আইপিএলে আবারও হার, চেন্নাইয়ের হারের কারণ বিশ্লেষণ করলেন স্টিফেন ফ্লেমিং
আপডেট করা - Apr 18, 2022 2:15 pm

আইপিএলে সদ্য জয়ের রাস্তায় ফিরলেও, সেই ধারা বজায় রাখতে ব্যর্থ হয়েছে চেন্নাই সুপার কিংস। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে একসময় এগিয়ে থাকলেও শেষরক্ষা করতে পারেননি রবীন্দ্র জাদেজারা। গুজরাত টাইটান্সের কাছে ৫ উইকেটে হারতে হয়েছে চেন্নাই সুপার কিংসকে। আর তাতেই যে চিন্তা বাড়তে শুরু করেছে, তা বলার অপেক্ষা রাখে না। শেষ মুহূর্তে তীরে এসে তরী ডোবার এই ঘটনাই এবার মেনে নিতে পারছেন না চেন্নাই সুপার কিংসের কোচ স্টিফেন ফ্লেমিং।
গুজরাতের কাছে হারের পরই চেন্নাই সুপার কিংসের পারফরম্যান্স নিয়ে বিশ্লেষণ করতে বসেছিলেন তিনি। সেইসময়ই চেন্নাইয়েক হারের কারণ নিয়েও নিজের মতামত ব্যক্ত করেছেন এই প্রাক্তন তারকা ক্রিকেটার। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে একসময় প্রায় জয়ের দোরগোড়ায় ছিল চেন্নাই সুপার কিংস। ৮ ওভারের মধ্যে গুজরাতের ৪ উইকেট তুলে নিয়ে তাদেরকে রীতীমত চাপে ফেলে দিয়েছিল চেন্নাই সুপার কিংস। কিন্তু সেখান থেকেই ডেভিড মুলার একাহাতে ম্যাচ বের করে দিয়েছেন। তাঁর ৯৪ রানের ইনিংসেই ম্যাচ জিতে নেয় গুজরাত টাইটান্স।
যদিও সেই একটা ঘটনাকেই ম্যাচ হারের প্রধান কারণ হিসাবে মানতে নারাজ চেন্নাই সুপার কিংস কোচ স্টিফেন ফ্লেমিং। তাঁর মতে শুধু মিলারের ইনিংসটাই নয়, আরও বেশকিছু কারণ রয়েছে তাদের এই ম্যাচ হারের জন্য। অবশ্যই ডেভিড মিলারেরটা অন্যতম প্রধান কারণগুলোর মধ্যে অন্যতম। আর ম্যাচ শেষে সেই সমস্ত কারণ নিয়েই আলোচনা করলেন চেন্নাই সুপার কিংস কোচ স্টিফেন ফ্লেমিং।
আইপিএলে পাঁচটি ম্যাচ হারতে হয়েছে চেন্নাই সুপার কিংসকে
ম্যাচ শেষে ফ্লেমিং জানিয়েছেন, “আমাদের এই ম্যাচ হারের জন্য বহু কারণই রয়েছে যেগুলোকে না দেখলেই নয়। যদিও দুটো বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ম্যাচ হারের জন্য। প্রথমত হল ডেভিড মিলারের একটা দুর্ধরর্ষ পারফরম্যান্স এবং তাঁর সঙ্গে রশিদ খানের কয়েক মুহূর্তের জন্য একটা ক্যামিও। আর সেটাই আমাদের হাত থেকে ম্যাচ বের করে নিয়ে চলে গিয়েছিল”।
যদিও শুধু এই দুজনের জন্য হার হয়েছে তেমনটা নয়। স্টিফেন তাদের দলের ব্যাটিং পারফরম্যান্সের দিকেও আঙুল তুলেছেন। তাঁর মতে শেষ পাঁচ ওভার যতটা রান করার দরকার ছিল তাদের, তা করতে পারেননি চেন্নাই সুপার কিংস ব্যাটাররা।
তিনি জানিয়েছেন, “আমাদের হারের পিছনে আরও একটা কারণ হল আমাদের ব্যাটিংয়ের সময় শেষ পাঁচ ওভার। যেখানে গুজরাত টাইটান্স বোলাররা দুর্ধর্ষ বোলিং করেছিলেন। সেই জায়গাতেই বড় রান করতে ব্যর্থ হয়েছি আমরা। এছাড়াও আরও বেশ কিছু জায়গা রয়েছে। কিন্তু আমাদের ব্যাটিংয়ের সময় শেষ পাঁচ ওভার অন্যতম কারণ হারের জন্য”।
গুজরাতের বিরুদ্ধে শেষ পাঁচ ওভারে মাত্র ৪৪ রান করতে পেরেছিল চেন্নাই সুপার কিংস। গুজরাতের বিরুদ্ধে ১৭০ রানের লক্ষ্য দিয়েছিলেন রবীন্দ্র জাদেজা। মিলার বিধ্বংসী হয়ে উঠলেও তারা যে সুযোগ পায়নি এমনটা নয়। শেষের দিকে ডেভিড মিলারের সহজ ক্যাচ মিস করেছিলেন শিবম দুবে। সেটাও যে চেন্নাই সুপার কিংসের হারের অন্যতম কারণ তা বলাই যায়।