ধোনির উপস্থিতি দলকে উপকৃত করবে, মেন্টর সম্পর্কে উচ্ছ্বসিত অধিনায়ক কোহলি
ধোনির গেম রিডিংয়ের দিকে তাকিয়ে দল
আপডেট করা - Oct 17, 2021 3:11 pm

বিরাট কোহলি মনে করেন মহেন্দ্র সিং ধোনির উপস্থিতি ও পরামর্শ ভারতকে আইসিসি পুরুষদের টি -টোয়েন্টি বিশ্বকাপে তাদের প্রতিদ্বন্দ্বীদের চেয়ে এক ধাপ এগিয়ে রাখবে।
কিংবদন্তী উইকেটকিপার-ব্যাটার ধোনি টুর্নামেন্টের প্রথম ছয়টি সংস্করণে তার দেশের অধিনায়কত্ব করেছিলেন। প্রথম সংস্করণ ২০০৭-এ ভারতকে চ্যাম্পিয়নও করেন তিনি।
এই প্রথম কোন টি -টোয়েন্টি বিশ্বকাপে খেলোয়াড় হিসেবে দেখা যাবে না ধোনিকে। কিন্তু একজন পরামর্শদাতা হিসেবে ভারতের কাপ অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। মনে করা হচ্ছে অধিনায়ক কোহলি অনেক সিদ্ধান্তের ক্ষেত্রেই ধোনির ক্ষুরধার গেম রিডিংয়ের দিকেই তাকিয়ে থাকবেন।
তরুণরা ধোনির সাথে সময় কাটিয়ে উপকৃত হবে
কোহলি মেন্টর ধোনি প্রসঙ্গে বলেন, “এমএস ফিরে আসতে পেরে উচ্ছ্বসিত, যদিও তিনি সবসময়ই আমাদের মাঝে একজন পরামর্শদাতা হিসেবে ছিলেন। ধোনি আবার সেই কাজটা করার সুযোগ পেয়েছে এবং যেসব তরুণ ক্রিকেটাররা তাদের কেরিয়ারের প্রথম বড় টুর্নামেন্টে খেলছে তারা ধোনির সাথে সময় কাটিয়ে উপকৃত হবে।”
বিরাট কোহলি ধোনিকে ফিরে পেয়ে খুবই আনন্দিত। সেই সূত্রে তিনি বলেছেন, “আমরা বছরের পর বছর ধরে যে অভিজ্ঞতা অর্জন করেছি তা ব্যবহার করতে চাই এবং ম্যাচ, প্রতিপক্ষ ও টূর্নামেন্ট সম্পর্কে তার সাথে কথোপকথন করতে চাই। কৌশলগত ইনপুট, খেলাটি কীভাবে এগোচ্ছে এবং কীভাবে আমরা আরো উন্নতি করতে পারব ধোনির কাছ থেকে এসব শেখা উচিত। আমরা তাকে ফিরে পেয়ে খুবই আনন্দিত এবং তার উপস্থিতি অবশ্যই দলের মনোবলকে আরও বাড়িয়ে তুলবে। দল হিসেবে আমাদের নিজেদের উপর যতটা বিশ্বাস আছে, তার চেয়েও বেশি আত্মবিশ্বাস আমরা পাব ধোনির সান্নিধ্যে থেকে।”
২৪শে অক্টোবর চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করছে ভারত।
অন্য আরেকটি দল যারা একজন কিংবদন্তীর সাহায্য পাবে তারা হল শ্রীলঙ্কা। মহেলা জয়াবর্ধনকে কোচিং পরামর্শক হিসেবে নিযুক্ত করেছে লঙ্কানরা।
অভিজ্ঞ বোলার নুয়ান প্রদীপ চোট পেয়ে ছিটকে যাওয়ার পর জয়াবর্ধনের অভিজ্ঞতা ও উপস্থিতি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আইসিসির কোনো ইভেন্টে প্রথমবারের মতো অলরাউন্ডার দাসুন শানাকা তাদের নেতৃত্বে থাকবেন।
“তিনি বিগত কয়েক বছর ধরে অভাবনীয় সাফল্য এনে দিচ্ছেন। কৌশলগতভাবে তিনি অন্যতম সেরা। তিনি আমাদের সকলের জন্য সত্যিকারের সম্পদ হয়ে উঠবেন।” শানাকা জয়াবর্ধনে সম্পর্কে বলেছিলেন।
১৮ই অক্টোবর নামিবিয়ার বিরুদ্ধে প্রথম রাউন্ডের প্রথম ম্যাচে নামছেন কুসাল জানিথ পেরেরা, ওয়ানিন্ডু হাসারাঙ্গারা।