নেতৃত্বের দায়িত্ব পাওয়ার পর হার্দিক পান্ডিয়াকে এখন আরও দক্ষ ক্রিকেটার মনে হচ্ছে সুনীল গাভাসকরের

Hardik Pandya
Hardik Pandya. (Photo Source: IPL/BCCI)

এবারের আইপিএলে আট নয় ১০ দলের লড়াই। আর একইসঙ্গে আইপিএলের মঞ্চে নচুন ১০ অধিনায়কের অভিষেক। আর সেই লড়াইয়েই যেন সকলকে ছাপিয়ে বেশ কয়েকধাপ এগিয়ে গিয়েছেন হার্দিক পান্ডিয়া। অন্তত সুনীল গাভাসকরের মতে তা তেমনটাই। এই মুহূর্তে আইপিএলের মঞ্চে সবচেয়ে বেশী ম্যাচ জিতে শীর্ষ স্থানে রয়েছেন হার্দিক পান্ডিয়ার গুজরাত টাইটান্স। নেতৃত্বের দক্ষতার পাশাপাশি নিজের খেলাতেও বহু উন্নতি করেছেন হার্দিক। আর তা দেখেই আপ্লুত সুনীল গাভাসকর।

হার্দিকের সঙ্গে রোহিত শর্মার তুলনা পর্যন্ত করতে পিছপা হননি ভারতের এই কিংবদন্তী তারকা ক্রিকেটার। ২০১৩ সালে রোহিত শর্মা হঠাত্ মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কের দায়িত্ব পাওয়ার যেমন বদলে গিয়েছিলেন, ২০২২ সালে সেটাই যেন দেখাযাচ্ছে হার্দিক পান্ডিয়ার মধ্যে। নেতৃত্বের দায়িত্ব পাওয়ার সঙ্গে হার্দিক পান্ডিয়া যেন এখন আরও বেশী সাবধানী। ব্যাটিং থেকে বোলিং, ফিল্ডিং প্রতিটি ক্ষেত্রেই হার্দিক পান্ডিয়াকে আগের চেয়ে আরও বেশী দক্ষ বলে মনে করছেন সুনীল গাভাসকর।

প্রায় ছ মাস পর চোট সারিয়ে ক্রিকেটের বাইশগজে ফিরেছেন হার্দিক পান্ডিয়া। এবারের আইপিএল শুরু হওয়ার আগেই তাঁর কাঁধে চেপেছে নতন দায়িত্ব। নতুন দল গুজরাত টাইটান্স। সেই দলেরই অধিনায়ক হিসাবে নির্বাচিত হয়েছেন হার্দিক পান্ডিয়া। তাঁর সামনে এবারের আইপিএলে ছিল জোড়া চ্যালেঞ্জ। অধিনায়ক হিসাবে নিজেকে প্রমাণ করা এবং ফের এবার অলরাউন্ডারের পরীক্ষায় পাশ করা। আর এখনও পর্যন্ত হার্দিককে সেই পরীক্ষায় ফুল মার্কসই দিচ্ছেন সুনীল গাভাসকর।

হার্দিক পান্ডিয়ার সঙ্গে রোহিত শর্মার তুলনায় সুনীল গাভাসকর

প্রাক্তন কিংবদন্তী তারকার মতে হার্দিক পান্ডিয়ার খেলা নাকি এখন আরও অনেক বদলে গিয়েছে। হার্দিকের শট নির্বাচন থেকে বোলিং দক্ষতা সবই গাভাসকরকে মুগ্ধ করেছে। শুধু তাই নয় এবারের আইপিএলে হার্দিক পান্ডিয়া নিজের ব্যাটিং অর্ডারও বদলে ফেলেছেন। বেশীরভাগ ম্যাচেই তিন অথবা চার নম্বরে ব্যাটিং করতে আসছেন তিনি। সাফল্যও পাচ্ছেন হার্দিক পান্ডিয়া।

এসব দেখেই সুনীল গাভাসকর স্টার স্পোর্টসের ক্রিকেট লাইভ অনুষ্ঠানে জানিয়েছেন, “আমার হার্দিককে দেখে রোহিত শর্মার ২০১৩ সালে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হওয়ার কথা মনে পড়ছে। সেই বছরের মাঝপথে রোহিতকে নেতৃত্ব দেওয়া হয়েছিল। এরপর থেকেই তাঁর খেলা বদলে গিয়েছিল। হার্দিকের সঙ্গেও তেমনটাই হচ্ছে। সেইসময় রোহিত শর্মার থেকে ৪০, ৫০ রানের ক্যামিও পারফরম্যান্স দেখা যেত। কিন্তু নেতৃত্ব পাওয়ার পরই তাঁর শট নির্বাচন থেকে দায়িত্ব নেওয়ার গুরুত্ব বেড়েছিল। সেই পরিস্থিতির সঙ্গেই এবারের হার্দিক পান্ডিয়ার মিল খুঁজে পাচ্ছি”।

গাভাসকর আরও জানান, “হার্দিকের শট নির্বাচন পদ্ধতি দুর্ধর্ষ। সেইসঙ্গে তিনি তো সবসময়ই একজন দুর্দান্ত ফিল্ডার। হার্দিক তাঁর দক্ষতার পরিচয় দিচ্ছেন। সেজন্যই গুজরাত টাইটান্সও ক্রমশ এগিয়ে চলছে”।

হার্দিক পান্ডিয়ার হাত ধরে এই মুহূর্তে আইপিএলের পয়েন্ট টেবিলে শীর্ষস্থানে রয়েছে গুজরাত টাইটান্স। এই দৌড় এবারের আইপিএলে গুজরাত বজায় রাখতে পারে কিনা সেটাই এখন দেখার।

close whatsapp