মহেলা জয়বর্দনের নিশানায় দলের ব্যাটিং পারফরম্যান্স, ব্যাটারদের নিয়ে হতাশার সুর তাঁর গলায়
আপডেট করা - Apr 25, 2022 2:16 pm

এতদিন মুম্বই ইন্ডিয়ান্সের হারের প্রধান কারণ হিসাবে সকলে তাদের বোলিং পারফরম্যান্সকেই দায়ী করে আসছিলেন। অবশেষে দলের ব্যর্থতা নিয়ে মুখ খুললেন মুম্বই ইন্ডিয়ান্স কোচ মাহেলা জয়বর্দনে। শুধুমাত্র বোলিং পারফরম্যান্সকেই দুষতেই নারাজ তিনি। মাহেলা জয়বর্ধনের নিশানায় মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটাররা। একের পর এক ম্যাচে ব্যাটারদের ব্যর্থতার জন্যই মুম্বই ইন্ডিয়ান্ের এমন অবস্থা বলেই এবার দাবী মহেলা জয়বর্দনের। প্রথমে ব্যাটিং করে যেমন তারা বড় রান তুলতে পারছেন না, তেমনই রান তাড়া করতে গিয়েও ব্যর্থ হচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স।
এর আগে আইপিএলের মঞ্চে কোনও দলই এমন খারাপ পারফরম্যান্স প্রদর্শন করেনি। ২০২২ সালে আইপিএলের ইতিহাসে সবচেয়ে খারাপ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স। এখনও পর্যন্ত একটিও ম্যাচে জয়ের মুখ দেখেনি তারা। টানা আট ম্যাচে হারতে হয়েছে মুম্বই ইন্ডিয়ান্সকে। আর দলের এমন খারাপ ফর্ম দেখার পরই ব্যাটারদের পারফরম্যান্স নিয়ে মুখ খুলতে ব্যর্থ হয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের প্রধান কোচ মহেলা জয়বর্দনে। তাঁর মতে শুধু বোলাররা নয়, দলের এমন খারাপ পারফরম্যান্সের জন্য ব্যাটাররাও দায়ী।
আইপিএলে টানা আট ম্যাচ হেরেছে মুম্বই ইন্ডিয়ান্স
শেষম্যাচে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নেমেছিল মুম্বই ইন্ডিয়ান্স। সেই ম্যাচে লোকেশ রাহুল শতরান করলেও লখনউ কিন্তু খুব একটা বড় রান গড়ে তুলতে পারেনি। মুম্বই ইন্ডিয়ান্সের জেতার জন্য প্রয়োজন ছিল ১৬৯ রান। কিন্তু লখনউয়ের বিরুদ্ধে তাও করতে পারেনি তারা। সেই ম্যাচেই হেরে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। এমন জায়গায় ব্যাটারদের ব্যর্থতায় যে মুম্বই কোচ যথেষ্ট হতাশ তা বেশ স্পষ্ট।
আর ম্যাচ শেষে সেই কথাই যেন বারবার উঠে এসেছে মহেলা জয়বর্দনের মুখে। তিনি জানিয়েছেন, “আমার এটা ভালকরে পর্যবেক্ষণ করে দেখতে হবে। আমাদের দলের বাকি কোচেদের সঙ্গেও আমায় আলাদাভাবে কথা বলতে হবে। ব্যাটিংটাই যেন আমাদের সবচেয়ে সমস্যার জায়গা এই মুহূর্তে। সেদিকেই নজর দিতে হবে। রান তাড়া হোক কিংবা প্রথমে ব্যাট করা হোক সব জায়গাতেই সমস্যা হচ্ছে আমাদের”।
এখনও পর্যন্ত মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটারদের থেকে সেই পারফরম্যান্স লক্ষ্য করা যায়নি। প্রথম ম্যাচ থেকেই বড় রান করতে ব্যর্থ হয়েছে তারা। এখনও রোহিত শর্মা, কায়রণ পোলার্ড, শান কিষাণদের মতো ব্যাটাররা বারবার ব্যর্থ হয়েই সাজঘরে ফিরছেন। যা জয়বর্দনের হতাশা বাড়ানোর জন্য হয়ত যথেষ্ট। একইসঙ্গে বোলারদের নিয়েও সন্তুষ্ট নন তিনি। প্রতি দলের বোলাররা যেভাবে উইকেট তুলতে সমর্থ হচ্ছেন, মুম্বই ইন্ডিয়ান্সের বোলাররা তা পারছেন না। মুম্বই ইন্ডিয়ান্সের হারের কারণ নিয়ে এখন শুরু হয়েছে চিরুনি তল্লাসি।