ধোনির বিরুদ্ধে নিজের সেরা বোলিংটা করতে চান উমরান মালিক
আপডেট করা - May 1, 2022 6:00 pm

এবারের আইপিএলে নিজের পারফরম্যান্স দেখিয়ে সকলকে চমকে দিয়েছেন উমরান মালিক। রবিবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নামছে সানরাইজার্স হায়দরাবাদ। আর সেই ম্যাচেও যে কেন উইলিয়ামসনের বোলিং বিভাগের প্রধান অস্ত্র তিনি, তা বলার অপেক্ষা রাখে না। সেই উমরান মালিকই চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নামার আগে নিজের মনের কথা জানালেন। মহেন্দ্র সিং ধোনিকে দেখেই ক্রিকেটের বাইশগজে আসার ইচ্ছা তাঁর। সেই ধোনির বিরুদ্ধেই এবার খেলতে নামছেন তিনি।
নিজের প্রিয় তারকার বিরুদ্ধে বল হাতে দুর্ধর্ষ পারফরম্যান্স প্রদর্শন করাই এখন তাঁর একমাত্র লক্ষ্য। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নামার আগে সেই কথা আর চেপে রাখতে পারেননি এই মুহূর্তে আইপিএলের সবচেয়ে দ্রুতগতির বোলার। তরুণ প্রজন্মের খুব ক্রিকেটারই এমন খুঁজে পাওয়া যাবে যাদের আদর্শ মহেন্দ্র সিং ধোনি নন। ব্যতিক্রম নন সানরাইজার্স হায়দরাবাদের উমরান মালিকও। এবারের আইপিএলে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখাচ্ছেন তিনি। সেই উমরানই এবার ধোনির বিরুদ্ধে বোলিং করতে চান।
চলতি আইপিএলে এখনও পর্যন্ত উমরান মালিক পেয়েছেন ১৫টি উইকেট
মহেন্দ্র সিং ধোনির ভক্ত তিনি। তাঁর বলের গতি এবং লাইন লেন্থের জাদুর স্বাদ এবার ধোনিকেও বাইশগজে দিতে চান জম্মু ও কাশ্মীরের এই তরুণ বোলার। এই প্রসঙ্গে ম্যাচের আগে তিনি জানিয়েছিলেন, “আমার প্রিয় ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির বিরুদ্ধে ফের মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছি আমি। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে আার সেরা পারফরম্যান্সটা দেখাতে চাই”।
গতবারের আইপিএলে মাত্র তিনচি ম্যাচ সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছিলেন তিনি। সেই মরসুমেই নিজের বোলিং দক্ষতার ঝলকটা দিয়েছিলেন এই তরুণ ক্রিকেটার। জম্মু ও কাশ্মীরের এই তরুণ ক্রিকেটারকে দলে রাখারই সিদ্ধান্ত নিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ ম্যানেজমেন্ট। এবারের নিলামের জন্য তাঁকে ছাড়েনি সানরাইজার্স হায়দারাবাদ। আর সেই সিদ্ধান্ত যে একেবারেই সঠিক ছিল তা হয়ত এখন বুঝতেই পারছে সানরাইজার্স হায়দরাবাদ।
এবারের শুরুর দিকে দু-একটা ম্যাচে তেমন পারফরম্যান্স দেখাতে না পারলেও, সময় যত এগিয়েছে ততই সকলকে অবাক করে দিয়েছেন উমরান মালিক। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচ দিয়েই বাইশগজে শুরু করেছিলেন তাঁর তান্ডবলীলা। শ্রেয়স আইয়ারকে ইয়র্কারে আউট করার পাশাপাশি আন্দ্রে রাসেলের মতো ব্যাটারকে ক্রিজে দাঁড় করিয়ে রেখে দিয়েছিলেন তিনি।
এরপরই পঞ্জাবের বিরুদ্ধে একাই তাঁর চার উইকেট সংগ্রহ। আর এখনও পর্যন্ত আইপিএলের মঞ্চে তাঁর সেরা পারফরম্যান্স গুজরাত টাইান্সের বিরুদ্ধে। এবারের আইপিএলে প্রথম ফাস্ট বোলার হিসাবে এক ম্যাচে পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন তিনি। আর তা দেখে সকলেই আপ্লুত। ইতিমধ্যেই আইপিএলে ১৫টি উইকেট নিয়ে ফেলেছেন এই তরুণ ক্রিকেটার। এবার তাঁর লক্ষ্য ধোনি। বিশ্বের সেরা ফিনিশারের বিরুদ্ধে তাঁর সেরা বোলিংটাই এবার করতে চান উমরান মালিক।