শিখর ধওয়ানের মুকুটে নতুন পালক, আইপিএলের ইতিহাসে ৮০০ বাউন্ডারির মালিক গব্বর

Shikhar Dhawan
Shikhar Dhawan. (Source: IPL/BCCI)

আইপিএলের মঞ্চে নামার পর থেকেই এবার একের পর এক রেকর্ড গড়ে চলেছেন শিখর ধওয়ান। বুধবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নেমেছিল পঞ্জাব কিংস। সেখানেই জোড়া রেকর্ড গড়লেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার শিখর ধওয়ান। আইপিএলের মঞ্চে ইতিহাস গড়লেন তিনি। প্রথম ক্রিকেটার হিসাবে চার ও ছয় মিলিয়ে আইপিএলের মঞ্চে ৮০০টি বাউন্ডারির ইতিহাস গড়লেন গব্বর। তাঁর দক্ষ হাতে ভর করেই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে রানের পাহাড়েও পৌঁছল পঞ্জাব কিংস।

কয়েকদিন আগেই প্রথম ভারতীয় ক্রিকেটার হিসাবে টি টোয়েন্টি ক্রিকেটে হাজারটি বাউন্ডারি মারার রেকর্ড গড়েছিলেন শিখর ধওয়ান। মাঝে মাত্র কয়েকটা দিন। ফের শিখর ধওয়ানের মুকুটে নতুন পালক। আইপিএলের মঞ্চে ইতিহাস তৈরি করে ফেললেন তিনি। আইপিএলের প্রথম ক্রিকেটার হিসাবে ৮০০টি বাউন্ডারি হাকানোর রেকর্ড গড়লেন তিনি। তাও আবার ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মার দলের বিরুদ্ধেই গড়লেন সেই রেকর্ড।

এদিন  টস জিতে পঞ্জাব কিংসকেই প্রথম ব্যাটিংয়ের সুযোগ দেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা। আর ব্যাট হাতেই শুরু থেকেই বিধ্বংসী মেজাজে ছিলেন শিখর ধওয়ান। প্রথমে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আইপিএলে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েন তিনি। এরপরই ছয় ও চার মিলিয়ে আইপিএলে ৮০০টি বাউন্ডারির রেকর্ড গড়েন তিনি। আর তা দেখেই আপ্লুত সকলে। আইপিএলে শিখর ধওয়ান ছয় মেরেছেন ১২৯টি এবং চার মেরেছেন ৬৭১টি। তারপরই রয়েছেন এখন বিরাট কোহলি, ক্রিস গেইল এবং ডেভিড ওয়ার্নারদের মতো তারকারা।

আইপিএলে সর্বোচ্চ বাউন্ডারি

শিখর ধওয়ান – ৮০২ ( চার-৬৭২, ছয়- ১২৯)

বিরাট কোহলি – ৭৬৮ (চার- ৫৪৪, ছয়- ২১২)

ক্রিস গেইল – ৭৬২ (চার- ৪০৪, ছয়- ৩৫৭)

ডেভিড ওয়ার্নার – ৭৩৪ (চার- ৫৩১, ছয়- ২০৩)

রোহিত শর্মা – ৭৩১ ( চার- ৪৯৯, ছয়- ২৩১)

এদিন আইপিএলের শুরু থেকেই দুর্ধর্ষ মেজাজে ছিলেন শিখর ধওয়ান। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৫০ বলে ৭০ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরেছেন ভারতী. ক্রিকেটের গব্বর। আইপিএলের মঞ্চে প্রথম থেকেই যথেষ্ট সফল ক্রিকেটারের তকমা রয়েছে শিখর ধওয়ানের গায়ে।  ২০০৮ সালে দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএলে অভিষেক হয়েছিল শিখর ধওয়ানের। সেবার ১৪ ম্যাচে ৩৪০ রান করেছিলেন তিনি। এছাড়া ধওয়ান খেলেছেন সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে।

এখনও পর্যন্ত যদিও আইপিএলের মঞ্চে শখর ধওয়ানের সবচেয়ে ভাল পারফরম্যান্স ২০২০ সালে। সেবার ১৬ ম্যাচে ৬১৮ রানের পাশাপাশি দুটো শতরানও ছিল শিখর ধওয়ানের। ২০২১ সালেও শিখর ধওয়ানের ব্যাট থেকে এসেছে ৫৮৭ রান। এছাড়া আইপিএলের ইতিহাসে বিরাট কোহলির পর তিনিই দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক। এবারের আইপিএলে শিখর ধওয়ান আরও কী কী চমক দেখান তারই অপেক্ষায় সকলে।

close whatsapp