“নিরাপদে থাকুন” – শেলডন জ্যাকসনের জন্য চিন্তিত যুবরাজ সিংয়ের টুইট; প্রত্যুত্তর নাইট কিপারের

রবিন উথাপ্পাকে স্টাম্প আউট করে ইতোমধ্যেই নজর কেড়েছেন শেলডন

Sheldon Jackson
Sheldon Jackson. (Photo Source: Twitter)

কলকাতা নাইট রাইডার্সের উইকেটকিপার শেলডন জ্যাকসন তাদের মরসুমের উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংসের রবিন উথাপ্পাকে স্টাম্প করে সবার দৃষ্টি আকর্ষণ করেছিলেন। কেকেআর ২০২২ আইপিএল মরসুমের প্রথম খেলায় সিএসকে-এর বিরুদ্ধে নেমেছিল এবং ২৬শে মার্চ, শনিবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে তাদের ছয় উইকেটে পরাজিত করে।

শেলডন জ্যাকসন রবিন উথাপ্পাকে একটি ওয়াইড ডেলিভারিতে যে দ্রুততার সঙ্গে আউট করেছিলেন তা এখন অনেকের নজরেই পড়েছে। উথাপ্পা বরুণ চক্রবর্তীর ডেলিভারির বিরুদ্ধে ক্রিজ ছেড়ে বেরিয়ে এসেছিলেন কিন্তু ব্যাটের সাথে বলের সংযোগ করতে পারেননি। ফলস্বরূপ, জ্যাকসন দ্রুত বলটি সংগ্রহ করেন এবং ক্ষিপ্রতার সঙ্গে বেইল ফেলে দেন। মাত্র আট ওভারে তাদের তৃতীয় উইকেট হারিয়ে সুপার কিংসকে গুরুতর সমস্যায় পড়ে গিয়েছিল।

হেলমেট পরার অনুরোধ শেলডনকে

এই বিশেষ স্টাম্পিংয়ের জন্য, জ্যাকসন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকারের কাছ থেকে প্রশংসা পেয়েছিলেন। টুইটারে প্রতিক্রিয়া জানিয়ে তিনি জ্যাকসনের দুর্দান্ত কাজের প্রশংসা করেছেন। কাজটিকে “অসামান্য” বলে অভিহিত করে তেন্ডুলকার বলেছিলেন যে এই স্টাম্পিংটি তাঁকে কিংবদন্তি এমএস ধোনির কথা মনে করিয়ে দিয়েছে।

এই স্টাম্পিংটি এমনই ছিল যা আরও অনেকের দৃষ্টি আকর্ষণ করেছিল। যুবরাজ সিং যদিও শেলডনের জন্য একটি সতর্কবার্তা দিয়েছেন। টুইট করে শেলডনকে জানিয়েছেন স্পিনারদের সামনে কিপিং করার সময় তাঁকে হেলমেট পরার জন্য অনুরোধ করেছিলেন। “প্রিয় #শেল্ডন জ্যাকসন দয়া করে হেলমেট পরুন যখন আপনি স্পিনারদের সামনে থাকবেন! আপনি অনেক প্রতিভাবান খেলোয়াড় এবং দীর্ঘদিন পর সুবর্ণ সুযোগ পেয়েছেন, নিরাপদে থাকুন!!! এবং শুভকামনা #CSKvKKR #IPL2022”

তাঁর মঙ্গলকামনা করার জন্য যুবরাজকে ধন্যবাদ জানিয়ে জ্যাকসন যুবরাজের টুইটটি রিটুইট করে লিখেছেন, “আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।”

৩৫ বছর বয়সী শেলডন জ্যাকসন কোনো আন্তর্জাতিক ম্যাচে এখনও ভারতের প্রতিনিধিত্ব করেননি। তিনি ঘরোয়া ক্রিকেটে সৌরাষ্ট্রের হয়ে খেলেন এবং তাঁর দলের হয়ে নিয়মিত উইকেটকিপিং করেন। সৈয়দ মুশতাক আলী ট্রফিতে তাঁর পারফরম্যান্স সাম্প্রতিক অতীতে খুবই চিত্তাকর্ষক ছিল। গত ১১ ম্যাচে, তিনি ১৪৭.৮৩ স্ট্রাইক রেটে ৫১৩ রান করেছেন।

কেকেআর তাদের পরবর্তী ম্যাচে আরসিবি-র মুখোমুখি হবে, যা ৩০শে মার্চ, বুধবার, নভি মুম্বাইয়ের ডক্টর ডিওয়াই পাটিল স্টেডিয়ামে হতে চলেছে৷ নতুন অধিনায়ক শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে কেকেআর তাদের পরের ম্যাচে তাদের জয়ী ফর্ম ধরে রাখতে চাইবে। 

close whatsapp