শ্রীলঙ্কা সিরিজে দীপক চাহারের খেলা নিয়ে সংশয়
হ্যামস্ট্রিংয়ের গ্রেড ওয়ান টিয়ার চোটের কারণে ব্যথায় ভুগছেন তিনি
আপডেট করা - Feb 23, 2022 4:38 pm

ভারতীয় ফাস্ট বোলার দীপক চাহার হ্যামস্ট্রিং চোটের কারণে শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন হোম টি-টোয়েন্টি সিরিজ থেকে বাদ পড়তে পারেন। ২০শে ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে বোলিং করার সময় চাহারের ডান দিকের হ্যামস্ট্রিংয়ে টান লাগে। ডানহাতি সিমার ভারতের হয়ে বোলিং শুরু করেন এবং তাঁর প্রথম ও দ্বিতীয়। দুটি ওভারেই উইকেট পান। যদিও তাঁর দ্বিতীয় ওভারের শেষ ডেলিভারি করার সময় তাঁর রান আপে চোট পেয়েব্যথায় তাঁকে মাঠ ছাড়তে হয়েছিল।
যদিও চাহারের চোট কতটা গুরুতর তা নিয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। বোলার যখন মাঠ ছাড়ছিলেন তখন তাঁকে দেখে ভালো মতোই বোঝা যাচ্ছিল তিনি বেশ ভালো মতোই ব্যথায় ভুগছেন। এমনকি মাঠের বাইরে যাওয়ার জন্য তাঁর সহায়তার প্রয়োজন ছিল। সৌভাগ্যবশত চাহারের অনুপস্থিতিতে ভারতকে খুব বেশী ভুগতে হয়নি।
চাহারের বাকি থেকে যাওয়া ২.১ ওভার অলরাউন্ডার ভেঙ্কটেশ আইয়ার সম্পন্ন করেন এবং তিনি ২৩ রান দিয়ে ২ উইকেট পান। শেষ অবধি ভারতের ১৮৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৬৭ রানেই থেমে যায় উইন্ডিজের ইনিংস। ১৭ রানে ম্যাচ জিতে ভারত ৩-০ ব্যবধানে সিরিজ জেতে।
চেন্নাই সুপার কিংসের কপালে ভাঁজ পড়বে
যা শোনা যাচ্ছে সেই অনুযায়ী বলা যায় চাহারের চোটটি গ্রেড ওয়ান টিয়ার। এটি থেকে পুরোপুরি সুস্থ হতে সাধারণত ছয় সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। যদি চাহারের ক্ষেত্রেও এরকম সময়ই লাগে, সেক্ষেত্রে তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অন্তত প্রাথমিক কয়েক সপ্তাহ খেলতে পারবেননা, ইন্ডিয়া টুডে-র একটি প্রতিবেদনে বলা হয়েছে।
সম্প্রতি সমাপ্ত আইপিএল মেগা নিলামে ২৯ বছর বয়সী এই সুইং বোলারকে চেন্নাই সুপার কিংস ১৪ কোটি টাকায় কিনেছে। যদি তিনি দীর্ঘ সময়ের জন্য খেলার বাইরে থাকেন তবে এটি ফ্র্যাঞ্চাইজির পরিকল্পনায় বড় ধাক্কা দিতে পারে।
চাহার ধীরে ধীরে ভারতের টি-২০ দলের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠছেন। ফলে ২৪শে ফেব্রুয়ারি লখনউতে সিরিজের প্রথম ম্যাচে তিনি না থাকলে ভারতের টিম ম্যানেজমেন্টকে তাদের বোলিং বিভাগের কম্বিনেশন সম্বন্ধে নতুন করে পরিকল্পনা করতে হবে। যদিও এই সিরিজে ভারতের টি-২০ স্কোয়াডে প্রত্যাবর্তন হচ্ছে জসপ্রিত বুমরাহ্র। তাঁকে পেলে ভারতের পেস বোলিংকে নিঃসন্দেহে শক্তিশালী দেখাবে।