“চ্যাম্পিয়ন হওয়া ছাড়া অন্য কিছু ভাবছি না”, নিজের লক্ষ্যে অবিচল অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক
পূর্ণ শক্তির দল নিয়ে আশাবাদী তিনি
আপডেট করা - Oct 17, 2021 7:56 pm

২৩শে অক্টোবর আবুধাবিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি -টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করবে অস্ট্রেলিয়া। সেই ইভেন্টের আগে নিজেদের প্রস্তুতি, লক্ষ্য নিয়ে কথা বললেন অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক। তিনি মনে করেন স্ট্রেলিয়া পূর্ণ শক্তি নিয়ে নামছে এবং টুর্নামেন্টে নিজেদের ছাপ ফেলতে প্রত্যেক ক্রিকেটারই মরিয়া।
পূর্ণ শক্তির দল নিয়ে খেলতে পারা ইতিবাচক দিক
ইদানীং টি -টোয়েন্টি ফরম্যাটে অস্ট্রেলিয়ার পারফর্ম্যান্স বিশেষ চমকপ্রদ নয়। দলটি ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশের বিপক্ষে টি -টোয়েন্টি সিরিজে পর্যুদস্ত হয়েছিল। তাদের শেষ দশটি টি -টোয়েন্টি ম্যাচের মধ্যে আটটিতেই হারের সম্মুখীন হয়েছে। স্টার্ক মনে করছেন সেইসব সিরিজে মূলত অনভিজ্ঞরা খেলছিল, কিন্তু এখনের দলটি ভিন্ন। এটি পূর্ণ শক্তির অস্ট্রেলিয়া। তিনি আরও বলেছেন যে অস্ট্রেলিয়া তাদের প্রথম টি -টোয়েন্টি বিশ্বকাপ তুলে নিতে বদ্ধপরিকর।
আসন্ন বিশ্বকাপ এবং সেখানে তাঁদের লক্ষ্য সম্পর্কে স্টার্ক বলেছেন, “আমরা যে আমাদের পূর্ণ শক্তির দল নিয়ে বিশ্বকাপে খেলতে পারছি এটা একটা বিরাট বড় ইতিবাচক দিক। স্পষ্টতই, ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশের বিরুদ্ধে আমাদের সেই শক্তি ছিল না। আমরা একটিও টি -টোয়েন্টি বিশ্বকাপ জিততে পারিনি, তাই আমি আশা করছি আমাদের প্রথম বিশ্বকাপ জয়ের অংশীদার হতে পারব আমি। বিশ্বকাপ জেতা এখন আমাদের হাতে। আমরা বিশ্বকাপ জেতার জন্য প্রস্তুত হয়েই এসেছি। চ্যাম্পিয়ন হওয়া ছাড়া অন্য কিছু ভাবছি না।”
ক্রিকেট.কমের প্রতিবেদনে স্টার্ক বলেন, “আমাদের কিছু তরুণ, অনভিজ্ঞ ক্রিকেটারদের সেইসব সিরিজে খেলতে হয়েছিল এমন এক পরিবেশে যেখানে ওরা খুব বেশি খেলেনি, ফলে সেখানকার পরিস্থিতি সম্বন্ধে সড়গড় ছিল না। তাই আমাদের ফল ভালো হয়নি।”
অস্ট্রেলিয়া আবুধাবি এবং দুবাইতে সুপার ১২-র ম্যাচ খেলতে হবে অস্ট্রেলিয়াকে। সেখানকার পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়ার মতো দল তাঁদের হাতে আছে বলেই বিশ্বাস করেন তিনি। তিনি আরও যোগ করেছেন যে তাঁর নিজের প্রস্তুতি নিয়েও তিনি সন্তুষ্ট।
“এখানকার পরিস্থিতির অনুকূল দল আমাদের হাতে আছে। প্রত্যেক বিভাগেই পর্যাপ্ত প্রতিভাবান ক্রিকেটার আছে যা আমাদের যে কোন অবস্থাতেই ভালো খেলতে সাহায্য করবে। তাই আমি আশাবাদী। এই ধরণের টুর্নামেন্টের জন্য নিজেদের প্রস্তুত করার জন্য আমাদের কী করণীয় তা আমরা জেনে এসেছি এবং প্রত্যেকে পর্যাপ্ত ক্রিকেট খেলে এসেছি,” স্টার্ক যোগ করেছেন।