বিরাটের ক্রিকেটের প্রতি ভালবাসা ও জয়ের মানসিকতায় মুগ্ধ সিদ্ধার্থ কৌল
আপডেট করা - Apr 4, 2022 9:03 pm

এবারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কোচের পদে নেই বিরাট কোহলি। অধিনায়কত্বের চাপ সরিয়ে রেখে ফের নিজের ছন্দে ফিরতে মরিয়া বিরাট কোহলি। আর সএই সময়ই বিরাটের প্রশংসায় পঞ্চমুখ আরবিসিতে তাঁরই সতীর্থ সিদ্ধার্থ কৌল। বিরাট কোহলির ক্রিকেটের কতটা ভালবাসা রয়েছে এবং তিনি সব ম্যাচই জয়ের মানসিকতা নিয়ে খেলেন, সেটাই এবার জানালেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আরেক তারকা সিদ্ধার্থ কৌল। রয়্যাল চ্যালেঞ্জার্সের অনুর্ধ্ব-১৯ ক্রিকেটার অনীশ গৌতমও যে তাঁর থেকে নানান পরামর্শ পাবেন, সে ব্যপারে আশাবাদী সিদ্ধার্থ।
২০০৮ সালে বিরাট কোহলির নেতৃত্বে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিল ভারতীয় দল। আর সেই দলেই প্রাক্তন ভারত অধিনায়কের সতীর্থ ছিলেন সিদ্ধার্থ কৌল। সেখানেই বিরাট কোহলিকে অনেক কাছ থেকে দেখার সুযোগ পেয়েছিলেন সিদ্ধার্থ। আর তখন থেকেই বিরাটের মধ্যে জয় পাওয়ার খিদেটা কতটা রয়েছে, সেটা বুঝতে পেরেছিলেন সিদ্ধার্থ কৌল। আরসিবির ম্যাচে নামার আগে তাঁরই প্রশংসায় সিদ্ধার্থ কৌল।
এবারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে রয়েছেন ভারতের অনুর্ধ্ব-১৯ দলের ক্রিকেটার অনীশ গৌতম। মাঠে নামার সুযোগ তিনি পাক বা না পাক, বিরাটের থেকে যে এই তরুণ ক্রিকেটার নানান পরামর্শ পাবেন, সে ব্যপারে যথেষ্ট আশাবাদী সিদ্ধার্থ কৌল। জুনিয়র ক্রিকেটাররা বিরাট কোহলির থেকে পরামর্শ পেয়ে উপকৃত হবেন বলেই মনে করেন তিনি।
অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতী দলে বিরাট কোহলির সতীর্থ ছিলেন সিদ্ধার্থ কৌল
আরসিবির সোশ্যাল সাইটে এই প্রসঙ্গে সিদ্ধার্থ কৌল জানিয়েছেন, “বিরাট কোহলি অবশ্যই সেই সমস্ত জিনিস ভাগ করে নেবেন যা তিনি নিজের অনুর্ধ্ব-১৯ ক্রিকেটার জীবন থেকে এগোনের সঙ্গে সঙ্গে বদলেছেন। তাঁর কঠিন ফিটনেস ট্রেনিংয়ের সঙ্গে তিনি নিজেকে দিনের পর দিন তৈর করে গিয়েছেন। বিশ্ব ক্রিকেটের সকলেই জানেন বিরাট কোহলি নিজের কাজের প্রতি কতটা একাগ্র এবং ফিটনেস বজায় রাখতে কতটা মরিয়া তিনি। আর মাঠে নামলে তাঁর শুধু একটাই লক্ষ্য থাকে ম্যাচ জেতার। আর ক্রিকেটের প্রতি তাঁর ভালবাসার কথা সকলেই জানেন। আমি মনে করি তিনি নিজের সম্পূর্ণ অভিজ্ঞতা দিয়েই গাইড করবেন”।
সিদ্ধার্থ কৌল মনে করেন অনীশ গৌতম বিরাট কোহলি, ইশান কিষাণদের সঙ্গ পেলে খুব তাড়াতাড়িই কেরিয়ারে উন্নতি করবেন। কারণ তারা সকলেই অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকে উঠেছেন এবং সকলেই নিজেদের ক্ষেত্রে সাফল্য পেয়েছেন। বিরাট কোহলিকে দেখে আপ্লুত তাঁরই সতীর্থ সিদ্ধার্থ কৌল।