পাঞ্জাব কিংসের অধিনায়ক হিসেবে নির্বাচিত মায়াঙ্ক আগরওয়াল

দায়িত্ব গ্রহণ করে তিনি জানিয়েছেন তিনি আনন্দিত এবং দলকে সাফল্য এনে দিতে মুখিয়ে আছেন

Mayank Agarwal
Mayank Agarwal. (Photo Source: IPL/BCCI)

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৫ম সংস্করণের আগে মায়াঙ্ক আগরওয়ালকে পাঞ্জাব কিংসের অধিনায়ক হিসাবে নিয়োগ করা হয়েছে। ২৬শে মার্চ থেকে শুরু হতে চলেছে এবারের আইপিএল৷ ফ্র্যাঞ্চাইজিটি ২৮শে ফেব্রুয়ারি তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলির মাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা করেছে৷ 

এর আগে কেএল রাহুলের সহকারী হিসাবে দায়িত্ব পালন করা আগরওয়ালকে নিলামের আগেই ধরে রেখেছিল প্রীতি জিন্টার আংশিক মালিকানাধীন দলটি। মেগা নিলামের পরও ফ্র্যাঞ্চাইজিটি যখন কোন অধিনায়কের নাম ঘোষণা করেনি তখন মায়াঙ্কের সাথে সাথে আরও বেশ কিছু খেলোয়াড়কে এই পদের দাবিদার হিসেবে মনে করা হচ্ছিল। 

এদিকে, তরুণ পেসার অর্শদীপ সিংয়ের সঙ্গে কেবল মায়াঙ্ককেই ধরে রেখেছিল পাঞ্জাব কিংস। দশটি দলের মধ্যে সবচেয়ে বেশী অর্থ নিয়ে নিলামে নামা কিংস নিলাম থেকে বেশ কিছু তারকাকে কিনতে সক্ষম হয়। তাদের মধ্যে উল্লেখযোগ্য শিখর ধাওয়ান, জনি বেয়ারস্টো, লিয়াম লিভিংস্টোন, কাগিসো রাবাডা। শাহরুখ খান এবং রাহুল চাহারের মতো তরুণদের জন্যও বিনিয়োগ করে দলটি।

২০১১ সাল থেকে এই লিগের একটি অংশ থাকা মায়াঙ্ক দিল্লি ডেয়ারডেভিলস (বর্তমানে দিল্লি ক্যাপিটালস) এবং রাইজিং পুনে সুপারজায়ান্টসের প্রতিনিধিত্ব করেছন। ২০১৮ সাল থেকে পাঞ্জাব-ভিত্তিক ফ্র্যাঞ্চাইজির সাথে জড়িত তিনি। তাঁর ১০০ ম্যাচের আইপিএল কেরিয়ারে তিনি ২১৩৫ রান সংগ্রহ করেছেন ২৩.৪৬ গড় এবং ১৩৫.৭৩ স্ট্রাইক রেটে।

আমি অত্যন্ত আন্তরিকতার সাথে এই দায়িত্ব গ্রহণ করছি: মায়াঙ্ক আগরওয়াল

দায়িত্ব পাওয়ার পরে, আগরওয়াল স্বীকার করেছেন যে তিনি “আনন্দিত” এবং “অত্যন্ত আন্তরিকতার সাথে” সুযোগটি গ্রহণ করবেন।

“আমি ২০১৮ সাল থেকে পাঞ্জাব কিংসে আছি এবং এই দুর্দান্ত স্কোয়াডের প্রতিনিধিত্ব করার জন্য আমি অনেক গর্বিত। দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে আমি আনন্দিত। আমি অত্যন্ত আন্তরিকতার সাথে এই দায়িত্বটি গ্রহণ করি, কিন্তু একই সাথে, আমি বিশ্বাস করি যে এই মরসুমে পাঞ্জাব কিংস স্কোয়াডে আমাদের যে প্রতিভা রয়েছে তা দিয়ে আমার কাজ আরও সহজ হবে,” তাঁকে পাঞ্জাব কিংসের অফিসিয়াল ওয়েবসাইটে উদ্ধৃত করা হয়েছে।

“আমাদের স্কোয়াডে বেশ কিছু অভিজ্ঞ খেলোয়াড় রয়েছে, সাথে অনেক প্রতিভাবান তরুণ রয়েছে যারা সুযোগ পেতে আগ্রহী। আমরা সবসময় শিরোপা জয়ের আশায় মাঠে নেমেছি এবং একটি দল হিসেবে আমরা আবারও আমাদের প্রথম আইপিএল ট্রফি তুলে নেওয়ার লক্ষ্যে কাজ করব। আমি টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাই আমাকে দলের নেতৃত্ব দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। আমি নতুন মরসুমের অপেক্ষায় রয়েছি,” তিনি যোগ করেছেন। 

close whatsapp