জাতীয় দলে ফেরার জন্য দীনেশ কার্তিকের বয়স বাধা হওয়া উচিত নয়, মত প্রাক্তন ক্রিকেটারের
ভারতীয় দলে দক্ষ ফিনিশারের অভাব পূরণ করতে পারেন কার্তিক
আপডেট করা - Apr 7, 2022 5:56 pm

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া বিশ্বাস করেন যে ৩৬ বছর বয়সেও, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (আরসিবি) উইকেটকিপার-ব্যাটার দীনেশ কার্তিক এখনও আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্য ভারতীয় দলে ফিরে আসতে পারেন। ভারতের মিডল অর্ডারে একজন দক্ষ ফিনিশারের অভাব আছে, কার্তিক সেই জায়গাটি পূরণ করতে পারেন।
কার্তিক এই মরসুমে চাপের মধ্যে দুর্দান্ত সংযম দেখিয়েছেন। তিনি আরসিবি-র হয়ে সাফল্যের সঙ্গে ফিনিশারের ভূমিকা পালন করেছেন, এবং এখনও পর্যন্ত ২০৪.৫৫-এর বিস্ময়কর স্ট্রাইক রেটে ৯০ রান করেছেন এবং টুর্নামেন্টে এখনও একবারও আউট হননি।
তাঁর ইউটিউব চ্যানেলে একটি ভিডিওতে কথা বলার সময়, আকাশ চোপড়া ব্যাখ্যা করেছেন যে ভারতীয় দলে দীনেশ কার্তিকের ভবিষ্যতের কথা বিবেচনা করার সময় বয়স একটি ফ্যাক্টর হওয়া উচিত নয়। তিনি বলেছেন, “আসলে সে সত্যিই ভালো কাজ করছে এবং বয়সটা শুধুই একটা সংখ্যা। তাহলে আপনি কেন চিন্তা করবেন? কেউ যদি ভালো খেলে তা হলে বয়স বাধা হবে কেন? একটা বড় কথা হল সে যে নম্বরে ব্যাটিং করছে সেটাই দলের প্রয়োজন।”
যদিও, চোপড়ার মতে, ৩৬ বছর বয়সীর বিরুদ্ধে যা যেতে পারে তা হল সেই একই পজিশনের জন্য হার্দিক পান্ডিয়ার সঙ্গে তাঁর প্রতিযোগিতা। এ বিষয়ে তিনি বলেন,“কিন্তু তাঁর প্রতিদ্বন্দ্বী কারা তাও আপনাকে দেখতে হবে। হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাডেজা এবং ঋষভ পান্ত আপনার ৪, ৫, ৬ নম্বরে থাকবেন। দীপক হুডাও একজন প্রতিযোগী কারণ তিনি কিছুটা অফ-স্পিন বোলিং করেন। কিন্তু যদি কার্তিক এভাবেই খেলতে থাকেন তবে তাঁকে পরিকল্পনার মধ্যে রাখতে পারবেন।”
আইপিএলের শেষের দিকে কেকেআর, আরআর ভালো ফল করবে, মনে করেন আকাশ চোপড়া
মুম্বই এবং পুনের পিচগুলি এখনও পর্যন্ত তাজা এবং দ্রুত বোলারদের সাহায্য করছে। যদিও, আকাশ চোপড়া বিশ্বাস করেন যে উষ্ণতা বাড়ার সাথে সাথে এবং টুর্নামেন্ট যত এগোবে পিচগুলি ধীর হতে থাকবে এবং ভালো স্পিনার থাকা দলগুলি তখন ভাল করবে।
চোপড়া মনে করেন সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, যুজবেন্দ্র চাহাল এবং রবিচন্দ্রন অশ্বিনের মতো স্পিনাররা কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) এবং রাজস্থান রয়্যালসকে (আরআর) ধীরগতির পিচে আরও বিপজ্জনক করে তুলবে। তিনি বলেন, “(টুর্নামেন্টের পরবর্তী পর্যায়ে কে ভালো করবে সে সম্পর্কে জিজ্ঞাসা করা হলে) যাদের ভালো স্পিনার আছে। কলকাতা, এমনকি রাজস্থানও কারণ তাদের দুজন ভারতীয় স্পিনার আছে। আমি মনে করি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরেও ওয়ানিন্দু হাসারাঙ্গা এবং হর্ষল প্যাটেলরা সুবিধা পাবে।”