আইপিএল ২০২২, ম্যাচ ৫০: দিল্লি ক্যাপিটালস বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ, ম্যাচ প্রিভিউ, পিচ রিপোর্ট, সম্ভাব্য একাদশ এবং ফ্যান্টাসি টিপস
দিল্লিকে জিততে হলে তাদের সেরা ম্যাচ উইনার কুলদীপ যাদবকে জ্বলে উঠতে হবে
আপডেট করা - May 5, 2022 3:07 pm

প্রিভিউ
বৃহস্পতিবার ব্র্যাবোর্ন স্টেডিয়ামে আইপিএল ২০২২-এর ৫০তম ম্যাচে দিল্লি ক্যাপিটালস এবং সানরাইজার্স হায়দ্রাবাদ মুখোমুখি হবে। ডিসি ৯ ম্যাচের মধ্যে ৪টিতে জিতে ৮ পয়েন্ট নিয়ে ৭ম স্থানে রয়েছে। তারা একটি ম্যাচ জেতার পর, তার পরের ম্যাচেই হেরে বসছে এবং এই লিগে একবারও ছন্দ লাভ করতে পারেনি। গত ম্যাচে লখনউয়ের বিরুদ্ধে ১৯৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৬ রানের ব্যবধানে হেরেছে।
অন্যদিকে সানরাইজার্স হায়দ্রাবাদ বর্তমানে ৯ ম্যাচে ৫ জয় নিয়ে পঞ্চম স্থানে রয়েছে। তারা আগের ২ ম্যাচে হেরেছে এবং লিগে আবার ফিরে আসতে চাইবে। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে শেষ খেলায় বোলাররা ২০২ রান দিয়েছিল এবং টি নটরাজন ছাড়া অন্য কোন বোলার উইকেট নিতে পারেনি। চোটের কারণে ওয়াশিংটন সুন্দরের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
পিচ রিপোর্ট
ব্র্যাবোর্ন স্টেডিয়ামের পিচ ব্যাটারদের অনুকূলেই থাকবে বলে আশা করা যায়। যদিও খুব বেশী রান ওঠার সম্ভাবনা নেই। ১৭৫-এর কাছাকাছি স্কোর জয়ের জন্য যথেষ্ট হতে পারে। স্পিনারদের সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে এই পিচে।
সম্ভাব্য একাদশ
দিল্লি ক্যাপিটালস
ডেভিড ওয়ার্নার, পৃথ্বী শ, মিচেল মার্শ, ঋষভ পান্ত (অধিনায়ক ও উইকেটকিপার), ললিত যাদব, রভম্যান পাওয়েল, অক্ষর প্যাটেল, শার্দূল ঠাকুর, কুলদীপ যাদব, মুস্তাফিজুর রহমান, খলিল আহমেদ।
সানরাইজার্স হায়দ্রাবাদ
অভিষেক শর্মা, রাহুল ত্রিপাঠী, কেন উইলিয়ামসন (অধিনায়ক) এইডেন মার্করাম, নিকোলাস পুরান (উইকেটকিপার), শশাঙ্ক সিং, জগদীশ সুচিথ, ভুবনেশ্বর কুমার, মার্কো য়্যানসেন, টি নটরাজন, উমরান মালিক।
ফ্যান্টাসি ক্রিকেটের সেরা বাছাই
ব্যাটার
ডেভিড ওয়ার্নার – তিনটি হাফ সেঞ্চুরিসহ ২৬৪ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় ১৭তম স্থানে আছেন। স্ট্রাইক রেট ১৫৬.২১। প্রাক্তন দল সানরাইজার্সের সঙ্গে আট বছর যুক্ত থাকায় প্রতিপক্ষকে হাতের তালুর মতো চেনেন।
অভিষেক শর্মা – কেন উইলিয়ামসন ধারাবাহিকভাবে ব্যর্থ হলেও তাঁর ওপেনিং সঙ্গী নিয়মিত রান পাচ্ছেন এবং আনক্যাপড ব্যাটারদের মধ্যে ১৩৪.৪৩ স্ট্রাইক রেটে ৩২৪ রান করে সবার উপরে আছেন।
অলরাউন্ডার
অক্ষর প্যাটেল – প্রায় প্রতি ম্যাচেই রক্ষণাত্মক বোলিং করে মাঝের ওভারগুলিতে রানের গতি রুদ্ধ করছেন। ৭.৫১ ইকোনমি রেটে ৪ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে ১৬৬.৬৬ স্ট্রাইক রেটে ১৪৫ রান করেছেন।
এইডেন মার্করাম – ২০০ বা তার বেশী রান করা ব্যাটারদের মধ্যে তাঁর ৮৭.৬৭ গড় সর্বোচ্চ। ১৪৯.৪৩ স্ট্রাইক রেটে ২৬৩ রান সংগ্রহ করেছেন।
বোলার
কুলদীপ যাদব – ১৭ উইকেট নিয়ে পার্পল ক্যাপের লড়াইয়ে দ্বিতীয় স্থানে আছেন। ইতোমধ্যেই চারবার প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন।
উমরান মালিক – তাঁর অভাবনীয় গতির সামনে অনেক ব্যাটারই কূলকিনারা পাচ্ছেন না। ৯ ম্যাচে ১৫ উইকেট নিয়েছেন, যা আনক্যাপড বোলারদের মধ্যে সর্বাধিক।
উইকেটকিপার
ঋষভ পান্ত – একটিও হাফ সেঞ্চুরি না পেলেও ১৪৯.০৪ স্ট্রাইক রেটে ২৩৪ রান করেছেন। প্রতি ম্যাচেই তিনি ভালো শুরু করেও বড় স্কোরে পৌঁছতে না পারার ব্যর্থতা হায়দ্রাবাদের বিরুদ্ধে বদলাতে চাইবেন।
দিল্লি ক্যাপিটালস বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ ম্যাচের ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত একাদশ
ডেভিড ওয়ার্নার, পৃথ্বী শ, রাহুল ত্রিপাঠী, এইডেন মার্করাম, ঋষভ পান্ত, ললিত যাদব, অভিষেক শর্মা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব (অধিনায়ক), টি নটরাজন, উমরান মালিক (সহ-অধিনায়ক)।