রঞ্জি দলেও ছিলেন না, তার মধ্যেই হঠাৎ জাতীয় দলে ডাক; কীভাবে পরিস্থিতি সামাল দিলেন জিতেশ
চোট পাওয়া সঞ্জু স্যামসনের পরবর্তে স্কোয়াডে ডাকা হয়েছিল জিতেশ
আপডেট করা - Jan 26, 2023 12:14 pm

ভারতের উইকেটকিপার-ব্যাটার জিতেশ শর্মা জাতীয় দলে তাঁর নির্বাচন সম্পর্কে বিশদে নিজের মনোভাব প্রকাশ করেছেন। তিনি বলেছেন যে তিনি জাতীয় দলে সুযোগ পাওয়ার আশা করছেন না। সঞ্জু স্যামসন চোট পাওয়ায় ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য তাঁর বদলি হিসেবে জিতেশকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছিল।
হিন্দুস্তান টাইমসের সঙ্গে কথা বলার সময় জিতেশ বলেছেন যে তিনি ভারতীয় দলের জন্য তাঁর নির্বাচন উদযাপন করতে পারেননি কারণ তাঁকে টি-টোয়েন্টি সিরিজের আগে দলে যোগদানের জন্য তাড়াহুড়ো করতে হয়েছিল। জাতীয় দলে ভবিষ্যতে কোনো একটি সময়ে সুযোগ পাওয়ার আশায় জিতেশ আসন্ন আইপিএলের জন্য প্রস্তুত করার সময়ই ভারতীয় দলে ডাক পান।
“চেতন শর্মা স্যার আমাকে ডেকে বললেন, ‘তোমাকে শ্রীলঙ্কার বাকি দুটি ম্যাচের জন্য নির্বাচিত করা হয়েছে।’ আমি উদযাপন করার কোনো সময় পাইনি কারণ আমাকে বাকী ম্যাচগুলির জন্য পুনেতে দৌড়তে হয়েছিল। আমি জানতাম না যে আমি ডাক পাব। আমি আশা করছিলাম না। আমি শুধু আইপিএলের জন্য নিজেকে প্রস্তুত করছিলাম কারণ আমি রঞ্জি ট্রফি স্কোয়াডে ছিলাম না। তাই আমি আমার ফিটনেস নিয়ে কাজ করছিলাম। কিন্তু হঠাৎ করেই আমি ডাক পেয়েছি,” জিতেশ বলেছেন।
সুযোগ পেলে ফিনিশার হিসেবে খেলব: জিতেশ শর্মা
ভারতের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে খুশি হওয়া জিতেশ যোগ করেছেন যে জাতীয় দলে ডাক পাওয়ার পরে তাঁর জীবনের অনেক কিছুই বদলে গেছে।
“অবশ্যই, আমি খুশি এবং সুযোগ পেতে আগ্রহী ছিলাম। সেই ডাকের পর সব বদলে গেল। আমি আমার আত্মীয়, স্কুল এবং ক্লাবের কাছ থেকে অনেক ফোন কল পেয়েছি কিন্তু আমি বিষয়গুলি সহজ রাখছি। আমি প্রতিটি সুযোগের জন্য নিজেকে প্রস্তুত করছি,” জিতেশ আরও বলেছেন।
২৯ বছর বয়সী মেন ইন ব্লুর হয়ে তাঁর ভূমিকা সম্পর্কে অবগত এবং তিনি বলেছেন যখনই তিনি সুযোগ পাবেন তখনই ফিনিশার হিসেবে তাঁর দক্ষতা প্রমাণ করতে চান।
“হ্যাঁ, আমি আমার ভূমিকা জানি। সুযোগ পেলে ফিনিশার হিসেবে খেলব। আমি এই ছেলেদের (সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া) অনেককে চিনি কারণ আমরা ঘরোয়া ক্রিকেট বা আইপিএলে একে অপরের বিরুদ্ধে খেলেছি। মানিয়ে নিতে কোনো সমস্যা হয়নি। তাদের সকলেই স্বাগত জানিয়েছিল,” জিতেশ বলেছিলেন।
তাঁর উইকেটকিপিংয়ের ক্ষমতা কীভাবে তাঁর ব্যাটিংয়ে সাহায্য করে এবং তাঁকে পিচের অবস্থা সম্পর্কে সঠিক ধারণা পেতে সহায়তা করে, সেই সম্পর্কেও কথা বলেছেন জিতেশ। তিনি যোগ করেছেন, “কিপিং করা সত্যিই আমাকে সাহায্য করে। ভালো কিপিং করলে তা আমার ব্যাটিংয়ে রূপান্তরিত হয়। একজন কিপার হিসেবে পিচ কেমন আচরণ করছে সে সম্পর্কে আমি মোটামুটি ধারণা পাই।”