অশ্বিন ফিট না থাকলে টিম ইন্ডিয়া কাকে খেলাবে, শঙ্কা প্রকাশ করলেন প্রাক্তন ভারতীয় স্পিনার
স্কোয়াডে যদিও স্পিন-বোলিং বিকল্প হিসেবে কুলদীপ, জয়ন্ত, সৌরভরা রয়েছেন
আপডেট করা - Mar 3, 2022 11:38 am

ভারত ও শ্রীলঙ্কার মধ্যে প্রথম টেস্টের আগে রবিচন্দ্রন অশ্বিনের ফিটনেস নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রাক্তন স্পিনার প্রজ্ঞান ওঝা। অভিজ্ঞ অফ-স্পিনার স্কোয়াডের অংশ, তবে দক্ষিণ আফ্রিকা সফরের পরে চোট পাওয়ায় আসন্ন সিরিজে তাঁর অংশগ্রহণ প্রশ্নের মুখে।
অশ্বিন টিম ইন্ডিয়ার স্পিন আক্রমণের অবিচ্ছেদ্য অংশ, বিশেষ করে ঘরের মাঠের টেস্টে। সম্প্রতি নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে ঘরের মাঠে ৩০০তম উইকেট শিকার করেছিলেন তিনি। অজানা চোট অশ্বিনের সাদা বলের প্রত্যাবর্তন খুবই কম সময়ের জন্য স্থায়ী করে। চোটের কারণে এক মাসেরও বেশী সময় মাঠের বাইরে থাকায় অশ্বিন ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার বিপক্ষে সাদা বলের সিরিজগুলি থেকে বাদ পড়েছিলেন।
অশ্বিন না খেলতে পারলে তাঁর পরিবর্ত খোঁজা সমস্যাজনক মনে করে ওঝা ক্রিকবাজে বলেছেন, “ভারতের বোলিং ইউনিট সাধারণত একটি সুন্দর স্থায়ী বিভাগ। তবে অশ্বিনের ফিটনেস নিয়ে প্রশ্ন থেকে যায়। আপনি যদি স্কোয়াড দেখেন, আমি মনে করি বুমরাহ খেলবেন, আমি মনে করি সিরাজও সুযোগ পেতে পারেন। আমার প্রধান উদ্বেগ অশ্বিনের ফিটনেস নিয়ে।”
সাবেক বাঁহাতি স্পিনার যোগ করেছেন, “আপনি যখন ভারতে খেলবেন, এখানে অশ্বিন যেভাবে বোলিং করেছেন, তাঁর অনুপস্থিতি একটি বড় ফ্যাক্টর প্রমাণিত হতে পারে। যদি সে ফিট থাকে, তাহলে ভালো কিন্তু যদি সে না থাকে, তা হলে তাঁর পরিবর্তে টিম ইন্ডিয়া কাকে খেলাবে? এটা নিয়ে ভাবতে হবে।”
ম্যানেজমেন্ট রবীন্দ্র জাডেজাকে একাদশে ফেরাতে পারে। দ্বিতীয় স্পিনারের জায়গার জন্য কুলদীপ যাদব, জয়ন্ত যাদব এবং সৌরভ কুমারের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে, এমনকি তৃতীয় স্পিনারও বেছে নেওয়া হতে পারে। ব্যাটিং ইউনিটে হনুমা বিহারীর প্রত্যাবর্তন হতে পারে।
মায়াঙ্ক আগরওয়ালের ফর্ম নিয়ে উদ্বিগ্ন পার্থিব প্যাটেল
টিম ইন্ডিয়া ২০১২ সালের পর প্রথমবারের জন্য চেতেশ্বর পূজারা এবং অজিঙ্কা রাহানের অভিজ্ঞ জুটি ছাড়াই টেস্টে নামবে। তাদের দীর্ঘস্থায়ী অফ ফর্মের কারণে নির্বাচক কমিটি মিডল অর্ডারে অন্য বিকল্প সন্ধান করতে বাধ্য হয়েছে।
পার্থিব প্যাটেলের মতে, হনুমা বিহারী এবং শ্রেয়াস আইয়ারকে ৩ ও ৫ নম্বরে ব্যাটিং করতে দেখা যেতে পারে। তিনি বলেছেন, “চেতেশ্বর পূজারা এবং অজিঙ্কা রাহানে দলে নেই, এটি প্রত্যাশিত ছিল। তবে, আমি মনে করি আমরা গিল, বিহারী এবং আইয়ারের মধ্যে দুজনকে একাদশে দেখতে পারব।”
পার্থিব যোগ করেছেন, “আমার মনে হয় বিহারী এবং আইয়ারকে একাদশে জায়গা দেওয়া হবে। আরেকটি উদ্বেগের বিষয় হল মায়াঙ্ক আগরওয়ালের ফর্ম, দক্ষিণ আফ্রিকায় তাঁর ভালো সিরিজ ছিল না।”
ভালো ঘরোয়া রেকর্ডের জন্য জাতীয় দলে সুযোগ দিয়ে খেলোয়াড়দের পুরস্কৃত করায় নির্বাচক কমিটির প্রশংসা করে তিনি বলেন, “সৌরভ কুমার, প্রিয়াঙ্ক পাঞ্চালের মতো যারা ঘরোয়া সার্কিটে ভাল করেছে তাদের জাতীয় দলে দেখে ভালো লাগছে। এমনকি কেএস ভরতও রঞ্জি ট্রফি থেকে উঠে এসেছে।
স্কোয়াডে ঋদ্ধিমান সাহা না থাকায় কেএস ভরতের সামনে সুযোগ দ্বিতীয় উইকেটকিপার হিসেবে নিজেকে প্রমাণ করার।