ভারতের টেস্ট দলে শীঘ্রই উমরান মালিককে নেওয়া উচিত্ বলে মনে করেন কেভিন পিটারসন
আপডেট করা - May 6, 2022 8:57 pm

এবারের আইপিএলে গতির জাদুতে সকলকে মোহিত করেছেন উমরান মালিক। জম্মু ও কাশ্মীরের এই তরণ ক্রিকেটারকে নিয়ে এবার মুখ খুললেন প্রাক্তন তারকা ইংল্যান্ড ক্রিকেটার কেভিন পিটারসন। তাঁর মতে শীঘ্রই ভারতের টেস্ট স্কোয়াডে এই তরুণ বোলারকে নেওয়া উচিত্ ভারতীয় দলের। সামনেই রয়েছে ইংল্যান্ড সফর । সেখানেই এই তরুণ ক্রিকেটারকে খেলানোর পরামর্শও দিচ্ছেন কেভিন পিটারসন। তাঁর মতে ইল্যান্ডের পরিস্থিতিতে উমরান মালিক ভারতীয় দলকে সাফল্য এনে দিতে পারবেন।
এবারের আইপিএলে প্রতি ম্যাচেই প্রায় ধারাবাহিকভাবে দেড়শো গতিতে বোলিং করে চলেছেন উমরান মালিক। শেষষ দুই ম্যাচ বাদ দিলে প্রতি ম্যাচেই উমরান মালিকের ঝুলিতে উইকেটও রয়েছে এবং ব্যাটাররাও বারবার তাঁর বিরুদ্ধে সমস্যায় পড়ছেন। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে এবারের আইপিএলে দ্রুততম বোলিংও এসেছে তাঁরই হাত থেকে। সেখানেই রভম্যান পাওয়েলের বিরুদ্ধে ১৫৭ কিমি বেগে বোলিং করেছেন এই তরুণ ক্রিকেটার। যা দেখার পরই তাঁকে শীঘ্রই ভারতীয় ভারতীয় দলে নেওয়ার দাবী করেছেন কেভিন পিটারসন।
এবারের আইপিএলে ১৫৭ কিমি বেগে বোলিং করে সকলকে চমকে দিয়েছেন উমরান মালিক
সামনেই রয়েছে ভারতের ইংল্যান্ড সফর। সেখানেই টেস্ট ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁকে খেলানোর পরামর্শ দিয়েছেন কেভিন পিটারসন। তাঁর মতে ব্রিটিশ ক্রিকেটাররা তাঁর মতো বোলারকে খেলতে অভ্যস্ত নয়। সেক্ষেত্রে ইংল্যান্ডের ক্রিকেটারদের তিনি সমস্যায় ফেলতে পারবেন। শুধু তাই নয় একসময় মিচেল জনসনকেও এমনভাবেই ব্যবহার করেছিল অস্ট্রেলিয়া। সেই তুলনা টেনে এনেই উমরান মালিককেও ব্যবহারের পরামর্শ দিচ্ছেন তিনি।
এই প্রসঙ্গেই কেভিন পিটারসন জানিয়েছেন, “এবারের আইপিএলে বেশকিছু ভারতীয় পেসাররা নজর কাড়া পারফরম্যান্স প্রদর্শন করছেন। পেসের বিচারে তাদের পাশে রয়েছেন বিদেশীদের মধ্যে একমাত্র আলজারি জোসেফ এবং লোকে ফার্গুসন। কার্তিক ত্যাগী, মহসিন খানকা দুর্ধর্ষ পারফরম্যান্স প্রদর্শন করছেন। তবে পেসারদের সবচেয়ে আলাদা হলেন উমরান মালিক। দিল্লির বিরুদ্ধে ১৫৭ কিমি বেগে বলিং করেছিলেন তিনি”।
এবারের আইপিএলে প্রথম ম্যাচ থেকেই বাইশগজে আগুন ঝড়াচ্ছেন উমরান মালিক। প্রতিযোগিতা যত এগোচ্ছে ততই যেন বলের গতিও বাড়ছে তাঁর। ইতিমধ্যেই আইপিএলের মঞ্চে ১৫টি উইকেটও তুলে ফেলেছেন এই তরুণ ক্রিকেটার। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে এবারের আইপিএলে প্রথম পেসার হিসাবে পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন তিনি। শুধু সেই ম্যাচই নয় তার আগে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধেও তিনি বিধ্বংসী বোলিং পারফরম্যান্স দেখিয়েছিলেন।
সেই ম্যাচে শ্রেয়স আইয়ারের বিরুদ্ধে তাঁর ইয়র্কার নিয়ে রীতীমত হৈচৈ পড়ে গিয়েছিল। এখন দেখার পিটারসনের পরামর্শ অনুযায়ী ভারতের টেস্ট দলে উমরান খানের জায়গা হয় কিনা।