১৯৩ রান তাড়া করা উচিত ছিল, পরপর দুই ম্যাচ হেরে আফশোস রোহিতের

জসপ্রীত বুমরাহ, তিলক ভার্মা, ঈশান কিষাণের পারফর্ম্যান্সে খুশি এমআই অধিনায়ক

Rohit Sharma
Rohit Sharma. (Photo Source: IPL/BCCI)

পরপর দুই ম্যাচে হার দিয়ে শুরু করলো আইপিএলের পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। তাদের অধিনায়ক রোহিত শর্মা স্পষ্টতই ফলাফল নিয়ে খুশি ছিলেন না এবং তিনি মনে করেন, রাজস্থান রয়্যালসের বিপক্ষে তাঁর দলের ১৯৪ রানের লক্ষ্য তাড়া করা উচিত ছিল। বাস্তবে যদিও টার্গেটের চেয়ে অনেক আগেই থামতে হয় মুম্বইকে।

এমআই নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭০ রান তোলে। আগের ম্যাচের মতো এই ম্যাচেও মুম্বইয়ের একাদশে সূর্যকুমার যাদব অনুপস্থিত ছিলেন। যদিও আশা করা হয়েছিল চোট সারিয়ে তিনি প্রথম এগারোয় প্রবেশ করবেন। তবে, অধিনায়ক রোহিত বলেছেন যে হাতের চোট থেকে পুরোপুরি সেরে না উঠলে টিম ম্যানেজমেন্ট তাঁকে খেলার ঝুঁকি নেবে না। 

তিলক অসাধারণ ব্যাটিং করেছেন, বলেছেন রোহিত 

“আমি ভেবেছিলাম তারা ভালো ব্যাটিং করে ১৯৩ রানে পৌঁছেছিল। বাটলার একটি ব্যতিক্রমী ইনিংস খেলেছিলেন, আমরা তাঁকে আউট করার জন্য আমাদের যথাসাধ্য চেষ্টা করেছিলাম। কিন্তু আমি ভেবেছিলাম সেই পিচে ১৯৩ রান তাড়া করা যেতে পারত, বিশেষ করে যখন আমাদের ৭ ওভারে ৭০ রানের প্রয়োজন ছিল। কিন্তু এই জিনিসগুলি ঘটতে পারে এবং এখন সবে লিগের শুরুর দিনগুলি। আমরা এখান থেকে শিখতে পারি,” ম্যাচ-পরবর্তী উপস্থাপনা অনুষ্ঠানে রোহিত বলেছিলেন।

মুম্বই যখন ব্যাটিং করতে নামে তখন শুরুতেই রোহিত ও আনমোলপ্রীত সিংয়ের উইকেট হারালেও তৃতীয় উইকেটে ঈশান কিষাণ ও তিলক ভার্মা ৮১ রানের পার্টনারশিপ গড়ে তোলেন এবং সেই পার্টনারশিপ মুম্বইকে জয়ের আশা দেখিয়েছিল। ঈশান ৫টি চার ও ১টি ছয়ের সাহায্যে ৪৩ বলে ৫৪ রান করেন এবং তিলক ভার্মা ৩টি চার ও ৫টি ছয়ের সাহায্যে ৩৩ বলে ৬১ রান করেন।

রোহিত গলাতেও দলের ইতিবাচক পারফর্ম্যান্সের কথা উঠে এলো। “বুমরাহ ভালো বোলিং করেছেন। পাশাপাশি মিলস। আর তিলক অসাধারণ ব্যাটিং করেছেন। সঙ্গে ঈশানের ব্যাটিং দুর্দান্ত ছিল। আমি ভেবেছিলাম এই দুজনের মধ্যে একজন শেষ পর্যন্ত ব্যাটিং করলে তারাই পার্থক্য গড়ে দিতে পারবে।” 

পরের ম্যাচ থেকেই সূর্যকুমার যাদবকে পাওয়ার ব্যাপারে খুব একটা আশাবাদী শোনায়নি অধিনায়ককে। “তিনি আমাদের জন্য একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। একবার তিনি ফিট হয়ে গেলে, তিনি সরাসরি আমাদের দলে ঢুকবেন কিন্তু আমরা চাই তিনি আঙুলের চোট থেকে দ্রুত সেরে উঠুন।”

close whatsapp