চার মাসের আগে মাঠে ফেরা হচ্ছে না দীপক চাহারের, বাদ যেতে পারেন টি-২০ বিশ্বকাপ ২০২২ থেকেও
পেশীর চোট থেকে সেরে উঠলেও পিঠের চোটে আবার কাবু চাহার
আপডেট করা - Apr 14, 2022 1:53 pm

সাম্প্রতিক রিপোর্ট অনুসারে, টিম ইন্ডিয়া এবং চেন্নাই সুপার কিংসের পেসার দীপক চাহার অন্তত চার মাসের জন্য মাঠের বাইরে থাকবেন। তিনি ইতোমধ্যেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২২ থেকে বাদ পড়েছেন। তবে এই বছরের অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২-এ দীপক চাহারের অংশগ্রহণের উপরও কালো মেঘ ঘনিয়ে এসেছে।
চাহার বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে (এনসিএ) কোয়াড্রিসেপ টিয়ার থেকে সেরে উঠছিলেন, এবং নেটে বোলিং করাও শুরু করে দিয়েছিলেন। এমন সময় পিঠে নতুন করে চোট পেয়েছেন তিনি। এর ফলে সিএসকে এই মরসুমে আর তাঁকে প্রথম একাদশে পাবে না। এটি অবশ্যই চারবারের চ্যাম্পিয়নদের জন্য একটি বড় ধাক্কা। তারা মেগা নিলামে ১৪ কোটি টাকা পর্যন্ত খরচ করেছিল চাহারকে দলে পেতে।
তিনি প্রাথমিকভাবে মরসুমের দ্বিতীয়ার্ধ থেকে দলের সাথে যোগ দিতে প্রস্তুত ছিলেন। যদিও, টাইমস অফ ইন্ডিয়ার মতে, সাম্প্রতিক স্ক্যান থেকে বোঝা যাচ্ছে যে ডানহাতি পেসার কমপক্ষে চার মাস মাঠে নামতে পারবেন না। ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২-এও তাঁর না খেলার সম্ভাবনা দেখা দিয়েছে।
দীপক চাহারের অভাবে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে চেন্নাই সুপার কিংস
২৯ বছর বয়সী পেসার বিগত পাঁচ বছর থেকে সিএসকে দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসাবে আবির্ভূত হয়েছেন। ডানহাতি পেসার বোলারদের মধ্যে দ্রুততম নন ঠিকই কিন্তু নতুন বলে সুইং করার ক্ষমতা তাঁকে পাওয়ারপ্লে ওভারের জন্য একটি শক্তিশালী বোলার করে তোলে। স্লগ ওভারের জন্য এই পেসার তীক্ষ্ণ ইয়র্কার এবং ছদ্মবেশী ধীরগতির ডেলিভারিও তাঁর অস্ত্রাগারে মজুত করেছেন।
যদিও এখানেই তাঁর অবদান শেষ হচ্ছে না। ক্রমাগত নিজের ব্যাটিং দক্ষতায় উন্নতি করে দীপক চাহার নিম্ন ক্রমের একজন শক্তিশালী ব্যাটার হয়ে উঠেছেন। তাঁর ওডিআই কেরিয়ারে দুটি হাফ সেঞ্চুরি রয়েছে। সিএসকের হয়ে খেলে তিনি ৫৮ ম্যাচে ৫৮ উইকেট নিয়েছেন।
এই সমস্ত কারণের জন্য চেন্নাই সুপার কিংস তাদের আইপিএলের নিলামের ইতিহাসে সবচেয়ে বেশী অর্থ প্রদান করে চাহারকে কিনতে কার্পণ্য করেনি। যদিও চাহারকে ছাড়াই রবীন্দ্র জাডেজার নেতৃত্বাধীন দলকে এই বছর বোলিং বিভাগ সামলাতে হবে। ৫ ম্যাচে একটি জয় পেয়ে পয়েন্ট তালিকার নবম স্থানে রয়েছে চেন্নাই সুপার কিংস। এখনও চাহারের বদলি ঘোষণা করা হয়নি ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে।
ভারতীয় দল অবশ্যই চাইবে চাহার দ্রুত সেরে উঠুন। কারণ অস্ট্রেলিয়ার পেস সহায়ক পিচে তাঁর বোলিং দলের জন্য গুরুত্বপূর্ণ হবে।