়েছে ভাল। বাংলা ক্রিকেটের জন্য এটা খুব বড় প্রাপ্তি। আমি তাঁকে নিয়ে যথেষ্ট আশাবাদী। শাহবাজকে অনেক শুভেচ্ছা”।
এবারের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বল হাতে যেমন সাফল্যের পরিচয় দিয়েছেন তিনি, তেমনই ব্যাট হাতেই শেষের দিকে নেমে বড় শট খেলতে দেখা গিয়েছে তাঁকে। একজন দক্ষ অল রাউন্ডার হিসাবেই নিজেকে প্রতিষ্ঠা করেছেন শাহবাজ আহমেদ। সদ্য শেষ হওয়া রঞ্জি ট্রফিতেও বাংলার হয়ে সেরা পারফর্মার এই শাহবাজ আহমেদই।
শাহবাজ আহমেদের ২৬টি লিস্ট-এ ম্যাচে গড় রয়েছে ৪৭.২৮ এবং রান রয়েছে ৬৬২। সেইসঙ্গে ৫০ ওভারের ফর্ম্যাটে রয়েছে ২৪টি উইকেটও। আগামী ১৭ অগস্ট জিম্বাবোয়ের বিরুদ্ধে নামবে ভারত। সেই সিরিজে শাহবাজের অভিষেক হয় কিনা সেটাই এখন দেখার।