মুম্বই ইন্ডিয়ান্সকে হাল্কা ভাবে নিতে নারাজ ব্রেন্ডন ম্যাকালাম, জসপ্রীত বুমরাহকে নিয়েই সতর্ক নাইট শিবির

Brendon McCullum
Brendon McCullum. (Photo Source: IPL/BCCI)

আইপিএলে তিন ম্যাচের মধ্যে দুটিতে জিতে লিগ টেবিলে ওপরের দিকে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। কিন্তু এবার তাদের সামনে কঠিন চ্যালেঞ্জ। আগামী ৬ এপ্রিল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামবে কলকাতার নাইটরা। পরিসংখ্যানে মু্ম্বই ইন্ডিয়ান্সের থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। যদিও ম্যাচে নামার আগে সেইসব কথা মাথায় রাখছে না কলকাতা নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্ট। বরং তাদের চোখে এখন থেকেই রয়েছেন জসপ্রীত বুমরাহ।

এখনও পর্যন্ত মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে ২৯ বার মুখোমুখি রয়েছে কলকাতা নাইট রাইডার্স। সেখানে মাত্র ৭ বার মুম্বই ইন্ডিয়ান্সকে হারাতে পেরেছে কলকাতা নাইট রাইডার্স। আর মুম্বই ইন্ডিয়ান্স কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ২২টি ম্যাচে জয় পেয়েছে। সেইসমস্ত হিসাব মাথায় রেখেই এবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ছক সাজাচ্ছেন ব্রেন্ডন ম্যাকালাম, ডেভিড হাসিরা। আর সেই লক্ষ্যেই তাদের চোখ রয়েছে জসপ্রীত বুমরার দিকে। ম্যাচ হতে এখনও বাকি রয়েছে বেশ কয়েকটা দিন। কিন্তু বুমরাহকে নিয়ে এখন থেকেই ছক কষতে শুরু করে দিয়েছেন তারা।

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে শেষ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স জিততে পারেনি ঠিকই, কিন্তু সেখানে বল হাতে জসপ্রীত বুমরাহ নিজের দক্ষতা প্রমাণ করেছিলেন। একত ওভারে তিন উইকেট ফেলে রাজস্থানকে ২০০ রানের গন্ডী টপকানো থেকে আটকে দিয়েছিলেন তিনি। আর এই বুমরাহ যে যেকোনও সময় ম্যাচের মোর ঘুরিয়ে দিতে পারেন, সেটাও ভালভাবে জানেন ব্রেন্ডন ম্যাকালাম।

জসপ্রীত বুমরাহকে নিয়ে বাড়তি সতর্ক ব্রেন্ডন ম্যাকালাম

এদিন সাংবাদিক সম্মেলনে সেটাই উঠে এল ব্রেন্ডন ম্যাকালামের মুখে। তিনি জানিয়েছেন, “বুমরা … বুমরা, তিনি সত্যিই দুর্ধর্ষ একজন বোলার। শুধু তাই নয় মুম্বই ইন্ডিয়ান্সের নেতৃত্ব থেকে সাপোর্ট স্টাফ এবং ম্যানেজমেন্ট সবই সেরা। পরপর দুটো ম্যাচ তারা হেরেছে, তাই এই মুহূর্তে একটু চাপে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। তবে আমরা আশা করছি এই ম্যাচেও সবকিছু ভালই হবে। আমাদের ধৈর্য ধরে এবং মাথা ঠান্ডা রেখেই খেলতে হবে এই ম্যাচ”।

এবারের আইপিএলে এখনও পর্যন্ত দুর্ধর্ষ ফিল্ডিংয়ের প্রদর্শন করেছে কলকাতা নাইট রাইডার্স। এখনও পর্যন্ত একটি মাত্র ক্যাচ মিস করেছে নাইট রাইডার্স। সেই সাফল্যের পিছনে প্রধান কারণ কী সেটাই জানালেন ডেভিড হাসি। তিনি বলেন, “আমাদের ফিল্ডিং কোচ জন ফস্টার একজন অন্যতম সেরা ফিল্ডিং কোচ। তাঁর তত্ত্বাবধানেই ক্রিকেটাররা যেমন ফিল্ডিং অনুশীলন করছেন তেমনই ক্যাচ প্রস্তুতিও সারছেন”।

আইপিএলের পরিসংখ্যানের বিচারে মুম্বইয়ের থেকে পিছিয়ে নাইট রাইডার্স

কয়েকদিন আগেই নাইট শিবিরে যোগ দিয়েছেন প্যাট কামিন্স। সবকিছু ঠিকঠাক চললে আগামী ৬ এপ্রিল থেকেই হয়ত নাইটদের জার্সিতে নেমে পড়বেন তিনি। আর সেটা কলকাতা শিবিরের কাছে বাড়তি পাওনা হতেই পারে। সেইসঙ্গে আত্মবিশ্বাসও যোগাচ্ছে তাদের। এই প্রসঙ্গে ম্যাকালাম জানিয়েছেন, “অবশ্যই তিনি নামতে পারেন। প্যাট কামিন্স দলের সঙ্গে যোগ দেওয়ায় আমরা এখন যথেষ্ট আশাবাদী। এই প্রতিযোগিতাতে তিনি আগেও দুর্ধর্ষ পারফরম্যান্স প্রদর্শন করেছেন। তাঁর নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতাও এখানে কাজে লাগবে”।

আগামী ৬ এপ্রিল আইপিএলের মেগা ডুয়েলে মুখোমুখি হবে দুই দল। নাইট রাইডার্স তাদের পরিসংখ্যান বদলায় নাকি, মুম্বই ইন্ডিয়ান্স নাইটদের বিরুদ্ধে জয়ের মুখ খুলতে পারে কিনা, তারই অপেক্ষায় সকলে।

close whatsapp