ধোনি খেলা ছাড়ার পর গায়কওয়াড়কে সিএসকে অধিনায়ক করার ব্যাপারে সম্মতি নেই পোলকের
পোলক মনে করেন অভিজ্ঞতার অভাব রুতুরাজকে অধিনায়ক হিসেবে সমস্যায় ফেলতে পারে
আপডেট করা - May 15, 2022 10:47 pm

শন পোলক মনে করেন যে চেন্নাই সুপার কিংসের জন্য এমএস ধোনির অধিনায়কত্বের উত্তরসূরি হিসাবে রুতুরাজ গায়কওয়াড়ের আসতে এখনও দেরি আছে। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক বলেছেন যে সুপার কিংসের বেশিরভাগ অভিজ্ঞ খেলোয়াড় আইপিএল ২০২২-এর পরে হয়তো আর খেলবেন না। সেক্ষেত্রে ২৫ বছর বয়সী গায়কওয়াড়ের পক্ষে একটি তরুণ দলকে নেতৃত্ব দেওয়া “খুব বড় চ্যালেঞ্জ” হতে পারে।
মরসুমের শুরুতে রবীন্দ্র জাডেজাকে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হলেও, মরসুমের মাঝপথে তিনি পদত্যাগ করার পরে আবার ধোনির হাতে দায়িত্ব আসে। কিন্তু তাঁর ৪০ বছর বয়স হয়ে যাওয়ায় তিনি কতদিন খেলতে পারবেন তা অনিশ্চিত। পুনেতে জন্মগ্রহণ করা গায়কওয়াড় চেন্নাইয়ের হয়ে ২০২০ সালে আত্মপ্রকাশের পর থেকে ফ্র্যাঞ্চাইজির একজন শীর্ষ পারফর্মার। এবং তাঁর শান্ত স্বভাবে কারণে, অনেকে তাঁকে ধোনির উত্তরসূরি হিসাবে দেখেন।
ক্রিকবাজের সাথে কথা বলার সময়, পোলক বলেছেন যে দলের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড়দের অবসর খুব শীঘ্র না হলে এই রূপান্তরটি কাজ করতে পারে। তবে প্রাক্তন দক্ষিণ আফ্রিকান অধিনায়ক মনে করেন ওপেনিং ব্যাটার খুব কম বয়সী এবং ফ্র্যাঞ্চাইজির উচিত নতুন নেতার জন্য দলের বাইরে কারোর দিকে নজর দেওয়া উচিত।
ধোনিকে আরও একটি বছর নেতৃত্ব দিতে হবে, মনে করেন পোলক
তিনি বলেছেন, “যদি ধোনি সিদ্ধান্ত নেন যে তিনি পরের বছর থাকবেন না, তা হলে আমার মনে হয় তাদের স্কোয়াডের বাইরে তাকাতে হবে। আমি মনে করি না গায়কওয়াড় এই পর্যায়ে তার কাঁধে দায়িত্ব নিতে সক্ষম হবেন। যদি পরের মরসুমেও তাঁর আশেপাশে অভিজ্ঞতারা থাকেন তবে তাঁকে অধিনায়ক করা কার্যকর হতে পারে তবে আমি মনে করি এই পর্যায়ে এটি খুব বড় চ্যালেঞ্জ হবে তার জন্য।”
৩৬ বছর বয়সী আম্বাতি রায়ুডু সম্প্রতি তাঁর অবসর ঘোষণা করেছেন এবং যদিও তিনি শীঘ্রই বিবৃতি প্রত্যাহার করেছেন, তবে তাঁর আর আইপিএলে খেলার সম্ভাবনা নেই। এ ছাড়া, আইপিএল ২০২২-এর পর খুব বেশী দিন ডোয়েন ব্রাভো বা রবিন উথাপ্পাদেরও খেলতে দেখা যাবে না।
পোলক মনে করেন যদি সুপার কিংস তরুণ ওপেনারকে তাদের পরবর্তী নেতা করতে চায়, তবে ধোনিকে আরও এক বছরের জন্য নেতৃত্ব দিতে হবে। পোলক বলেছেন, “যদি গায়কওয়াড়ের কাছেই যাওয়া হয়, তবে ধোনিকে আরও একটি বছর নেতৃত্ব দিতে হবে। আমি দেখতে চাই মাঠে তারা বেশ কিছু সিদ্ধান্ত একসঙ্গে নিচ্ছে আলোচনা করা।”