আইপিএলের সাফল্যে গেইল, ডি ভিলিয়ার্স, মালিঙ্গাদের অবদান অসীম, মত প্রাক্তন ক্রিকেটারের

কিংবদন্তীদের কারণে ভারতের তরুণদের উন্নতি হয়েছে বলে মনে করেন তিনি

Chris Gayle
Chris Gayle. (Photo Source: IPL/BCCI)

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ক্রিস গেইল এবং এবি ডি ভিলিয়ার্সের মতো বিদেশি খেলোয়াড়দের অবদানের প্রশংসা করেছেন প্রাক্তন ভারতীয় উইকেটকিপার সাবা করিম। করিম বিশ্বাস করেন এই টি-২০ টুর্নামেন্টের সাফল্যে তাঁরা ব্যাপক প্রভাব ফেলেছেন।

বর্তমানে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে জড়িত সাবা মনে করেন এই বিদেশী তারকারা কেবল তাদের বিশ্বমানের দক্ষতা দিয়েই লিগকে চমকপ্রদ করেননি, বরং অনেক তরুণ ভারতীয় খেলোয়াড়দের মধ্য থেকেও সেরাটা বার করে এনেছেন। করিমের মতে, তরুণ দেশীয় খেলোয়াড়রা এই ধরনের তারকাদের সাথে ড্রেসিংরুম ভাগ করে অনেক আত্মবিশ্বাস অর্জন করেছে। 

ড্রেসিংরুমের খোলামেলা পরিবেশ দেশীয়দের সাহায্য করেছে, মনে করেন সাবা করিম

ইউটিউব পডকাস্ট ‘খেলনীতি’-তে কথা বলার সময়, সাবা করিম আইপিএলে বিদেশী তারকাদের প্রভাব সম্পর্কে বলেছেন, “বিদেশী খেলোয়াড়রা আইপিএলে তাদের পারফরম্যান্স দিয়ে যে স্তর, দক্ষতা এবং মেজাজ এনেছে তা ভারতীয় খেলোয়াড়দের এবং দলের পরিবেশকে সাহায্য করেছে। মালিঙ্গা, ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্স, ব্রেন্ডন ম্যাককালামের মতো কিংবদন্তিরা আমাদের তরুণদের অনেক কিছু শিখিয়েছে।”

এই তারকাদের সাথে খেলা কীভাবে ভারতীয় খেলোয়াড়দের আন্তর্জাতিক মঞ্চের জন্য প্রস্তুত হতে সাহায্য করেছিল সেই প্রসঙ্গে করিম বলেছেন, “ড্রেসিংরুমে অনেক খোলামেলা পরিবেশ রয়েছে যা দেশীয় খেলোয়াড়দের অনেক সাহায্য করেছে। লিগের মান বৃদ্ধি পেয়েছে এবং ভারতীয় খেলোয়াড়রা বিদেশী খেলোয়াড়দের সাথে এবং তাদের বিপক্ষে খেলার জন্য আত্মবিশ্বাস পেয়েছে। তাই আইপিএলের সাফল্যে তাদের প্রচুর অবদান রয়েছে।”

প্রাক্তন ভারতীয় অফ-স্পিনার নিখিল চোপড়াও সাবা করিমের সঙ্গে একমত। ক্রিস গেইলের মতো বিদেশী তারকারা আইপিএলকে প্রভাবিত করেছে তা তিনিও মনে করেন। বিশাল ছক্কা মারার ক্ষমতার কারণে গেইল ভক্তদের প্রিয় হয়ে উঠেছেন এবং নিখিল মনে করেন এই কারণেই তিনি ‘ইউনিভার্স বস’ নামটি পেয়েছেন।

তিনি ‘খেলনীতি’ পডকাস্টে বলেছেন, “ক্রিস গেইল তার ইচ্ছামতো ফাস্ট বোলারদের বলে ছক্কা মারার ক্ষমতা রাখত। তাই সে ভক্তদের কাছে একটি পরিচিত নাম হয়ে ওঠে। টি-টোয়েন্টি ক্রিকেটে এমনটা দেখে সবাই অবাক হয়ে যায়। সে যেভাবে ব্যাট করত, তাতে সহজেই ১৫০-১৬০ স্ট্রাইক-রেট বজায় রাখত। তাই ধারাবাহিকভাবে ছক্কা মারার ক্ষমতা গেইলকে ‘ইউনিভার্স বস’ তকমা দিয়েছে।”

ডি ভিলিয়ার্স এবং গেইলের মতো তারকাদের ছাড়া, আইপিএল ২০২২ সমর্থকদের জন্য অবশ্যই আলাদা একটি অনুভূতি নিয়ে আসবে।  

close whatsapp