বিরাটের খারাপ ফর্ম দেখে তাঁকে বিরতি নেওয়ার পরামর্শ দিলেন শাস্ত্রী
চলতি আইপিএলে সাত ম্যাচে মাত্র ১১৯ রান করেছেন কোহলি
আপডেট করা - Apr 20, 2022 2:01 pm

প্রাক্তন টিম ইন্ডিয়ার প্রধান কোচ রবি শাস্ত্রী মনে করেন বিরাট কোহলির সাম্প্রতিক সময়ের খারাপ ফর্ম কাটানোর জন্য বিরতি প্রয়োজন। মঙ্গলবার (১৯শে এপ্রিল), নভি মুম্বইয়ের ডাঃ ডিওয়াই পাটিল স্পোর্টস একাডেমিতে লখনউ সুপার জায়ান্টস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মধ্যে আইপিএল ২০২২-এর খেলা চলাকালীন তারকা ব্যাটারটি গোল্ডেন ডাকে আউট হন। দুষ্মন্ত চামিরার একটি বহির্গামী ডেলিভারি কোহলি পয়েন্ট অঞ্চলে খেলতে গেলে দীপক হুডার হাতে ক্যাচ দিয়ে বসেন।
কোহলি আরও একটি ব্যর্থতা সহ্য করায় গ্যালারিতে থাকা আরসিবি ভক্তরা স্তম্ভিত হয়ে যায়। তাঁর ফর্ম সত্যিই উদ্বেগজনক হয়ে উঠছে কারণ গত কয়েক বছরে কোহলি তাঁর সেরা ছন্দের ধারেকাছে যেতে পারেননি। তাঁর শেষ আন্তর্জাতিক সেঞ্চুরি এসেছিল নভেম্বর ২০১৯-এ। কোহলির সঙ্গে দৃঢ় বন্ধনের জন্য পরিচিত শাস্ত্রী মনে করেন ৩৩ বছর বয়সী ব্যাটারের একটি বিরতি প্রয়োজন কারণ বায়ো-বাবল ক্লান্তি তাঁকে নিংড়ে নিয়েছে।
বিরাট কোহলির মধ্যে ৬-৭ বছরের ক্রিকেট বাকি আছে: রবি শাস্ত্রী
“যখন আমি কোচ ছিলাম যখন, সেই সময় এটি (বায়ো-বাবল) প্রথম শুরু হয়েছিল, আমি প্রথম যেটি বলেছিলাম তা হল ‘আপনাকে ছেলেদের প্রতি সহানুভূতি দেখাতে হবে’। আপনি যদি বলপ্রয়োগ করতে যান, তা হলে টিকে থাকা যাবে না এবং নিজের সেরাটা দেওয়া সম্ভব হবে না। তাই আপনাকে অত্যন্ত সতর্ক থাকতে হবে,” স্টার স্পোর্টসকে বলেছেন রবি শাস্ত্রী।
“আমি এখানে সরাসরি আলোচ্য ব্যক্তির কথা বলব। বিরাট কোহলি বেশী খেলে ফেলেছে। কারও যদি বিরতির প্রয়োজন হয়, তবে সেটা তাঁরই। সেটা দুই মাস হোক বা দেড় মাস, সেটা ইংল্যান্ডের পরে হোক বা ইংল্যান্ডের আগে (জুন-জুলাইয়ে ইংল্যান্ড সফরের কথা উল্লেখ করে),” যোগ করেন তিনি।
শাস্ত্রী আরও বলেছিলেন যে কোহলির মধ্যে ৬-৭ বছরের ক্রিকেট বাকি রয়েছে এবং বিসিসিআইকে অবশ্যই তাকে প্রয়োজনীয় সময় দিতে হবে। “তাঁর বিরতি দরকার কারণ তাঁর মধ্যে ৬-৭ বছরের ক্রিকেট বাকি আছে এবং আপনি সেটি হারাতে চান না। তিনি একা নন। বিশ্ব ক্রিকেটে হয়তো আরও অনেকেই একই অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। আপনাকে সমস্যাটি আগে থেকেই সমাধান করতে হবে,” শাস্ত্রী বলেছেন।
যদিও আরসিবি আইপিএল ২০২২-এ তাদের প্রথম সাতটি খেলার মধ্যে পাঁচটি জিতেছে, কোহলি ব্যাট হাতে বিশেষ সাফল্য পাননি। তিনি সাত ম্যাচে ১৯.৮৩ গড়ে মাত্র ১১৯ রান করেছেন।