আইপিএলে সবচেয়ে কম বল খেলে ২০০০ রানের মালিক আন্দ্রে রাসেল
আপডেট করা - May 14, 2022 10:37 pm

আইপিএলের মঞ্চে নতুন রেকর্ডের মালিক হলেন আন্দ্রে রাসেল। তাঁর শক্তিশালী ব্যাটিংয়ের সঙ্গে সকলেই পরিচিত। সেই বিধ্বংসী ব্যাটিং পারফরম্যান্স দেখিয়েই আইপিএলে দ্রুততম ২০০০ রানের মালিক হয়ে গেলেন আন্দ্রে রাসেল। ম্যাচের নীরিখে নয়, সবচেয়ে কম বল খেলে ২০০০ রান সম্পূর্ণ করলেন কলকাতা নাইট রাইডার্সের ক্যারিবিয়ান তারকা। শনিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধেই সেই রেকর্ড গড়লেন তিনি। একইসঙ্গে কেকেআরের হয়ে বড় রান করার কাজটাও করে দিলেন আন্দ্রে রাসেল।
শনিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ১৭৭ রান করে কলকাতা নাইট রাইডার্স। মাঠে আন্দ্রে রাসেলের ঝড় না চললে বোধহয় তা কখনোই সম্ভব হত না। এদিন পুণেতে ফের একবার দেখা গেল আন্দ্রে রাসেল ঝড়। আর তাতেই আপ্লুত সকলে। একইসঙ্গে নিজের মুকুটে নতুন পালকও তুললেন এই ক্যরিবিয়ান তারকা। আইপিএলের মঞ্চে ৯৬ ম্যাচ খেলে ফেললেও, সবচেয়ে কম বল খেলেই ২০০০ রানের মালিক হলেন তিনি।
আইপিএলে ১১২৯ বল খেলে ২০০০ রানের মালিক আন্দ্রে রাসেল
কলকাতা নাইট রাইডার্সের হয়ে চতুর্থ ব্যাটার হিসাবে এই রেকর্ড গড়েছেন আন্দ্রে রাসেল। এর আগে কেকেআরের হয়ে ২০০০ রানের গন্ডী টপকেছেন গৌতম গম্ভীর, রবীন উথাপ্পা এবং ইউসুফ পাঠান। আন্দ্রে রাসেল এই রেকর্ড গড়তে সময় নিয়েছেন মাত্র ৯৬ ম্যাচ। মাত্র ১১২৯ বলেই কেরিয়ারের নতুন মাইলস্টোন তৈরি করলেন আন্দ্রে রাসেল। ২০০০ রান যেমন করলেন তিনি, তেমনই তাঁর গড় রয়েছে ৩১.৩৩ এবং স্ট্রাইকরেট রয়েছে ১৮০।
২০১৪ বসালে কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলের মঞ্চে খেলা শুরু আন্দ্রে রাসেল। প্রথম থেকেই নাইট শিবিরের অন্যতম প্রধান সদস্য হয়ে ওঠেন তিনি। এবারের মেগা নিলামের আগে সকলকে ছেড়ে দিলেও যে চারজনকে নাইট শিবির ছাড়েনি তাদের মধ্যে একজন ছিলেন আন্দ্রে রাসেল। তাঁকে কেন রেখে দেওয়া হয়েছিল সেটাই বোধহয় বুঝিয়ে দিলেন তিনি।
২৮ বলে ৪৯ রানের ঝোরো ইনিংস খেলেন এদিন আন্দ্রে রাসেল। তাঁর হাত ধরেই কলকাতা নাইট রাইডার্সের রান এদিন ১৭৭-এ পৌঁছয়। আন্দ্রে রাসেলের গোটা ইনিংস জুড়ে রয়েছে ৩টি চার এবং চারটি ওভার বাউন্ডারি। ম্যাচ শেষে তিনি নিজেও যেন খানিকটা স্বস্তিতে রয়েছে। দলের রান ১৭৭ রানে পৌঁছে দিতে পেরে খুশি তিনি।।
নাইট রাইডার্সের ব্যাটিং শেষে রাসেল জানিয়েছেন, “এরমভাবে শেষ করতে পেরে আমি খুশি। প্রতিপক্ষ বোলাররা যথেষ্ট ভাল বোলিং করছিল, সেখানে নিজেদের প্ল্যানিং কার্যকর করাটাই ছিল লক্ষ্য। বিশেষ করে সিমার্সরা। এই পিচ দেখে মনে হয় ১৭০ রান লড়ার জন্য যথেষ্ট ভাল রান”।