আইপিএল থেকে অবসর ঘোষণা করার টুইট করে, পরে ডিলিট করে দিলেন আম্বাতি রায়ুডু
তিনি টুইটারে জানিয়েছিলেন আইপিএল ২০২২-এর পর তিনি এই টি-২০ টুর্নামেন্টের অংশ হবেন না
আপডেট করা - May 14, 2022 2:04 pm

আরও একবার হঠকারী ঘোষণা করে প্রচারের আলোয় এলেন চেন্নাই সুপার কিংসের অভিজ্ঞ ব্যাটার আম্বাতি রায়ুডু। টুইট করে জানিয়েছিলেন চলমান মরসুম শেষ হওয়ার পরে তাঁর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) কেরিয়ারে ইতি টানবেন। কুশলী কব্জির মিডল অর্ডার ব্যাটার শনিবার (মে ১৪) টুইটারে গিয়ে তাঁর এই সিদ্ধান্তের কথা ঘোষণা করার খানিক পরেই টুইটটি ডিলিট করে দেন। ২০১০ সালে আইপিএলে অভিষেক হয়েছিল রায়ুডুর। তিনি বরাবরই আইপিএলে ধারাবাহিক পারফর্ম করেছেন এবং তাঁর পরিসংখ্যান তাঁর সাফল্যর হয়ে কথা বলে।
অন্ধ্রপ্রদেশে জন্মগ্রহণকারী ব্যাটার যে কোন দলের জন্যই একজন সম্পদ এবং অধিকাংশ অধিনায়কই তাঁকে দলে পেয়ে সন্তুষ্ট হবেন। তিনি যে কোনও জায়গায় ব্যাট করতে পারেন। ইনিংসের শুরুতে নেমে পুরো ইনিংস জুড়ে খেলা হোক বা শেষের দিকে বড় শট খেলা হোক, রায়ুডু সব চ্যালেঞ্জকে গ্রহণ করেছেন এবং সেরা বোলারদের বিরুদ্ধে দাপিয়ে খেলেছেন। উল্লেখ্য, তিনি ২০১৭ সাল পর্যন্ত মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে যুক্ত ছিলেন এবং তাদের হয়ে তিনটি শিরোপা জিতেছিলেন।
এমআই এবং সিএসকেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই: আম্বাতি রায়ুডু
তারপরে তিনি ২০১৮ সালে চেন্নাই সুপার কিংসে যোগদান করেন এবং তখন থেকেই তিনি দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন। অবসর ঘোষণা করার সময়, তিনি তাঁর যাত্রার অংশ হওয়ার জন্য উভয় ফ্র্যাঞ্চাইজিকে ধন্যবাদ জানান। “আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে এটাই হবে আমার শেষ আইপিএল। আমি এখানে খেলে এবং ১৩ বছর ধরে ২টি দুর্দান্ত দলের অংশ হয়ে তাদের সঙ্গে একটি দুর্দান্ত সময় কাটিয়েছি। চমৎকার যাত্রার জন্য মুম্বই ইন্ডিয়ান্স এবং সিএসকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই,” তিনি টুইট করেছিলেন, যে টুইট তিনি পরে ডিলিট করে দেন।
Thank You Champion 🏆🙏 #ambatirayudu #Rayudu #CSK #Dhoni pic.twitter.com/CuqrCHzDVs
— Priyanshu sharma (@priyanshu_077) May 14, 2022
সামগ্রিকভাবে রায়ুডু আইপিএলে ১৮৭টি ম্যাচ খেলেছেন, যেখানে মোট ৪১৮৭ রান করেছেন। সর্বোচ্চ আইপিএল স্কোর ১০০*। ২৯.২৮ গড় রাখার পাশাপাশি ১২৭.২৬ স্ট্রাইক রেটে রান করেছেন। ২২টি হাফ সেঞ্চুরি ছাড়া ১টি সেঞ্চুরিও করেন। বাউন্ডারি মেরেছেন ৩৪৯টি এবং ওভার-বাউন্ডারির সংখ্যা ১৬৪।
৩৬ বছর বয়সী সিএসকেকে গত বছর তাদের চতুর্থ শিরোপা দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। গতবারের চ্যাম্পিয়নরা চলমান প্রতিযোগিতায় খারাপ সময়ের মধ্য দিয়ে গেলেও রায়ুডু বেশ ভালো পারফর্ম করেছেন। এখনও পর্যন্ত, তিনি ১২ ম্যাচে ২৭১ রান করেছেন যার মধ্যে একটি হাফ সেঞ্চুরি রয়েছে।