রাজস্থানের জয়ে খুশি হলেও সঞ্জু স্যামসনের ভুল শট নির্বাচনে হতাশ সচিন তেন্ডুলকর

Sachin Tendulkar
Sachin Tendulkar (Photo by Stu Forster-ICC/ICC via Getty Images)

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়ে আইপিএলের ফাইনালে পৌঁছেছে রাজস্থান রয়্যালস। বেঙ্গালুরুর বিরুদ্ধে দুর্ধর্ষ ব্যাটিং পারফরম্যান্স দেখিয়েছেন জস বাটলার। দীর্ঘ ১৪ বছর পর চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে আর মাত্র এক ম্যাচ জিততে হবে তাদের। বেঙ্গালুরু বিরুদ্ধে রাজস্থানে জয়ের পর তাদের পারফরম্যান্সের প্রশংসা শোনা গিয়েছে সচিন তেন্ডুলকরের মুখে। কিন্তু এতকিছুর মধ্যেও প্লেঅফের মতো মঞ্চে সঞ্জু স্যামসনের ভুল শট নির্বাচন কিন্তু হতাশই করেছে সচিন তেন্ডুলকরকে। অন্তত তাঁর থেকে এমন পারফরম্যান্স প্রত্যাশা করেননি মাস্টার ব্লাস্টার।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে জয়ের জন্য় যদিও কোনও ক্রিকেটারকেই সেদিন ভাবতে হয়নি। জস বাটলার যে ফর্মে ছিলেন, তাতে জয় যে রাজস্থানের পক্ষেই আসবে তা বলাই বাহুল্য ছিল। তাঁর সঙ্গে সঞ্জু স্যামসনও কিন্তু বেশ আক্রমণাত্মক ইনিংস খেলা শুরু করেছিলেন। কিন্তু য়ানিন্দু হাসারঙ্গার বিরুদ্ধে ফের সেই এক ভুল। তাড়াহুড়ো করতে গিয়ে ভুল শট নির্বাচন করে স্টাম্প হয়ে মাঠ ছাড়তে হয় রাজস্থান রয়্যালস অধিনায়ককে।

আর এদিনের ম্যাচে এই ছবিটাই যেন মেনে নিতে পারছেন না সচিন তেন্ডুলকর। তাঁর মতে সেই সময় সঞ্জু স্যামসনের এমন অহেতুক এক শট না খেলাই উচিত্। তারফলে বড় রানের সুযোগ থাকলেও, নিজের উইকেটটা হাসারঙ্গাকে তিনি উপহার দিয়েই ফিরে গিয়েছিলেন। সচিনের মতে সঞ্জু স্যামসন যদি সেখানে ভুল শট নির্বাচন না করত, তাহলে বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচটা বোধহয় রাজস্থান আরও কিছুক্ষণ আগেই জিতে নিতে পারত।

আরসিবির বিরুদ্ধে ২১ বলে ২৩ রান করেই সাজঘরে ফিরে গিয়েছিলেন সঞ্জু স্যামসন

নিজের ইউটিউব চ্যানেলে সচিন তেন্ডুলকর জানিয়েছেন, “সঞ্জু বেশকিছু সুন্দর শট খেলছিলেন। কিন্তু যেভাবে তিনি হাসারঙ্গার বলে আউট হলেন, আমার মতে সেই শট খেলার কোনও প্রয়োজনই ছিল না সঞ্জু স্যামসনের। যদি খুব একটা ভুল না করি তবে এই নিয়ে হাসারঙ্গার বোলিংয়ে ছবার আউট হলেন সঞ্জু। তিনি সেই শট এ়ড়িয়ে যেতেই পারতেন, সেক্ষেত্রে খেলাটা আরও তাড়াতাড়ি শেষ হয়ে যেত”।

প্রথমে ব্যাটিং করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ১৫৭ রান করেছিল। রান তাড়া করতে নেমে শুরু থেকেই বিধ্বংসী মেজাজে ছিলেন জস বাটলার। যশস্বী জয়সওয়াল আউট হওয়ার পরই ক্রিজে আসেন সঞ্জু স্যামসন। বাটলারের পাশাপাশি তিনিও বেশ আক্রমণাত্মক মেজাজেই ছিলেন এদিন। তাঁর ২১ বলে ২৩ রানের ইনিংসে দুটো ছয় এবং একটি চারও ছিল। এরপরই তাঁকে আটকানোর জন্য ওয়ানিন্দু হাসারঙ্গাকে আক্রমণে আনে বেঙ্গালুরু।

আর সেই কাঁটাতেই আটকে যান তিনি। হাসারঙ্গার স্পিনের জবাবে ভুল শট নির্বাচন করে স্টাম্প হতে হয় সঞ্জু স্যামসনকে। এই ঘটনাটাই মেনে নিতে পারছেন না মাস্টার ব্লাস্টার। এই নিয়ে ওয়ানিন্দু হাসারঙ্গার সঙ্গে সাতবারের সাক্ষাতে ছবার আউট হলেন সঞ্জু স্যামসন। সামনে এখন রয়েছে ফাইনাল। সঞ্জু স্যামসন কী সেখানে বড় রান করতে পারবেন, সেই প্রশ্নই বিভিন্ন মহলে।

close whatsapp