“সম্প্রচারকারীর বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করা ভারতকে মানায় না” – বিরাট ও তাঁর সতীর্থদের আচরণ দেখে অসন্তুষ্ট সাবা করিম
প্রাক্তন উইকেটকিপারের মতে বিরাটকে আরও সংযত হওয়া উচিত ছিল
আপডেট করা - Jan 14, 2022 2:06 pm

কেপটাউন টেস্টের ৩য় দিনে ডিন এলগার ডিআরএস নিয়ে নিজের উইকেট রক্ষা করার পর ভারতের টেস্ট অধিনায়ক বিরাট কোহলি যে প্রতিক্রিয়া দেখান তা দেখে প্রাক্তন ক্রিকেটার সাবা করিম একেবারেই খুশি হননি। খেলনীতির ইউটিউব চ্যানেলে কথা বলার সময়, করিম বলেছেন যে ভারতীয় খেলোয়াড়দের এইভাবে তাদের ক্ষোভ প্রকাশ করা উচিত নয়। তাঁর মনে হয়েছে ওই ঘটনার পর ভারতীয় ক্রিকেটারদের মধ্যে মনোযোগের ঘাটতি ছিল, যার ফলে দক্ষিণ আফ্রিকা দ্রুত রান তোলে।
ডিআরএস বিতর্কের পরে কোহলি, রবিচন্দ্রন অশ্বিন, কেএল রাহুলরা সম্প্রচারক সুপারস্পোর্টকে আক্রমণ করেছিল। করিম মনে করেন, এই ধরনের আচরণ ভারতীয় ক্রিকেট দলের শোভা পায় না। তিনি বলেছেন, “এর কোন প্রয়োজন ছিল না। ডিআরএস চালু করা হয়েছে যাতে এটি খেলোয়াড়দের সাহায্য করতে পারে। মাঝে মাঝে, আপনার মনে হতেই পারে যে ব্যাটার আউট হয়ে গেছে, কিন্তু আপনি প্রযুক্তির সাথে তর্ক করতে পারবেন না। পুরো ঘটনার পরে মনোযোগে ঘাটতি ছিল। ম্যাচের দিকে ফোকাস করা উচিত ছিল। সম্প্রচারকারীর বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করা ভারতীয় দলকে মানায় না।”
রিপ্লেতে দেখা গেছে যে বলটি এলগারের হাঁটুর নিচে আঘাত করা সত্ত্বেও বল স্টাম্পের উপর দিয়ে চলে গেছে। ওপেনিং ব্যাটার ডিআরএস নেওয়ার পরে নিজেও খুব একটা আশ্বস্ত ছিলেন না নট আউট থাকার ব্যাপারে, তবে বড় পর্দায় রিপ্লে দেখানোর পরে নিজেও হতবাক হয়ে গিয়েছিলেন। জায়ান্ট স্ক্রিনে রিপ্লে দেখার পর কোহলি নিজের ক্ষোভ লুকিয়ে রাখেননি।
বিরাট কোহলিকে তাঁর কাজের জন্য ভর্ৎসনা করা হবে, মনে করেন নিখিল চোপড়া
প্রাক্তন ভারতের স্পিনার নিখিল চোপড়াও তৃতীয় দিনে বিরাট কোহলির ক্ষোভ নিয়ে প্রশ্ন তুলেছেন। এমনকি তিনি পরামর্শ দিয়েছিলেন যে ভারতীয় অধিনায়ককে এই কাজের জন্য তিরস্কারও করা যেতে পারে।
চোপড়া মনে করেন যে একজন আইজন হিসেবে কোহলির এভাবে মাঠে মেজাজ হারানো উচিত নয়। তিনি উল্লেখ করেছেন যে আবেগে বয়ে গিয়ে কোহলি হয়তো এমন কিছু করে ফেলেছেন।
খেলনীতিতে নিখিল চোপড়া বলেছেন, “বিরাট কোহলিকে তাঁর কাজের জন্য ভর্ৎসনা করা হবে। এটি ঘটেছে কারণ ভারত এই টেস্ট জেতার জন্য অনেক আবেগ নিয়ে খেলছে। আমি মনে করি না একজন খেলোয়াড়ের এভাবে মেজাজ হারানো উচিত। যদিও বিরাট কোহলি সবসময় আবেগ নিয়েই খেলেন। তাঁর যা অবস্থান তা বিবেচনা করলে, তাঁর রেখা অতিক্রম করা উচিত হয়নি, কারণ তিনি অনেকের কাছেই একজন আদর্শ।”
তৃতীয় দিনের শেষে দক্ষিণ আফ্রিকা ১০১/২ এবং জেতার জন্য তাদের আর ১১১ রান প্রয়োজন।