দেশের খারাপ পরিস্থিতিতে শ্রীলঙ্কার ক্রিকেটারদের আইপিএল থেকে দেশে ফেরার আহ্বান অর্জুন রণতুঙ্গার
আপডেট করা - Apr 12, 2022 9:40 pm

দেশের চূডান্ত সংকট পরিস্থিতি। এই মুহূর্তে শ্রীলঙ্কার ক্রিকেটাররা আইপিএলে খেলতে ব্যস্ত রয়েছেন। আর তা দেখেই খানিকটা অসন্তুষ্ট এবং হতাশ প্রাক্তন শ্রীলঙ্কান অধিনায়ক অর্জুন রণতুঙ্গা। দেশের এমন পরিস্থিতিতে শ্রীলঙ্কার ক্রিকেটারদের আইপিএলের থেকে এক সপ্তাহের বিরতি নিয়ে দেশে ফেরার আবেদন করেছেন অর্জুন রণতুঙ্গা। দেশের সমস্ত নাগরিকের সঙ্গে পায়ে পা মিলিয়ে প্রতিবাদের রাস্তায় নামার আহ্বানই জানিয়েছেন তিনি। যদিও শ্রীলঙ্কার ক্রিকেটাররা যাবেন কিনা তা নিয়ে কোনও নিশ্চয়তা নেই।
আইপিএল শুরু হয়েছে মাত্র দু সপ্তাহ হয়েছে। অন্যান্য দেশের মতো এবারেও আইপিএলে শ্রীলঙ্কান ক্রিকেটাররা অংশগ্রহন করেছেন। শুধু অংশগ্রহন করাই নয়, আইপিএলের মঞ্চে এখনও পর্যন্ত বেশ নজর কাড়া পারফরম্যান্সও করেছেন তারা। কিন্তু সেই সময় তাদের জুড়ে দেখা দিয়েছে চুূড়ান্ত বিশ্ঙ্খলা। গোটা শ্রীলঙ্কাকে ঘিরে ধরেছে আর্থিক মন্দা। আর তাতেই দিন যত এগোচ্ছে ততই পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে শ্রীলঙ্কার। এমন পরিস্থিতিতেই সাধারণ নাগরিকরা নেমে পড়েছেন রাস্তায়।
এই মুহূর্তে শ্রীলঙ্কার ধারের পরিমান এমন জায়গায় পৌঁছেছে যে সাধারণ মানুষের ঘরে খাওয়া বন্ধের পথে। গোটা শ্রীলঙ্কা জুড়ে জিনিসের দাম যেন আগুন। সবকিছুই সাধারণের ধরা ছোঁয়ার বাইরে চলে গিয়েছে। চালের দাম এই মুহূর্তে পৌঁছেছে ৫০০ টাকা কেজিতে। দেশের মানুষের বিরাট এক অংশ চলে গিয়েছে দারিদ্র সীমার নীচে। আর এই পরিস্থিতিতে সরকারের কোনও যথার্থ ব্যবস্থা না নেওয়াতেই ক্ষুব্ধ শ্রীলঙ্কাবাসীর নেমেছেন বিরাট আন্দোলনে। তাদের দাবী একটাই দেশের প্রধানমন্ত্রীর ইস্তফা।
দেশের পাশে দাঁডাতে শ্রীলঙ্কার ক্রিকেটারদের উদ্দেশ্যে বিশেষ বার্তা অর্জুন রণতুঙ্গার
শ্রীলঙ্কার আর্থিক পরিকাঠামোটাই নির্ভরশীল ছিল ট্যুরিজিমের ওপর। কিন্তু করোনার ধাক্কায় সেই জায়গা একেবারেই শেষ হয়ে গিয়েছে। সেইসঙ্গে চীনের কাছে শ্রীলঙ্কার বিশাল অঙ্কের ধার। যা ফেরত চেয়েছে চিন সরকার। এমন পরিস্থিতিতে গোটা শ্রীলঙ্কা দেশ জুড়ে এক চূড়ান্ত খারাপ অবস্থা দেখা দিয়েছে। বিভিন্ন জায়গায় কার্ফু জারির পাশাপাশি, স্কুল, কলেজ বন্ধ এবং ইলেকট্রিক সাপ্লাইয়ের সময় বেধে দেওয়ার সিদ্ধান্ত আরও ক্ষুব্ধ হয়েছে সাধারণ নাগরিকরা। শ্রীলঙ্কার বিভিন্ন জায়গা জুড়ে প্রতিবাদের ঢেউ উঠেছে।
কয়েকদিন আগেই অবশ্য এই ঘটনায় সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন কুমারা সঙ্গাকারা এবং মহেলা জয়বর্দনে। ক্রিকেট উপদেষ্টা কমিটি সহ দেশের জাতীয় ক্রীড়া সংস্থা থেকেও তারা পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। শ্রীলঙ্কান ক্রিকেটাররাও দেশের এমন পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। এবার তাদের উদ্দেশ্যে বিশেষ বার্তা প্রাক্তন শ্রীলঙ্কা অধিনায়ক অর্জুন রণতুঙ্গা।
দেশের পরিস্থিতিতে অন্তত এক সপ্তাহের জন্য আইপিএল থেকে বিরতি নিয়ে দেশে ফেরার আহ্বান জানিয়েছেন তিনি। এই মুহূর্তে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু হয়ে খেলছেন ওয়ানিন্দু হাসারঙ্গা। এছাড়া খেলছেন দুশমন্ত চামিরা। শুধু ক্রিকেটাররাই নয়, কোচ হিসাবে এবারের আইপিএলের সঙ্গে যুক্ত রয়েছেন কুমারা সঙ্গাকারা, মহেলা জয়বর্দনে এবং লসিথ মালিঙ্গাদের মতো তারকা ক্রিকেটাররা। রণতুঙ্গার ঢাক তারা সাড়া দেয় কিনা সেটাই এখন দেখার।