দুজনের সংঘাতে নতুন বাঁক, এবার ইনস্টাগামে সৌরভকে ‘আনফলো’ করলেন কোহলি

কয়েক দিন আগে আরসিবি ও ডিসির ম্যাচে কোহলির সঙ্গে হাত না মিলিয়ে এগিয়ে যান সৌরভ

Virat Kohli and Sourav Ganguly
Virat Kohli and Sourav Ganguly. (Photo by Nishal Lama/NurPhoto via Getty Images and Harry Trump – ICC/ICC via Getty Images)

প্রাক্তন ভারতীয় অধিনায়ক এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি) ব্যাটার বিরাট কোহলি ইনস্টাগ্রামে প্রাক্তন বিসিসিআই সভাপতি এবং দিল্লি ক্যাপিটালস (ডিসি)-এর বর্তমান পরামর্শদাতা সৌরভ গাঙ্গুলীকে আনফলো করেছেন বলে জানা গেছে। সম্প্রতি দুজনের করমর্দন না করার একটি ভিডিও ভাইরাল হওয়ার পরে এই ঘটনা ঘটেছে। ১৫ই এপ্রিল, শনিবার, ডিসির বিরুদ্ধে আরসিবির ম্যাচ শেষ হওয়ার পরে কোহলির সঙ্গে হাত না মিলিয়েই এগিয়ে যান সৌরভ।

ম্যাচটিতে আরসিবি ডিসিকে ২৩ রানে পরাজিত করেছিল এবং এর ফলে ডিসি চলমান টুর্নামেন্টে তাদের টানা পঞ্চম পরাজয়ের সম্মুখীন হয়েছিল। ম্যাচের শেষে খেলোয়াড় ও কোচিং স্টাফদের মধ্যে যখন করমর্দন চলছিল, তখন কোহলি এবং পন্টিং কয়েক সেকেন্ডের জন্য থেমে কথা বলছিলেন এবং পন্টিংয়ের পিছনে দাঁড়িয়ে থাকা সৌরভ তখন এগিয়ে গিয়ে কোহলির পিছনে থাকা খেলোয়াড়দের সঙ্গে করমর্দন করতে গিয়েছিলেন।

cricketcountry.com-এর মতে, ইনস্টাগ্রামে কোহলি যে ব্যক্তিদের অনুসরণ করেন, সেই তালিকায় সৌরভের নাম নেই। অন্যদিকে, সৌরভের অনুসরণ করা ব্যক্তিদের তালিকায় কোহলির নাম রয়েছে।

বিরাট কোহলি ও সৌরভ গাঙ্গুলীর মধ্যে বেশ কয়েক বছর ধরে সুসম্পর্ক নেই

গুজব রটেছিল যে বিরাট কোহলি যখন টিম ইন্ডিয়ার নেতৃত্ব দিচ্ছিলেন এবং সৌরভ গাঙ্গুলী বিসিসিআই সভাপতি ছিলেন তখন বেশ কিছু ক্ষেত্রে তাঁদের মধ্যে মতানৈক্য হয়েছিল। সভাপতি হিসাবে সৌরভের মেয়াদ শেষ হওয়ার আগে বিরাট কোহলির কাছ থেকে অধিনায়কত্বর দায়িত্ব গিয়েছিল রোহিত শর্মার কাছে। অধিনায়ক পরিবর্তনের বিষয়ে সৌরভ বলেছিলেন যে সিদ্ধান্তটি বিসিসিআই ও নির্বাচকরা একসঙ্গে নিয়েছিল।

“এই সিদ্ধান্তটি বিসিসিআই এবং নির্বাচকরা একসঙ্গে নিয়েছে। আসলে, বিসিসিআই টি-টোয়েন্টি অধিনায়কের পদ থেকে সরে না যাওয়ার জন্য বিরাটকে অনুরোধ করেছিল, কিন্তু তিনি রাজি হননি। এবং তখন দুটি সাদা বলের ফর্ম্যাটের জন্য দুটি ভিন্ন অধিনায়ক রাখা ঠিক মনে করেননি নির্বাচকরা,” সৌরভ বলেছিলেন।

তার এক সপ্তাহ পরে কোহলি প্রকাশ করেছিলেন যে তিনি এবং নির্বাচক কমিটি কখনও কথা বলেননি। ২০২১-এর শেষে ভারতের দক্ষিণ আফ্রিকা সফরের সময় একটি প্রেস কনফারেন্সে কোহলি বলেছিলেন, “আমি টি-টোয়েন্টি অধিনায়কত্বের সিদ্ধান্ত ঘোষণা করার পর থেকে ৮ই ডিসেম্বর পর্যন্ত আমার সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি। আমাকে বলা হয়েছিল যে নির্বাচকরা সিদ্ধান্ত নিয়েছে যে আমি ওডিআই অধিনায়ক থাকব না, যার উত্তরে আমি বলেছিলাম, ‘ঠিক আছে।’ আগে থেকে কোনো যোগাযোগ ছিল না।”

close whatsapp