দক্ষিণ আফ্রিকা সিরিজে ১০০ শতাংশ দর্শকাসন পূর্ণ করার অনুমতি দিল বোর্ড
আইপিএলের প্লে-অফ পর্বেও স্টেডিয়াম পূর্ণ করার অনুমতি দিয়েছিল বিসিসিআই
আপডেট করা - May 19, 2022 7:55 pm

আসন্ন টি-২০ বিশ্বকাপের প্রস্তুতির কথা মাথায় রেখে ভারত আগামী ৯ই জুন থেকে শুরু হওয়া পাঁচ ম্যাচের সিরিজে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামবে। সাম্প্রতিক ঘটনাবলী অনুসারে, বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) আসন্ন সিরিজের জন্য সব কেন্দ্রেই সমস্ত আসন পূরণ করার অনুমোদন দিয়েছে। একটি উত্তেজক ঘরোয়া সিরিজের আগে এটি সত্যিই ক্রিকেটপ্রেমীদের জন্য বিশাল স্বস্তির খবর।
২০২০ সালের মার্চ মাসে কোভিড-১৯-এর প্রাদুর্ভাবের কারণে গত কয়েক বছরে দর্শকশূন্য স্টেডিয়ামেই ম্যাচগুলি আয়োজিত হচ্ছিল মূলত। বোর্ড বাধ্য হয়েছিল আইপিএলের সম্পূর্ণ ২০২০ সংস্করণে এবং আংশিক ২০২১ সংস্করণ সংযুক্ত আরব আমিরশাহীতে আয়োজন করতে বাধ্য হয়েছিল কোভিডের কারণে। এদিকে, দর্শকদের উপস্থিতিতে চলমান আইপিএল ২০২২ খেলা হচ্ছে ভারতের মাটিতেই।
ভারত-দক্ষিণ আফ্রিকা টি-২০ সিরিজের জন্য ১০০% দর্শক উপস্থিতি নিশ্চিত করা হয়েছে
ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য বিসিসিআই ১০০% উপস্থিতির অনুমতি দেওয়ার খবর জানিয়েছে নিউজ ১৮। উল্লেখ্য যে মহারাষ্ট্রের মুম্বই এবং পুনে মিলিয়ে চারটি কেন্দ্রে ২০২২ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ম্যাচ দেখার জন্য শুধুমাত্র সীমিত সংখ্যক দর্শকদের প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। যদিও প্লে-অফের জন্য বিসিসিআই স্টেডিয়ামগুলির ১০০% আসনসংখ্যা পূরণ করার জন্য সবুজ সংকেত দিয়েছে। আগামী সপ্তাহের প্লে অফ এবং ফাইনাল হবে যথাক্রমে কলকাতা ও আহমেদাবাদে।
প্রোটিয়াদের বিরুদ্ধে ভারতের হোম সিরিজের পাঁচটি খেলা যথাক্রমে নয়াদিল্লি, কটক, বিশাখাপত্তনম, রাজকোট এবং বেঙ্গালুরুতে ৯ থেকে ১৯শে জুনের মধ্যে অনুষ্ঠিত হবে। এদিকে, জানা গেছে যে চলমান আইপিএল ২০২২-এ যে কয়েকজন খেলোয়াড় অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন তাঁদের মধ্যে অনেককেই জাতীয় দলে ডাকা হতে পারে। প্রথমবারের জন্য সুযোগ পাওয়ার সম্ভাবনা উমরান মালিক, রাহুল ত্রিপাঠী, অর্শদীপ সিংদের মত অনেকেরই। শিখর ধাওয়ান বা হার্দিক পান্ডিয়ার মধ্যে কেউ একজন স্কোয়াডের নেতৃত্বে থাকতে পারেন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে যে বিরাট কোহলি, অধিনায়ক রোহিত শর্মা, ঋষভ পান্ত, জসপ্রিত বুমরাহর মতো সব ফর্ম্যাট খেলা ক্রিকেটারদের ইংল্যান্ড সফরের আগে সতেজ রাখার জন্য দক্ষিণ আফ্রিকা সিরিজে বিরতি দেওয়া হতে পারে। ইংল্যান্ডে একটি টেস্ট খেলার আগে আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুটি টি-২০ ম্যাচ খেলবে ভারত।