বাঁ-হাতি হওয়ার কারণে পান্তকে খেলানো হোক, মত শাস্ত্রীর

জিম্বাবোয়ের বিরুদ্ধে ৫ বলে ৩ রান করেন পান্ত

Ravi Shastri
Ravi Shastri. (Photo Source: Twitter)

আইসিসি ইভেন্টে তাদের ট্রফি খরা শেষ করার জন্য ভারতীয় দলকে টি-২০ বিশ্বকাপ ২০২২-এ আরও দুটি ম্যাচে তাদের সেরা পারফর্ম্যান্স প্রদর্শন করতে হবে। সেই দুই ম্যাচের প্রথম ধাপ হিসেবে অ্যাডিলেডে সেমি-ফাইনালে বিপজ্জনক ইংলিশ দলের মোকাবিলা করতে হবে ভারতকে। ভারতীয় দল এই টুর্নামেন্টে এখনও অবধি খুব বেশী পরিবর্তন করেনি। প্রথম চার ম্যাচে দীনেশ কার্তিককে খেলিয়েছিল এবং সেমি-ফাইনালে যাওয়া নিশ্চিত হওয়ার পরেই পঞ্চম ম্যাচের জন্য ঋষভ পান্তকে একাদশে অন্তর্ভুক্ত করা হয়। প্রাক্তন ভারতীয় প্রধান কোচ রবি শাস্ত্রী মনে করেন বিস্ফোরক ব্যাটার ঋষভ পান্তকে সেমি-ফাইনালেও খেলানো উচিত।

দীনেশ কার্তিক বা ঋষভ পান্ত, দুজনের কেউই চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে সুযোগগুলি নিতে পারেননি। অভিজ্ঞ কার্তিককে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে অধিক সমর্থন করা হলেও, শাস্ত্রী মনে করেন ইংল্যান্ডের বোলিং আক্রমণের দিকে তাকিয়ে পান্তকে খেলানো বিচক্ষণ সিদ্ধান্ত হবে।

“দীনেশ একজন টিম খেলোয়াড়। কিন্তু যখন ইংল্যান্ড বা নিউ জিল্যান্ডের বিরুদ্ধে খেলার কথা আসে, তাদের আক্রমণ দেখে আমি মনে করি দলে একজন শক্তিশালী বাঁ-হাতি দরকার যে কিনা আক্রমণ করতে পারে এবং একজন ম্যাচ-বিজয়ী। পান্ত ইংল্যান্ডের বিপক্ষে ভালো করেছে। সম্প্রতি ইংল্যান্ডের বিপক্ষে একটি ওয়ানডে ম্যাচ জিতিয়েছে। আমি পান্তকে নেব শুধু সে এখানে খেলেছে বলে নয়, বরং তার এক্স-ফ্যাক্টরের কারণে,” রবিবার জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারতের জয়ের পর সম্প্রচারকারী স্টার স্পোর্টসকে শাস্ত্রী বলেছেন।

দলে অনেক বেশী ডান-হাতি থাকলে বৈচিত্র্যর অভাব থাকবে: রবি শাস্ত্রী

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বলেছেন যে পান্ত ভারতীয় ব্যাটিংয়ে অন্য মাত্রা যোগ করেন কারণ তাদের শীর্ষ পাঁচে অন্য কোনো বাঁ-হাতি ব্যাটার নেই। তিনি মনে করেন যে ছোট স্কোয়্যার বাউন্ডারি এবং ইংল্যান্ডের স্কোয়াডে বাঁ-হাতি বোলারদের প্রাচুর্যের কারণে পান্তের অন্তর্ভুক্তি সঠিক নির্বাচন হবে।

“দল অ্যাডিলেডে খেলছে, ছোট স্কোয়্যার বাউন্ডারি, ইংল্যান্ডের আক্রমণকে বাধাগ্রস্ত করার জন্য একজন বাঁ-হাতি খেলোয়াড়ের উপস্থিতি থাকা উচিত। দলে অনেক বেশী ডান-হাতি থাকলে বৈচিত্র্যর অভাব থাকবে। ইংল্যান্ডের একটি দুর্দান্ত আক্রমণ রয়েছে, বাঁ-হাতি এবং ডান-হাতিদের একটি বৈচিত্র্যময় আক্রমণ। দলে একজন বাঁ-হাতি দরকার, যে বিপজ্জনক হতে পারে এবং শুরুতে ৩ বা ৪ উইকেট হারালেও পরের ওভারে সে ম্যাচ জিতিয়ে দিতে পারে,” শেষে বলেছেন শাস্ত্রী।

close whatsapp