“আফগানিস্তানের হয়ে না খেললে কেউ চিনত না” – দেশ বনাম ফ্র্যাঞ্চাইজি বিতর্কে পক্ষ বাছলেন রশিদ খান
রশিদ খান বলেছেন দেশের প্রতি দায়বদ্ধতার সামনে অন্য কোন কিছু আসে না
আপডেট করা - Apr 4, 2022 7:45 pm

আফগানিস্তানের তারকা লেগ-স্পিনার রশিদ খান ২০১৫ সালে প্রথমবার মাঠে নামার পর থেকেই তাঁর অনন্য বোলিং ক্ষমতা দিয়ে সবাইকে মুগ্ধ করতে সক্ষম হয়েছেন। বিশ্বের সেরা ব্যাটারদের কুপোকাত করার পাশাপাশি, রশিদ ব্যাটিংক্রমের নীচের দিকে নেমে ডেথ ওভারে তাঁর পাওয়ার হিটিংয়ের ক্ষমতার জন্যও পরিচিত।
সম্প্রতি, ২৩ বছর বয়সী ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে অগ্রাধিকার দেওয়ার এবং জাতীয় দলকে যথাযথ গুরুত্ব দেওয়ার বিষয়ে তাঁর অবস্থান স্পষ্ট করেছেন। উল্লেখ্য যে রশিদ খান সারা বিশ্বে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলেন কিন্তু, তিনি স্বীকার করেছেন যে তাঁর দেশ আফগানিস্তান তাকে খ্যাতি এবং পরিচিতি দিয়েছে এবং তাই, দেশের হয়ে খেলার ক্ষেত্রে তিনি কোনো আপস করবেন না।
রশিদ খান বলেছেন, আমি প্রথমে আফগানিস্তানের প্রতিনিধিত্ব করে বিভিন্ন লিগে সুযোগ পেয়েছি
“আমি প্রথমে আফগানিস্তানের প্রতিনিধিত্ব করে বিভিন্ন লিগে সুযোগ পেয়েছি। তাই দেশই আমার কাছে সবার আগে। আপনি জীবনে যাই করুন না কেন, আপনি কখনই আপনার দেশকে ভুলতে পারবেন না”, নিউজ ১৮-এর সঙ্গে কথা বলার সময় রশিদ খান বলেছিলেন।
“যখনই দেশ বা ক্লাবের মধ্যে একটিকে বেছে নিতে হয়, আমার তা নিয়ে কোন বিভ্রান্তি থাকে না। আমি আফগানিস্তানের হয়ে না খেললে আমাকে কেউ চিনত না। আমার দেশ আফগানিস্তান আমাকে সব দিয়েছে। যখন আপনার দেশের আপনার প্রয়োজন হয় এবং আপনি যদি এগিয়ে না আসেন তবে সেটি ন্যায়সঙ্গত হয় না। এবং সবাই জানে দেশের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার জায়গায় কোন কিছু আসতে পারে না,” তিনি যোগ করেন।
ফেব্রুয়ারীতে, মুলতান সুলতানস এবং লাহোর কালান্দার্সের মধ্যে পিএসএল ২০২২-এর ফাইনাল ছিল যেখানে তিনি লাহোর দলের অংশ ছিলেন। একই সময়ে বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের খেলা চলছিল। লেগ-স্পিনার পিএসএল ফাইনাল না খেলে দেশের হয়ে খেলার সিদ্দান্ত নিয়েছিলেন। তিনি বর্তমানে আইপিএল ২০২২-এ গুজরাত টাইটান্সের প্রতিনিধিত্ব করছেন।
দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ডের অনেক খেলোয়াড় চলমান আইপিএলে অংশগ্রহণের জন্য জাতীয় দায়িত্ব এড়িয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার পরে দেশ ও ফ্র্যাঞ্চাইজি সম্পর্কিত বিতর্কটি আবার মাথা চাড়া দিয়ে উঠেছিল। দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড উভয় দলই যথাক্রমে বাংলাদেশ এবং নেদারল্যান্ডসের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজে নতুন এবং অনভিজ্ঞ খেলোয়াড়দের নিয়ে মাঠে নেমেছে।
উভয় পক্ষের প্রধান খেলোয়াড়রা আইপিএল ২০২২-এ অংশ নিচ্ছে যাদের মধ্যে রয়েছে কাগিসো রাবাডা, মার্কো য়্যানসেন, এইডেন মার্করাম, লুঙ্গি ঙ্গিডি, রাসি ফান ডার ডাসেন, কেন উইলিয়ামসন, ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, গ্লেন ফিলিপস প্রমুখরা।