“স্পিনারদের নো বল করা একটি অপরাধ” – ম্যাচ হারার পর টার্নিং পয়েন্ট সন্ধান করলেন শাকিব
শ্রীলঙ্কার বিরুদ্ধে বাংলাদেশ ১৭ রান দেয় এক্সট্রার মাধ্যমে
আপডেট করা - Sep 2, 2022 1:40 pm

বাংলাদেশ অধিনায়ক শাকিব আল হাসান মনে করেন যে বোলিং করার সময় তাঁর দলের শৃঙ্খলার অভাব ছিল এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে তীরে এসে তরী ডোবার জন্য প্রধান কারণগুলি তুলে ধরেছেন তিনি। দাসুন শানাকার নেতৃত্বাধীন দল একটি অনুপ্রেরণাদায়ক পারফরম্যান্সের মাধ্যমে বাংলাদেশকে ছিটকে দিয়েছে এশিয়া কাপ থেকে। কার্যত নকআউট ম্যাচে কুসাল মেন্ডিসের ৬০ রানের ইনিংস এবং লোয়ার অর্ডারের মূল্যবান অবদানের কারণে দুই উইকেটে ম্যাচ জেতে দ্বীপরাষ্ট্র।
একটি তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচে শেষ অবধি পার্থক্য গড়ে দিল দুই দলের এক্সট্রার ব্যবধান। শ্রীলঙ্কা যেখানে ১০টি এক্সট্রা দিয়েছিল, সেখানে বাংলাদেশ এক্সট্রার মাধ্যমে দেয় ১৭ রান। কুসাল মেন্ডিস আউট হয়েও নো বলে হওয়ার জন্য একবার রক্ষা পান এবং ম্যাচের শেষের ওভারে মাহেদী হাসান একটি নো বল করেন যা তাঁর দলের কফিনে শেষ পেরেক পুঁতে দেয়।
এগুলো চাপের ম্যাচ এবং আমাদের অনেক কিছু শিখতে হবে: শাকিব আল হাসান
শাকিব একটি গুরুত্বপূর্ণ খেলায় নো বলের প্রভাব তুলে ধরেছেন এবং উল্লেখ করেছেন যে বাংলাদেশকে চাপের ম্যাচে শিখতে হবে। তিনি খেলার দুটি টার্নিং পয়েন্ট প্রকাশ করেছেন এবং জানিয়েছেন যে দক্ষতার উন্নতি করতে হবে। এই অলরাউন্ডার যোগ করেছেন, চাপ তাঁদের হারের ক্ষেত্রে একটি বড় ভূমিকা পালন করেছে।
“কোনও অধিনায়ক নো বল চায় না এবং একজন স্পিনারের নো বল করা অপরাধ। আমরা প্রচুর নো বল এবং ওয়াইড বল করেছি এবং এটি সুশৃঙ্খল বোলিং নয়। এগুলি চাপের ম্যাচ এবং আমাদের এখান থেকে অনেক কিছু শিখতে হবে এবং এগিয়ে যেতে হবে,” বৃহস্পতিবার সাংবাদিকদের একথা বলেন শাকিব।
“টার্নিং পয়েন্ট হতে পারে যখন আমাদের ব্যাটসম্যানরা আউট হচ্ছিল (গুরুত্বপূর্ণ মুহূর্তে) এবং স্পিনারদের নো বল করা একটি অপরাধ। এটা প্রমাণ করে যে আমরা কীভাবে চাপের পরিস্থিতিতে ভেঙে পড়ছি। আমাদের সেই দক্ষতার দিক থেকে উন্নতি করতে হবে কিন্তু যখনই চাপ থাকে আমরা ভেঙে পড়ি এবং খেলায় হেরে যাই। ডেথ ওভারে আমাদের অনেক উন্নতি করতে হবে,” যোগ করেছেন তিনি।