ডুপ্লেসিই হতে চলেছেন তাদের অধিনায়ক, ইঙ্গিত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তরফে
আপডেট করা - Feb 20, 2022 1:25 pm

আভাসটা আগে থেকেই পাওয়া গিয়েছিল। এবার কার্যত বিরাট পরবর্তী রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক হিসাবে ফাফ ডুপ্লেসিকেই বেছে নিতে চলেছে তারা। অপেক্ষা শুধুই সরকারীভাবে ঘোষণা হওয়ার। আসন্ন আইপিএলে ডুপ্লেসির নেতৃত্বেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে নামতে চলেছেন বিরাট কোহলি। এতদিন জল্পনা চললেও, এবার আরসিবির তরফে একটি ভিডিও থেকে সেই ইঙ্গিতই মিলেছে। অধিনায়ক হিসাবেই ডুপ্লেসিকে নেওয়া হয়েছে তাদের দলে।
গতবার আইপিএলের দ্বিতীয় পর্ব শুরুর আগেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়কত্ব ছাড়ার কথা ঘোষণা করেছিলেন বিরাট কোহলি। ব্যাটিংয়ে বিশেষ মনোযোগ দেওয়ার জন্যই তাঁর এই সিদ্ধান্ত ছিল। এরপর থেকেই চিন্তা বেড়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। মেগা নিলামে তাদের দুটো লক্ষ্য নিয়ে নামতে হয়েছিল। প্রথমত ছিল শক্তিশালী দল গঠন, আরেকটি ছিল অধিনায়ক বেছে নেওয়া। আর সেই লক্ষ্যেই নাকি ফাফ ডুপ্লেসি বেঙ্গালুরুর অন্যতম পছন্দ ছিল।
ডুপ্লেসি অবশ্য একা নন, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পছন্দে ছিলেন শ্রেয়স আইয়ারও। মেগা নিলামের প্রথম দিন থেকেই সেই লড়াইটা শুরু করেছিল বেঙ্গালুরু বাহিনী। কিন্তু শ্রেয়সকে তারা নিতে পারেনি। তবে ফাফ ডুপ্লেসির সময় কোনওরকম ভুল করেনি আরসিবি। প্রায় সাড়ে সাত কোটি টাকায় দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ককেদলে তুলে নেয় তারা। একইসঙ্গে এই তারকাই যে তাদের অধিনায়ক হতে চলেছেন, কারই ইঙ্গিত স্পষ্ট। নিলামের আগে আরসিবির হওয়া একটি বৈঠকের ভিডিও প্রকাশ্যে আসার পর তারই ইঙ্গিত মিলেছে।
বিরাট পরবর্তী অধিনায়ক হিসাবে ডুপ্লেসিকেই পছন্দের ইঙ্গিত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তরফে
যে ভিডিওতে মাইক হেসনকে বলতে শোনাযাচ্ছে যে, “ডুপ্লেসি দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হিসাবে যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছেন। এবারের নিলামে তাঁকে যেমন করেই হোক আমাদের দলে নিতে হবে। সেজন্য আগে থেকেই টাকা বাঁচিয়ে রাখতে হবে, যাতে অন্যদের সঙ্গে লড়াইটা আমরা করতে পারি”।
Every important decision needs preparation, and the think tank planned Faf du Plessis’s auction pick well ahead of the #IPLAuction, considering the experience and the leadership value he brings to the group. Watch to find out how it all unfolded.#PlayBold #WeAreChallengers pic.twitter.com/JpnvWCcT7Y
— Royal Challengers Bengaluru (@RCBTweets) February 20, 2022
আর মাইক হেসনের মুখ থেকে এমন কথা শোনার পর থেকেই একটা জিনিস স্পষ্ট হয়ে গিয়েছে। আসন্ন আইপিএলে বিরাট কোহলির জায়গায় তাদের নতুন অধিনায়ক হিসাবে ডুপ্লেসিকেই দেখা যেতে চলেছে। যদিও এখনই সরকারীভাবে তারা কিছু জানায়নি। কিন্তু হেসনের এই কথা কার্যত গোটা চিত্রটা পরিষ্কার করে দিয়েছে।
মেগা নিলামে ডুপ্লেসির নাম ওঠা মাত্রই তাঁকে নেওয়ার জন্য ঝাঁপিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সকলকে টক্কর দিয়ে শেষপর্যন্ত আরসিবির প্রতিনিধিদের মুখেই ফুটেছিল হাসি। দক্ষিণ আফ্রিকা দলের অধিনায়ক থাকাকালীন বহু কৃতিত্বের স্বাক্ষী ডুপ্লেসি। ক্রিকেটার হিসাবে যেমন নিজের ছাপ রেখেছেন, তেমনই অধিনায়ক হিসাবেও প্রোটিয়াদের বহু ম্যাচ জিতিয়েছেন তিনি।
এমন ক্রিকেটারের কাঁধেই যে তারা দায়িত্ব তুলে দেবেন তা বলার অপেক্ষা রাখে না। দক্ষিণ আফ্রিকার পাশাপাশি চেন্নাই সুপার কিংসেও দক্ষতার সঙ্গে নিজের খেলা চালিয়ে গিয়েছেন ফাফ ডুপ্লেসি। প্রায় এক দশক পর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক বদল হতে চলেছে। নতুন নেতার হাত ধরে বেঙ্গালুরুর ভাগ্য বদলায় কিনা সেটাই এখন দেখার।